চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার সময়সূচিশিক্ষাবান্ধব বর্তমান মহাজোট সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাফল্য অনেক। তাঁর সুযোগ্য নেতৃত্বে বিগত দিনগুলোতে সফলভাবে এসএসসি, এইচএসসিসহ সব পরীক্ষার রুটিন ও পরীক্ষা-প্রক্রিয়া সম্পাদন সর্বমহলে অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে। ফলে শিক্ষা মন্ত্রণালয় একটি অত্যন্ত গতিশীল, যুগোপযোগী আর সবার সুবিধা-অসুবিধা বিবেচনায় নিয়ে ব্যতিক্রমী মন্ত্রণালয়।এবার নভেম্বরে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাভাবিক কারণেই অষ্টম শ্রেণীর পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ছাত্রছাত্রীদের মনে আগ্রহের পাশাপাশি অজানিত আকাঙ্ক্ষাও বিদ্যমান, যা অভিভাবক মহলেও সংক্রমিত হয়েছে। আমরা অভিভাবক মহল আশা করি, পরীক্ষার রুটিন এমনভাবে তৈরি করা হবে, যা সর্বক্ষেত্রে সবার জন্য মঙ্গলজনক হয়। একই দিনে দুটি বিষয়ে পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকলে তা সবার জন্য কল্যাণকর হবে। শিক্ষা মন্ত্রণালয়ের ধারাবাহিক বাস্তবসম্মত অতীত কার্যক্রমের সাফল্যে একটি নতুন পালক যুক্ত হবে। পরিশেষে বাস্তবতার নিরিখে বাংলার অগণিত কোমলমতি ছাত্রছাত্রী, সেই সঙ্গে সম্পৃক্ত অভিভাবক মহলের কথা বিবেচনায় নিয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার রুটিনে দিনে একটি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়ার সবিনয় অনুরোধ জানাচ্ছি। নাসিম রেজা নূরএকজন অভিভাবক, ঢাকা।‘ভাবিতে উচিত ছিল...’৬ জুলাই প্রথম আলোয় সৈয়দ আবুল মকসুদের ‘ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন’ শিরোনামের লেখাটিতে একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়ে সুচিন্তিত মতামত প্রদানের জন্য জন্য লেখককে ধন্যবাদ। সাধারণ মানুষ প্রতিনিয়ত ক্ষমতাশালী ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের স্বেচ্ছাচারী ও অন্যায় আচরণ দেখে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় মনঃকষ্টে থাকে। এমনই একটি আশঙ্কার কথা সৈয়দ আবুল মকসুদ তাঁর লেখায় উল্লেখ করেছেন।স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে বঙ্গবন্ধু তথা আওয়ামী লীগের অবিচ্ছেদ্য সম্পর্ক যেমন সত্য, তেমনি স্বাধীনতা-উত্তর বঙ্গবন্ধু তথা আওয়ামী লীগের দেশ পরিচালনায় প্রশাসনিক ব্যর্থতাও অস্বীকার করার উপায় নেই। স্বাধীনতা-উত্তরকালে আওয়ামী লীগ সঠিক পথে পরিচালিত হলে বাংলাদেশের অবস্থা বর্তমানে অন্য রকম হতো। জাতির পিতাকে সপরিবারে হত্যা, জাতীয় নেতাদের হত্যা, সামরিক শাসন, স্বাধীনতার চেতনা ভূলুণ্ঠিত হওয়া, মৌলবাদী রাজনীতির উত্থান প্রভৃতির জন্য আওয়ামী লীগের ব্যর্থতাকে অনেকাংশে দায়ী করা যায়। আবার পরবর্তীকালে সামরিক স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম, স্বাধীনতার চেতনা পুনঃপ্রতিষ্ঠা, জাতির পিতার খুনিদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ, দেশের আর্থ-সামাজিক সংস্কার ও উন্নয়নের সঙ্গেও আওয়ামী লীগের সফল ভূমিকা আমাদের আশ্বস্ত করে। তাই আওয়ামী লীগের একটি সঠিক সিদ্ধান্ত যেমন বাংলাদেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে, তেমনি একটি ভুল সিদ্ধান্তও অন্ধকার করতে পারে। জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার ও বিচারের প্রক্রিয়াটি এমনই একটি ভুলের জন্ম দিতে পারে। এ ক্ষেত্রে আওয়ামী লীগ সঠিক কাজটি করছে, তবে ভুল পথে। ধর্মীয় মৌলবাদ একটি বিপ্লবী ভাবধারায় পরিচালিত রাজনৈতিক আন্দোলন বা মতবাদ। ধর্মীয় অপব্যাখ্যা ছাড়াও এ মতবাদের পক্ষে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অন্যায়-অবিচারকে অকাট্য যুক্তি হিসেবে দাঁড় করানো হয়। পাশাপাশি বিশ্বে ন্যায়ভিত্তিক রাজনৈতিক মতবাদের শূন্যতা অর্থাৎ গণতন্ত্র ও সমাজতন্ত্রের ব্যর্থতা ধর্মীয় মৌলবাদকে একটি আদর্শিক রূপ প্রদান করে। এ অবস্থায় হাস্যকর ও তুচ্ছ বিষয় দিয়ে জামায়াতের ওপর সাময়িক হামলা চালানো গেলেও মৌলবাদের রাজনৈতিক মতাদর্শকে বিলুপ্ত করা সম্ভব হবে না। বাংলাদেশের সৌভাগ্য যে, এ দেশে ধর্মীয় মৌলবাদের সঙ্গে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতা, যুদ্ধাপরাধ জড়িয়ে আছে। না হলে আন্তর্জাতিক প্রেক্ষাপট ও বাংলাদশের রাজনৈতিক পরিস্থিতিতে ধর্মীয় মৌলবাদের আগ্রাসন থেকে বাংলাদেশকে এত দিন মুক্ত রাখা কঠিন হতো।তাই আওয়ামী লীগকে সুচিন্তিত কর্মপরিকল্পনা নিয়ে রাজনৈতিকভাবে ধর্মীয় মৌলবাদের মোকাবিলা করতে হবে এবং যথোপযুক্ত প্রস্তুতি নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। এ জন্য কিছু ছাড় দিয়ে হলেও প্রধান বিরোধী দল বিএনপিকে সঙ্গে রাখতে হবে। মৌলবাদীদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে হবে। সর্বোপরি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা ও রাষ্ট্রীয় সুশাসন প্রতিষ্ঠার ওপর জোর দিতে হবে। ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে ভুল পদক্ষেপ বা পরাজয়ের কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে একটি ভুল পদক্ষেপ বাংলাদেশের ভবিষ্যৎকে সংঘাতময় অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।একজন পাঠক।প্রশ্নপত্র ফাঁসপ্রশ্নপত্র ফাঁস সাম্প্রতিককালের এক বহুল আলোচিত বিষয়। যদি সংঘবদ্ধ চক্রটি এতটা বেপরোয়া না হতো তাহলে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টিও এভাবে প্রকাশিত হতো কিনা সন্দেহ। প্রবাদ আছে, ‘চোরের সাত দিন, গৃহস্থের এক দিন।’ এটি এখানে বিশেষভাবে প্রণিধানযোগ্য। দুষ্কৃতকারীদের ধন্যবাদ, এতটা স্বেচ্ছাচারী ও উদ্ভ্রান্ত হওয়ার জন্য—না হলে বার বার হাজারো মেধাবী হারিয়ে যেতেন দুর্ভাগ্যের কৃষ্ণগহ্বরে, অনিশ্চিত জীবনের অন্ধকারে।প্রশ্নপত্র ফাঁস এবং পাশাপাশি পরীক্ষা বাতিল হওয়ায় দেশের অসংখ্য মেধাবী শিক্ষার্থীর মতো আমরাও আনন্দিত হয়েছি এই ভেবে যে সরকার কিছুটা হলেও মেধাবীদের চাকরি পাওয়ার ব্যাপারে বাধা সরিয়ে নিতে আগ্রহী। নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তানেরা এখন মেধার মূল্যায়নে সরকারের আন্তরিকতায় আশ্বস্ত হবে। দেশের সেরা বিদ্যাপীঠ থেকে ভালো ফলসহ উচ্চতর ডিগ্রি নিয়ে চাকরির পরীক্ষায় ভালো করেও আমরা চাকরি পাচ্ছি না। অথচ দেখছি, অর্থের বিনিময়ে অমেধাবী শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ পদে চাকরি পেয়ে যাচ্ছে। বিষয়টি যদি প্রশ্নপত্র ফাঁস হওয়ার আগে বলতাম, তাহলে কর্তৃপক্ষ বলত: ভুল, এটা নেহাত মিথ্যে প্রচারণা। কিন্তু এখন জানি, আমরা প্রতারিত, বঞ্চিত একটি সংঘবদ্ধ চক্রের কাছে, যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিবেক বলি করছে। আজ যখন প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত চক্র ধরা পড়েছে, তখন সরকারের কাছে অনুরোধ, ওদের এমন দৃষ্টন্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে জাতি গ্লানিমুক্ত হয়, যেন ভবিষ্যতে প্রশ্ন ফাঁসের মতো ঘৃণ্য কাজটি না ঘটে। অনন্য কামরুল, রাজশাহী।