চিঠিপত্র
মহৎ কাজগৌরী আইয়ুবের দ্বাদশ মৃত্যুবার্ষিকী স্মরণে ‘নানা পরিচয়ে গৌরী আইয়ুব’ শিরোনামে বিশিষ্ট গবেষক ও লেখক গোলাম মুরশিদের স্মৃতিচারণমূলক লেখাটি ৯ জুলাই প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে প্রকাশের জন্য লেখক ও সম্পাদককে আন্তরিক ধন্যবাদ জানাই। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে বিপদগ্রস্ত মানুষকে স্বস্তি ও শান্তি দিতে মহীয়সী গৌরী আইয়ুব যে মানবিক ভূমিকা পালন করেছিলেন গোলাম মুরশিদ তার স্মৃতিচারণ করে অত্যন্ত প্রাঞ্জল, সাবলীল ও সুখপাঠ্য ভাষায় পাঠকদের কাছে তুলে ধরেছেন।ষাটের দশকের গোড়ায় উভয় বাংলায় সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গা-উত্তর সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নের জন্য লেখক ও সমাজসেবী মৈত্রেয়ী দেবীর দক্ষিণহস্তরূপে কাজ করা, ’৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পশ্চিমবঙ্গে আশ্রয়গ্রহণকারী শরণার্থীদের ব্যক্তিগত পর্যায়ে উষ্ণ আতিথেয়তা ও আশ্রয়দানের ব্যবস্থা, অসুস্থ শরণার্থীদের সেবাদান, যুদ্ধে নিহত মা-বাবার অনাথ শিশুদের ভরণপোষণ এবং শিক্ষাদানের জন্য ‘খেলাঘর’ নামে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার ব্যাপারে মৈত্রেয়ী দেবীর সঙ্গে অংশীদারি হওয়া এবং মৈত্রেয়ী দেবীর প্রয়াণের পর আমৃত্যু তা পরিচালনা করা ইত্যাদি গৌরী আইয়ুবের মানবিক কাজ সব দেশের বুদ্ধিজীবী, লেখক ও বিবেকবান মানুষের অনুসরণীয়।’৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গোলাম মুরশিদের মতো অনেক বুদ্ধিজীবী লেখক পশ্চিমবঙ্গে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু গৌরী আইয়ুবের মতো মহান ব্যক্তিদের নিয়ে তাঁদের স্মৃতিচারণমূলক লেখা অন্তত পত্রপত্রিকায় তেমন চোখে পড়ে না। এ ক্ষেত্রে গোলাম মুরশিদের এ কাজ প্রশংসনীয়। দুর্যোগ-দুর্দিনে মানুষকে সাহায্য-সহযোগিতা দেওয়া যেমন মানুষের মহৎ গুণ তেমনি সেসব মহান কাজকে সবার সামনে তুলে ধরাও মহৎ কাজ।ষাটের দশকের মাঝামাঝি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন জনপ্রিয় শিক্ষক গোলাম মুরশিদের ছাত্র হওয়ার সুবাদে তাঁর মুখে গৌরী আইয়ুব ছাড়াও মৈত্রেয়ী দেবী ও সৈয়দ মুজতবা আলীর সঙ্গে তাঁর চিঠিপত্রে যোগাযোগের কথা শুনেছিলাম। গৌরী আইয়ুবের অনুরূপ মৈত্রেয়ী দেবী ও সৈয়দ মুজতবা আলীর প্রসঙ্গ নিয়ে স্মৃতিচারণমূলক লেখার জন্য গোলাম মুরশিদকে সবিনয় অনুরোধ করছি।সত্য রঞ্জন নাথহাটহাজারী, চট্টগ্রাম।হল তল্লাশিরাত তখনো ১০টা বাজেনি। হলের সামনে রাস্তায় হঠাৎ ছাত্রদের আনাগোনা বেড়ে গেছে। সবাই যে যার মতো চলে যাচ্ছেন। কাছের অনেকেই বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। থাকি কটেজে। ফিরে দেখি, বিভিন্ন বিভাগের বেশ কিছু ছাত্র দাঁড়িয়ে আছেন। তাঁদের একজন তো প্রায় কেঁদেই ফেললেন: আমরা হলে থাকি, তবে এখনো সিট পাইনি। আজ রাতে তল্লাশি হবে, তাই এখানে। কার কাছে এসেছেন? উত্তর নেই। আইডি কার্ড আছে? নেই, রুমে রেখে এসেছি। কিছুই বুঝতে পারছি না। বেশ কয়েকজন ফোন করে জানালেন রুম ছেড়ে বাইরে থাকতে।রাত ১২টায় তল্লাশি শেষ হল। ফলাফল শূন্য।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘তল্লাশি’ বিরক্তিকর একটি শব্দ। রীতিমতো আতঙ্ক। ‘তল্লাশি’র আগেই সব হলে খবর পৌঁছে যায়। বৈধ-অবৈধ সবাই নিরাপদে সটকে পড়ে। কটেজগুলো ফাঁকা হতে থাকে। কিছু পুলিশ সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট শিক্ষক একটি নির্দিষ্ট সময়ে ‘তল্লাশি’ নামের দায়িত্ব সম্পাদন করে তৃপ্তি নিয়ে ফেরেন। কখনো খালি হাতে, কখনো দু-একজনকে আসামি(!) বানিয়ে। বৈধ-অবৈধ কোনো নিশ্চয়তা নেই। তল্লাশি নামের এই বিরক্ত ও আতঙ্ক থেকে বাঁচতে শিক্ষার্থীরা আশ্রয় নেন দোকানে, মসজিদে, মাঠে কিংবা পাহাড়ে। কেউ রাত কাটান একাকী অবর্ণনীয় কষ্ট সঙ্গী করে।সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হলে থাকার অধিকার সবার আছে। তার পরও কেউ বৈধ, কেউ অবৈধ। সাধারণ শিক্ষার্থীদের জিজ্ঞাসা, ঢাবিতে ছাত্ররা গাদাগাদি করে থাকেন, গণকক্ষে থাকেন। আর এখানে প্রতিটি রুমেই ফাঁকা সিট। সিটধারী ছাত্র হলে থাকেন না। পুরো বছরে একবারও আসেন না। এতে কর্তৃপক্ষের কোনো তদারকি নেই, মাথাব্যথা নেই। ফলে প্রভাবশালী ছাত্রসংগঠন এই সিটগুলো নিয়ে রাজনীতি করে, প্রভাব খাটায়। প্রতিদ্বন্দ্বী ছাত্রসংগঠনটি হিংসায় পুড়তে থাকে। সিটগুলো দখল নিতে মরিয়া হয়ে ওঠে। অনিবার্য হয়ে ওঠে সংঘর্ষ। দোষ কার? কর্তৃপক্ষের, না রাজনীতির? মেধাবী ছাত্র একাধিকবার আবেদন করেও সিট পান না। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কটেজ-ব্যবসা রমরমা। কটেজমালিকদের স্বেচ্ছাচারিতা এবং বেশি ভাড়া আদায়ের অভিযোগ প্রশাসন আমলে নেয় না।হলে সিটধারী ছাত্রদের উপস্থিতি নিশ্চিত না করে এই তল্লাশি নাটক দিয়ে আতঙ্ক ছড়ানোর কোনো অর্থ হয় না। সিট নিয়ে রাজনীতি করার দায় অবশ্যই কর্তৃপক্ষকে নিতে হবে। এই দায় স্বীকার যত দ্রুত সম্ভব, ততই ফায়দা হবে সাধারণ শিক্ষার্থীদের।আজিজ মুনিরশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।ওয়েজ আর্নার্স বন্ড২০১০-১১ সালের বাজেটের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়াধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক পরিপত্রের মাধ্যমে বিভিন্ন সঞ্চয় স্কিমের সঙ্গে ওয়েজ আর্নার্স বন্ডের সুদের হার হ্রাস ও পুনঃবিনিয়োগ বন্ধ করে দিয়েছে।এর ফলে আমরা যারা বিদেশে চাকরি করে কিছু বন্ড কিনে তা থেকে পাওয়া মুনাফা দিয়ে অবসর কাটাচ্ছি, তাদের পক্ষে সংসার চালানো ও ছেলেমেয়েদের লেখাপড়া করানো যে কতটা কষ্টসাধ্য হবে তা বলার অপেক্ষা রাখে না। সুদের হার কমানো ও পুনঃবিনিয়োগ বন্ধের ফলে রেমিট্যান্স কমার সম্ভাবনাও আছে।তাই অর্থ মন্ত্রণালয়ের কাছে আবেদন, ওয়েজ আর্নার্স বন্ডের সুদের হার না বাড়ালেও অন্তত এর পুনঃবিনিয়োগ পদ্ধতি আবার চালু করা হোক।মো. গোলাম সারোয়ারএকজন সাবেক ওয়েজ আর্নার্সধানমন্ডি, ঢাকা।