চিঠিপত্র
কৃষি ডিপ্লোমা কৃষি ডিপ্লোমা শিক্ষাক্রম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন। এটি ২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে চার বছর মেয়াদি করা হয়েছে। ডিপ্লোমা কৃষিবিদদেরও উচ্চশিক্ষা অর্জনে আকাঙ্ক্ষা রয়েছে। প্রতিবছর ১৩টি সরকারি এবং শতাধিক বেসরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে বিপুলসংখ্যক ডিপ্লোমা কৃষিবিদ তৈরি হচ্ছে। ব্যাপক চাহিদা থাকার পরও শুধু স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় না থাকায় ডিপ্লোমা কৃষিবিদেরা উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে না। কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হয়েও যে উচ্চশিক্ষা অর্জন করা যায়, এই বিষয়টি তাদের ক্ষেত্রে কেন প্রযোজ্য হবে না? সময়ের দাবি হলো, ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের জন্য যেমন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) প্রতিষ্ঠা করা হয়েছে, তেমনি ডিপ্লোমা কৃষিবিদদের জন্য একটি স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক।তীর্থ নাথ বিশ্বাসফরিদপুর।ওয়েজ আর্নার বন্ডওয়েজ আর্নার বন্ডের পুনর্বিনিয়োগ ও সুদের হার কমানোর ব্যাপারে কিছু বলার জন্যই এ লেখার অবতারণা। পোশাকশিল্পের পরই বৈদেশিক মুদ্রা অর্জনকারী হিসেবে ওয়েজ আর্নারেরা বিবেচিত এবং তারা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দিয়ে দেশে-বিদেশে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করে থাকে। কেননা এত দিন এতে মুনাফার হার ছিল ভালো এবং পাঁচ বছর পর আসল বৈদেশিক মুদ্রাগুলো আবার বিনিয়োগ করা যেত। প্রথম যখন এই বন্ড চালু করা হয়েছিল, তখন এর সুদের হার ছিল ১৬ শতাংশ। পরবর্তী সময়ে সরকার কমাতে কমাতে এই হার ১২ শতাংশে নির্ধারণ করে। একসময় একবার এর হার ১১ শতাংশে নামানো হয়েছিল এবং তাতে রেমিটেন্সে আঘাত লাগায় সরকার আবার এর হার ১২ শতাংশে উন্নীত করেছিল। কিছুদিন আগে পাস হওয়া বাজেটে সব ধরনের বিনিয়োগের সুদের হারের সঙ্গে সঙ্গে সরকার আবারও এর হার কমিয়ে ১০ দশমিক পাঁচ শতাংশ করেছে এবং এর পুনর্বিনিয়োগ ব্যবস্থাও বন্ধ করে দিয়েছে।আমরা যারা বিদেশে চাকরি করে বৈদেশিক মুদ্রাগুলো বন্ডের মাধ্যমে সরকারের হাতে তুলে দিয়ে তা থেকে প্রাপ্ত অর্থে সংসার নির্বাহ করছি, তাদের পক্ষে এই দুর্মূল্যের বাজারে টিকে থাকা যে কতটা কষ্টসাধ্য হবে তা সরকারের একবার বিবেচনায় আসা উচিত।এমতাবস্থায় অর্থ মন্ত্রণালয়াধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নীতিনির্ধারকদের কাছে আবেদন, ওয়েজ আর্নার বন্ডের সুদের হার কমানোতে এবং পুনর্বিনিয়োগ বন্ধ করার ফলে বৈদেশিক মুদ্রার রেমিটেন্স কমে যাওয়া, বিনিয়োগকৃত বৈদেশিক মুদ্রা পুনরায় বিদেশে ফেরত যাওয়ার আশঙ্কা এবং যেসব লোক এই বৈদেশিক মুদ্রার জোগানদাতা, তাদের সংসার চালানোর কথা চিন্তা করে ওয়েজ আর্নার বন্ডের ব্যাপারে নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।বর্তমানে মূল্যস্ফীতির চাপে আমাদের জীবনযাত্রা যে কঠিন করে তুলেছে সে কথা বিবেচনায় রেখে ওয়েজ আর্নার বন্ড যাতে পুনর্বিনিয়োগ করা যায় সে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. আবু তাহের, ঢাকা।জাতীয় বিশ্ববিদ্যালয়দেশের সবচেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুরবস্থার শেষ নেই। দীর্ঘ সেশনজটের জন্য অনেক শিক্ষার্থী কোর্সের মাঝামাঝি অবস্থায় পড়ালেখা বন্ধ করে দিতে বাধ্য হয়, জেলাপর্যায়ের নারী শিক্ষার্থীরা বিশেষ করে এর শিকার। তা ছাড়া অনেকে সেশনজটের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সরে গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়মুখী হচ্ছে। দেখা যাচ্ছে, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোর্স অসম্পূর্ণ রেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তারা যেসব শিক্ষার্থীর সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একই কোর্সে পড়ত তাদের আগে কোর্স সম্পন্ন করে ফেলেছে। একটা চার বছরের অনার্স কোর্স শেষ করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাত বছর পর্যন্ত সময় লাগছে। সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই দুরবস্থা দেখেও যেন দেখছে না। লাখ লাখ শিক্ষার্থীর জীবন নিয়ে এই খেলা স্থায়ী হতে পারে না। এর পরিবর্তন ঘটাতেই হবে।আমাদের শিক্ষামন্ত্রী প্রাথমিক ও উচ্চবিদ্যালয় এবং বেসরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের দেখাশোনার ব্যাপারে প্রশংসনীয় ভূমিকা নিচ্ছেন অথচ যে প্রতিষ্ঠানটি সরাসরি সরকারের অধীনে চলে তার দিকে কেন এত অমনোযোগ, তা বুঝতে পারছি না। দেবী প্রভাশিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ।পোনা নিধনমাছে ভাতে বাঙালি। যুগ যুগ ধরে মাছের সঙ্গে রয়েছে আমাদের নিবিড় সম্পর্ক। আমাদের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস মাছ। পাতে মাছ না পড়লে যেন বাঙালির উদর পূর্তিই হয় না। খোলাভরা ধান, গোয়ালভরা গরু, পুকুরভরা মাছ বাঙালির প্রাচীন ঐতিহ্য। কিন্তু এ ঐতিহ্য যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। আমাদের জীবনে মাছের নেই পুরোনো জৌলুশ। অথচ প্রতিদিনের আমিষের চাহিদা মেটাতে, বিদেশি মুদ্রা অর্জনে মৎস্য খাত একটি সম্ভাবনাময় খাত।কৃষি জমিতে মাত্রাতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারের ফলে তা নদ-নদী খাল-বিলে মিশে হারিয়ে যাচ্ছে অনেক প্রজাতির মাছ। তা ছাড়া অবাধে পোনা নিধন মৎস্যসম্পদ কমে যাওয়ার অন্যতম কারণ। বৈশাখ শেষে যখন খাল-বিল হাওর-বাঁওড়ে পানি ঢোকে তখনই শুরু হয়ে যায় পোনা নিধনের খেলা। প্রজনন মৌসুমে ডিমওয়ালা মা মাছ আর তারপর পোনা মাছ নিধনের ফলে হারিয়ে যাচ্ছে স্বাদু পানির অনেক মাছ।তাই আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ ঐতিহ্য রক্ষা করতে হলে পোনা নিধনযজ্ঞ থেকে সবাইকে বিরত থাকতে হবে। পোনা নিধনের বিরুদ্ধে আইনকে আরও কঠোর হাতে প্রয়োগ করতে হবে। আমাদের মৎস্যসম্পদকে রক্ষার দায়িত্ব সবার। তাই, আসুন আমরা সবাই মিলে আওয়াজ তুলি, ‘মাছের পোনা ধরব না, দেশের ক্ষতি করব না’। শ্যামল চৌধুরীমোহনগঞ্জ, নেত্রকোনা।