চিঠিপত্র
বুয়েট কর্তৃপক্ষ২০০৭ সালের শুরুতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হওয়ার পর আমাদের ক্লাস শুরু হয় নির্ধারিত সময়ের কয়েক মাস পরে। কেননা, ২০০৬ সালের বিশ্বকাপ ফুটবলের জন্য বুয়েট দীর্ঘদিন বন্ধ ছিল। তাই ওই চলমান টার্ম শেষ হওয়ার পর আমাদের ক্লাস শুরু হয়। হিসাব অনুযায়ী, চলতি বছরের শেষে আমাদের ব্যাচের ছাত্রছাত্রীদের প্রকৌশলী হয়ে বের হওয়ার কথা ছিল। অথচ আমরা এখন পড়ে আছি তৃতীয় বর্ষে। প্রায় দেড় বছরের এই দীর্ঘ সেশনজটের কারণ প্রতিটা পরীক্ষা এক বা একাধিকবার পেছানো। আর সর্বশেষ, এবারের বিশ্বকাপের জন্য গত ১৯ জুন এক মাসেরও বেশি সময়ের জন্য বন্ধ রাখা হলো বুয়েট।বুয়েটের ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখার জন্য আমাদের শিক্ষকদের প্রচেষ্টা অতুলনীয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমানোর জন্য তাঁদের আন্তরিকতা আমরা দেখি না। বুয়েটের শ্রদ্ধেয় শিক্ষকেরা নিশ্চয়ই বলবেন, ‘পরীক্ষা পেছানোর আন্দোলন তো ছাত্ররাই করে।’ কিন্তু তারা সংখ্যায় কতজন? নিশ্চয়ই পাঁচ শতাংশের বেশি নয়। বাকি যে পঁচানব্বই শতাংশ ছাত্রছাত্রী রয়েছে, তাদের ভালো-মন্দ দেখার বিষয় কি কর্তৃপক্ষের দায়িত্ব নয়? কতিপয় ছাত্রের অন্যায় দাবিকে কর্তৃপক্ষ বারবারই প্রশ্রয় দিয়েছে। বুয়েটের প্রতিটি টার্ম ফাইনাল পরীক্ষার পর পাঁচ সপ্তাহ ছুটি দেওয়া হয়—এ সময়টা আদতে শিক্ষার্থীদের অর্থপূর্ণ কোনো কাজে আসে না। এ ব্যাপারে বুয়েট কর্তৃপক্ষের গভীরভাবে ভাবা দরকার। লিমনশিক্ষার্থী, বুয়েট।রাস্তা সংস্কারহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাজধানী ঢাকার একটি অতি গুরুত্বপূর্ণ জায়গা। এই বিমানবন্দরের সামনে হাজিক্যাম্পের একটু পেছনে রয়েছে আশকোনা বাজার। এখানে বেশির ভাগ সময় মানুষের ব্যাপক আনাগোনা থাকে। কিন্তু দুঃখের বিষয়, এই এলাকার রাস্তা নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। প্রতিদিন সকালে ছেলেমেয়েরা স্কুল-কলেজে যাচ্ছে, বয়স্করা অফিসে বা অন্য কাজে যাচ্ছে এই ভাঙা, উঁচু-নিচু রাস্তা দিয়ে। এ বর্ষায় চলাচলে চরম অসুবিধা হচ্ছে। নিচু গর্তে ভরা রাস্তায় একটু বৃষ্টি নামলেই মনে হয় যেন বন্যা। রাস্তার ময়লা, দোকানের ময়লা মিশে এক আবর্জনায় ভরা পুকুরের রূপ ধারণ করে রাস্তাটি। লোকজনকে স্যান্ডেল/জুতো হাতে নিয়ে এই নোংরা পানিতে হেঁটে যেতে হচ্ছে। কিন্তু কোনো উপায় নেই। যেহেতু বাজারের রাস্তা সেহেতু এটি কতটুকু প্রয়োজনীয় তা সহজেই অনুমেয়। প্রতিদিন এই রাস্তা ও আবর্জনা পার হয়েই এখানে জীবন যাপন করতে হচ্ছে। কিন্তু আর কত দিন। ছোট ছোট শিশুর কথাও কি কেউ ভেবে দেখছে না। অনতিবিলম্বে এই এলাকার রাস্তা মেরামত ও আবর্জনা দূর করে সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।জুলিয়া পারভীন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।