চিঠিপত্র
‘কেন এই নিষ্ঠুরতা’গত ১৩ জুলাই ‘অরণ্যে রোদন’ কলামে সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক আমাদের প্রশ্ন করেছেন, কেন আমরা এত নিষ্ঠুর হয়ে গেলাম, কেন এত ধ্বংসপ্রবণ হয়ে গেলাম? ঠিক এ রকম কথাই আমাদের অনেক প্রবীণ শিক্ষককেও বলতে শুনি, আমাদের নাকি পড়াশোনার চেয়েও অন্য কিছুতে বেশি আগ্রহ। আমাদের অগ্রজেরা আমাদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। সত্যিই কি তাঁরা জানেন না, আমাদের এই মানসিকতার পেছনের কারণ কী? প্রিয় অগ্রজ, আপনাদের জন্য তাহলে একটা খুব সাধারণ তরুণের গল্প বলি। তরুণটি এসএসসি ও এইচএসসিতে খুব ভালো ফল করেছিল। তারপর—চোখে-মুখে অনেক বড় স্বপ্ন নিয়ে শহরে এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। সেখানে সে ভর্তি হয়েছিল সম্পূর্ণ নিজের যোগ্যতায়। নিজের মেধায়, কলম হাতে নিয়ে; বিশ্বাস করুন, তার হাতে তখন কোনো চাপাতি ছিল না। ভর্তি হওয়ার পরই সে প্রথম যে সমস্যায় পড়ল, তা হলো—থাকার সমস্যা। তার দরিদ্র বৃদ্ধ বাবা-মা। তাদের তো এত ক্ষমতা নেই যে ঢাকায় বাড়ি ভাড়া দিয়ে ছেলেকে রাখবে। অবশ্য ছেলেটির বিশ্ববিদালয়ে বেশ কয়েকটি হল আছে। সেই হলে থাকতে হলে তাকে কী করতে হবে জানেন? কোনো একটি দলের হয়ে মিছিল করতে হবে। অগত্যা ছেলেটি মিছিলে যোগ দিল। তার সামনে বড় কোনো আদর্শ নেই। তার মাথায় শুধু ভাসছে একটা চিকন খাট, যেখানে কোনো রকম কাত হয়ে শোয়া যায়, যদি সে মিছিলে যোগ না দেয়, তবে তাকে মসজিদের বারান্দায় অথবা ফুটপাতে ঘুমাতে হবে। এই মিছিল-মিটিং করতে গিয়ে পড়াশোনা থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে গেল সে। যা-ই হোক, মিছিলের জোরে সে মাথা গোঁজার ঠাঁই পেয়ে গেল। নেতার ক্ষমতা সম্পর্কে তার মনে অগাধ শ্রদ্ধা এল। বড় ভাইদের কাছ থেকে সে জানল, তাদের সঙ্গে থাকলে শুধু হলে সিট না, এমনকি একটা সরকারি চাকরি পর্যন্ত জুটে যাবে। তত দিনে ছেলেটি জেনেছে সরকারি চাকরি পেতে হলে তাকে ৫-১০ লাখ টাকা ঘুষ দিতে হবে। এত টাকা সে কখনোই দিতে পারবে না। এদিকে তার মা-বাবা অপেক্ষা করে আছেন, ছেলের প্রতিষ্ঠিত হওয়ার আশায়। ছেলেটি বুঝে যায়, পড়াশোনার চেয়েও জরুরি নেতার সঙ্গে থাকা। একটা ভালো উপন্যাস পড়ার চেয়েও ফলদায়ক হলো নেতার বক্তৃতা শোনা। কারণ তার পক্ষে তদবির করার লোক বলতে নেতাই আছেন। সে কোনো সরকারি কর্মকর্তা, মন্ত্রী বা ব্যবসায়ীর পুত্র নয়। অথচ, চাকরিটা তার সবচেয়ে বেশি প্রয়োজন। নেতার চোখে পড়ার জন্য তাই আপ্রাণ চেষ্টা করে সে। বিপক্ষ দলের ছেলেদের ধরে ঠ্যাঙায়, নেতা খুশি হন। পিঠ চাপড়ে দেন। এবার বিপক্ষ দল যখন মারতে আসে বাধ্য হয়ে সে চাপাতি হাতে তুলে নেয়। কারণ তখন কলম নয়, অস্তিত্ব রক্ষার জন্য চাপাতিই তার জন্য বেশি কার্যকরী। হ্যাঁ, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব তরুণ ছাত্ররাজনীতি নামের অপরাজনীতির সঙ্গে যুক্ত, তাদের বেশির ভাগেরই এখানে আসার পেছনে মূল কারণ হলো, অস্তিত্ব রক্ষার লড়াই। মাথার ওপর একটা নিরাপদ ছাদ খুঁজতে গিয়ে আমরা যে এক অনিরাপদ পথে হাঁটছি, তার নেপথ্যে কারা রয়েছেন? প্রিয় অগ্রজেরা, আপনারা কেন পারলেন না আমাদের একটা সুন্দর শিক্ষাব্যবস্থা উপহার দিতে? কেন আমরা ক্যাম্পাসে এত নিরাপত্তাহীন? কেন চাকরি পেতে হলে ঘুষ দিতে হয়, তদবির করতে হয়? কেন আপনারা এখনো সাহস করে জোর গলায় বলতে পারেন না, বিশ্ববিদ্যালয়ে নোংরা দলবাজির রাজনীতি বন্ধ করো। কেন বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে আমার বন্ধুরা লাশ হয়ে ফিরে যায়, কিন্তু আমাদের শিক্ষকেরা কোনো কঠিন পদক্ষেপ নিতে পারেন না? কেন আমাদের শিক্ষকেরা এত রঙিন? শ্রদ্ধেয় অগ্রজ, আমরা উত্তর চাই। আইনান, ঢাকা বিশ্ববিদ্যালয়।প্রশ্নপত্র ফাঁসের ব্যবসা!পত্রিকায় প্রকাশিত বিজি প্রেসের গোপনীয় শাখার ছাপানো প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পূর্ণ বিবরণ দুঃসাহসিক কল্পকাহিনিকেও হার মানায়। একনাগাড়ে সাত বছর ধরে কিছু দুর্বৃত্ত সুকৌশলে এ ধরনের ঘটনা ঘটিয়ে নিজেরা কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক বনে গেলেও ধূলিসাৎ করেছে অসংখ্য মেধাবী চাকরিপ্রার্থীর স্বপ্ন। তাই সমগ্র জাতি এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায়। তবে শুধু বিজি প্রেসেই নয়, আরও অনেক সরকারি, আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, যেখানে নিম্ন বেতনভুক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কিছু কর্মচারী নিজ নিজ কর্মস্থলে এ ধরনের বিভিন্ন দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করে হঠাৎ ‘আঙুল ফুলে কলাগাছ’ বনে গেছে। এদের প্রায় সবাই ‘সিবিএ’ নেতৃত্বের সঙ্গে যুক্ত এবং তাঁদের উচ্চপর্যায়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকায় অফিস কর্তৃপক্ষ তাঁদের কখনো ঘাঁটাতে সাহস করে না। সরকার গোপনীয় পন্থায় এসব কর্মকর্তা-কর্মচারীর স্বনামে-বেনামে অর্জিত সম্পদের বিষয়ে ভালোভাবে খোঁজ নিলে বিজি প্রেসের কাহিনির মতো অনেক চাঞ্চল্যকর অজনা তথ্য উদ্ঘাটিত হবে, সন্দেহ নেই।এম এ আহাদদ. পীরেরবাগ, মিরপুর, ঢাকা।রেলপথ চাইপ্রধানমন্ত্রীর গত ভারত সফরের পর দুই দেশের সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত হবে, এমনটিই ধারণা করা হচ্ছে। চার দিনের সফর শেষে দুই দেশ একটি যৌথ বিবৃতি প্রকাশ করে, যাতে অন্য আরও বিষয়ের সঙ্গে উল্লেখ করা হয়েছে, ভারত তার ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ ও নেপাল এবং বাংলাদেশ ও ভুটানের মধ্যকার যোগাযোগ বাড়াতে সাহায্য করবে। এ বিষয়টি বাংলাদেশের পক্ষে কাজে লাগাতে হবে। এ ছাড়া অতিসম্প্রতি নেপাল-বাংলাদেশের দ্বিপক্ষীয় আলোচনায় উভয় দেশ মংলা বন্দর ব্যবহারে সম্মত ও সড়ক যোগাযোগ স্থাপনে রাজি হয়েছে। এখন যদি ডোমার (নীলফামারী) থেকে দেবীগঞ্জ-পঞ্চগড়-দেবনগর-বাংলাবান্ধা পর্যন্ত ৭৫ কিলোমিটার ব্রডগেজ বা ডুয়েলগেজ রেলপথ নির্মাণ করা যায়, তবে বাংলাবান্ধা স্থলবন্দর পূর্ণাঙ্গতা লাভ করবে। এতে উভয় দেশের পণ্য পরিবহনের খরচ কম হবে, যার সুফল ভোগ করবে দুই দেশের জনগণ। এই পথটি নির্মাণের ফলে বাংলাবান্ধা স্থলবন্দরের সঙ্গে উত্তরা ও পাকশি ইপিজেড এবং মংলা বন্দরের সরাসরি যোগাযোগ স্থাপন করবে, যা নেপাল ও ভুটানকে মংলা বন্দর ব্যবহারে আরও উৎসাহিত করবে। এতে উত্তরা ও পাকশি ইপিজেডে ভারত, নেপাল ও ভুটান বিনিয়োগে আগ্রহী হয়ে উঠবে। এর ফলে মঙ্গাপীড়িত উত্তরাঞ্চলে কর্মসংস্থানের সৃষ্টি হবে, যা দারিদ্র্য ও মঙ্গা দূর করতে সহায়তা করবে। এ ছাড়া বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে চীন থেকে সহজে পণ্য পরিবহন করা যাবে। এতে পণ্য পরিবহন খরচ কমে যাবে, যার সুবিধা ভোগ করবে জনসাধারণ। এ ছাড়া পঞ্চগড়ে উৎপাদিত চা সহজে রপ্তানি করা যাবে। রাজধানী তথা সমগ্র দেশের সঙ্গে পঞ্চগড়সহ এ অঞ্চলের যোগাযোগের জন্য সময় অনেক কমে যাবে এবং পর্যটন বৃদ্ধি পাবে। আর সবকিছু মিলে বাংলাবান্ধা স্থলবন্দরের আয় বাড়বে—যা অবহেলিত উত্তরাঞ্চলসহ দেশের উন্নয়নে ব্যয় করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে। সুতরাং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডোমার থেকে পঞ্চগড় হয়ে বাংলাবান্ধা পর্যন্ত রেলপথ নির্মাণের পরিকল্পনা নিতে অনুরোধ করছি।মো. ইফতেখার রহমাননওগাঁ।