চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডব্লিউইডি বন্ডওয়েজ আর্নার বা ‘প্রবাসে উপার্জনকারী’ প্রবাসীর কল্যাণের কথা সরকার সব সময় বলে থাকে। সেই সুবাদে প্রবাসীর কল্যাণার্থে পাঁচ বছর মেয়াদি ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড (ডব্লিউইডিবি) চালু করা হয়। শর্ত থাকে, এই স্কিমে কেনা বন্ড মেয়াদোত্তীর্ণ তারিখের পরের তারিখ থেকে আপনা থেকেই আবার নবায়ন বা বিনিয়োগ হয়ে যাবে। সেই সঙ্গে ডব্লিউইডিবির মুনাফা সম্পূর্ণ আয়করমুক্ত থাকবে। কিন্তু চলতি বছরের ১ জুলাই অর্থমন্ত্রীর প্রজ্ঞাপন জারির পর থেকে আমরা প্রবাসী ও প্রবাস থেকে প্রত্যাবর্তনকারীরা বিপাকে পড়েছি।প্রথমত, ডব্লিউইডিবির সুদের হার ১২ শতাংশ হতে কমিয়ে করা হয়েছে ১০ দশমিক ৫০ শতাংশ। আরও দুঃখের বিষয়, ১ জুলাইয়ের পর থেকে মেয়াদোত্তীর্ণ ডব্লিউইডিবির মুনাফা থেকে ১০ শতাংশ উৎসে কর কাটা হচ্ছে এবং অপ্রত্যাশিতভাবে আবার বিনিয়োগ বা নবায়ন বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের কথিত সব সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে হাজার হাজার ডব্লিউইডিবি বিনিয়োগকারীকে।ডব্লিউইডিবিতে বিনিয়োগের সুফল হলো, বিনিয়োগকারী আমরণ আবার বিনিয়োগ তথা আয়করমুক্ত মুনাফা পাবেন, যেটা দেশের অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের সঞ্চয়পত্রের বেলায় হয়ে থাকে। ডব্লিউইডিবিতে প্রবাসী বা প্রবাস থেকে প্রত্যাবর্তনকারীদের পুনরায় বিনিয়োগ বা নবায়নের ব্যাপারে সরকার কেন এ ধরনের কঠোর সিদ্ধান্ত নিল, তা বোধগম্য নয়। গণমাধ্যমে প্রবাসীদের কল্যাণে বিভিন্ন সুযোগ-সুবিধার কথা প্রচার করে ডব্লিউইডিবিতে বিনিয়োগ করার জন্য উৎসাহিত করা হয়। যার পরিপ্রেক্ষিতে কষ্টার্জিত অর্থ ডব্লিউইডিবিতে বিনিয়োগ করে পক্ষান্তরে প্রবাসীরা কি প্রতারণার শিকার হচ্ছেন না?অথচ প্রবাসীদের রেমিটেন্স দেশের অর্থনীতির অবকাঠামো উন্নয়নের প্রধান সহায়ক বলে গণ্য করা হয়। দেশে সরকারি চাকরিজীবী যাঁরা পেনশন-সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন, তার লাভের হার ১২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে আয়করমুক্ত ১১ শতাংশ করা হয়েছে। কিন্তু পুনরায় বিনিয়োগ বা নবায়ন থেকে বঞ্চিত করা হয়নি। একমাত্র নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত বিধায় ভবিষ্যতের কথা ভেবে অনেক কষ্টার্জিত ডলার প্রবাসীরা ডব্লিউইডিবিতে বিনিয়োগ করেন। এমনিতেই মূল্যস্ফীতির চাপ জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। আবার ডব্লিউইডিবির ক্ষুদ্র সঞ্চয়কারী প্রবাসীদের দেশে নিরাপদ বিনিয়োগের বিশেষ সুযোগ নেই বিধায় তাঁদের পক্ষে দেশে ফেরত এসে কিছুই করা সম্ভব হয় না। সুতরাং আমরা যাঁরা প্রবাসী ও প্রবাস থেকে প্রত্যাবর্তনকারী, তাঁদের জীবনযাপনের একমাত্র উপায় বা ভরসা ডব্লিউইডিবির মুনাফা। সত্যিকার অর্থে আমরা সবাই অনিশ্চিত ভবিষ্যৎ ও মহাসংকটে দিনাতিপাত করছি। সুতরাং মাননীয় অর্থমন্ত্রীর কাছে নিবেদন, আমরা যারা ডব্লিউইডিবিতে বিনিয়োগ করেছি, তাঁদের ব্যাপারে সদয় দৃষ্টি দেবেন বলে আশা করি।দেবপ্রিয় তালুকদাররামকৃষ্ণ মিশন লেন, চট্টগ্রাম।