চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষকপ্রাথমিক শিক্ষা হলো শিক্ষার মূল ভিত্তি—এ কথা সবাই জানে। সরকারও প্রাথমিক শিক্ষার জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে। তথাপি শিক্ষার গুণগত মান প্রত্যাশিতভাবে না বাড়ার অন্যতম প্রধান কারণ, প্রাথমিক শিক্ষককে নিজ গ্রামে, নিজ ইউনিয়নে নিয়োগ দেওয়া। এসব শিক্ষকদের অনেকে নানা কাজে ব্যতিব্যস্ত থেকে বিদ্যালয়কে বেছে নেন তাদের বিশ্রামের জায়গা হিসেবে। আবার কখন সময় পার হবে, এ জন্যও তাড়া থাকে। এতে অধিকারবঞ্চিত হচ্ছে কোমলমতি শিশুরা।আমি দেখেছি, পাঠ চলাকালীন শিক্ষককে বাড়িতে গরু দোহন করতে, গ্রামে সালিস করতে, রোগী দেখতে, বিমার কাজ করতে, ব্যবসা করতে, কোচিং করাতে, অসুস্থ লোককে সেবা দিতে, সেবামূলক কাজ করতে, রাজনৈতিক সভা করতে। এ সবকিছু সম্ভব হচ্ছে, গ্রাম বা ইউনিয়নে চাকরি করায়। গ্রাম বা ইউনিয়নের বাইরে থাকলে একটু হলেও ব্যস্ততা কমত এবং ওই সময়টুকু শিক্ষার্থীদের দিতে পারতেন। গ্রাম বা ইউনিয়নে কর্মরত শিক্ষকদের শৃঙ্খলা আছে বলে মনে হয় না। সিন্ডিকেট বা বিভিন্ন কৌশলে সমাজের বড় চোখওয়ালাদের কোনো রকমে ভুলিয়ে রাখতে পারলে তো কথাই নেই। তিনিই আদর্শ মানব। চতুর্দিকে তাঁর জয়জয়কার। দুঃখ লাগে, রাস্তার পাশে শিশুটিকে জিজ্ঞেস করে যখন শুনি, ঠিকমতো বিদ্যালয় আরম্ভ হয় না, নির্ধারিত সময় অনুযায়ী ক্লাস হয় না, সহপাঠ কার্যক্রম নেই, বিরতির কোনো সময়ের তাল থাকে না, নির্ধারিত সময়ে ছুটি হয় না, পরীক্ষার আগে প্রশ্ন বলে দেওয়া হয় কিংবা বিভিন্ন কৌশলে পরীক্ষার সময় উত্তর বলে দেওয়া হয়। গ্রামের সাধারণ মানুষ জানে, গ্রামের ছেলেই গ্রামে পড়াচ্ছে। কিন্তু তিনি যে অসাধারণ কাজ করছেন, তা কে দেখবে। কমিটি তো মনের মতো করেই করা আছে। গ্রাম বা ইউনিয়নে নিয়োগ না হলে তার ব্যস্ততা কমে যেত। তিনি লোভের মাত্রা ছেড়ে উদার মনের হতেন। নিজেকে ফুটিয়ে তোলায় ব্যস্ত থাকতেন। প্রাথমিক শিক্ষায় হতো গুণগত পরিবর্তন। তাই প্রাথমিক শিক্ষা নিয়ে ভাবুন। গ্রামের শিক্ষক গ্রামে, ইউনিয়নের শিক্ষক ইউনিয়নে নিয়োগ বন্ধ করুন।মোহাম্মদ আর ইউছুফ, কুমিল্লা।ক্যানসার চিকিৎসাবাংলাদেশে ক্যানসার ইনস্টিটিউট থাকা সত্ত্বেও আমাদের বেশির ভাগ সময় সিঙ্গাপুর অথবা পৃথিবীর উন্নত দেশে প্রচুর অর্থ ব্যয় করে চিকিৎসাসেবা নিতে হয়। মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তরা বিদেশে গিয়ে ক্যানসারের চিকিৎসা নেওয়ার চিন্তাও করতে পারে না। বিপুল পরিমাণ অর্থ খরচ করে তাদের পক্ষে বিদেশে চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। সাধারণ মানুষ ক্যানসারে আক্রান্ত হলে বেশিরভাগক্ষেত্রে বিনা চিকিৎসায় মারা যায়। আমাদের দেশে কি সিঙ্গাপুরের মতো মানের কোনো ক্যানসার হাসপাতাল চালানো যায় না? নিশ্চয় যায়। শুধু প্রয়োজন সরকারের যথাযথ উদ্যোগ ও নীতি। সরকারের প্রতি অনুরোধ, সবার আগে চিকিৎসা খাতে গরিব মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করুন। ব্যয়বহুল চিকিৎসা ও সরকারি হাসপাতালগুলোয় অনিয়ম এবং দুর্নীতির কারণে সরকারি বহু উদ্যোগ ব্যাহত হচ্ছে। একবেলা না খেয়ে থাকা যায়, কিন্তু নিজের সন্তানের চিকিৎসা বন্ধ রাখা যায় না। এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি।মো. নুরুল আনোয়ার, ফেনী।দ্রব্যমূল্যরমজান মাস মুসলমানদের সিয়াম সাধনার মাস। আর কয়েক দিন পর শুরু হতে যাচ্ছে এ মাস। প্রতিবছর রমজান মাস শুরু না হতেই দ্রব্যমূল্য বাড়ার প্রবণতা দেখা যায়। এ মাসের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র যেমন—ছোলা, চিনি, ডাল ও ভোজ্যতেলের দাম লাফিয়ে বাড়তে থাকে। রমজান মাস উপলক্ষে সরকার প্রতিবছর অনেক ব্যবস্থা নিয়ে থাকে, যার কোনোটিই ঠিক মতো কাজ করে বলে মনে হয় না। আর ব্যবসায়ীদের একটাই অজুহাত—পাইকারি বাজারে দ্রব্যের দাম বৃদ্ধি। সরকার বলে, রমজান মাস উপলক্ষে পর্যাপ্ত পণ্য মজুদ রাখা হয়েছে। পর্যাপ্ত দ্রব্য মজুদ থাকলে পণ্যের দাম বাড়বে কেন? পণ্যের দাম লাগামহীন বাড়ার ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন সমাজের মধ্য ও নিম্নবিত্তরা। রমজান মাসে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্য থাকবে, এটাই সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা। কিন্তু বিগত বছরগুলোয় সব সরকার এই সময় বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। একটি প্রভাবশালী মহলের কাছে বারবার সরকারকে হার মানতে হচ্ছে। মহাজোট সরকারের কাছে দেশের সব মানুষের এখন একটাই প্রত্যাশা, সরকার দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।মো. তানভীর রহমানশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।