চিঠিপত্র
সেরা স্কুল-কলেজআমাদের গ্রামের স্কুল ও কলেজে কখনো ভর্তি পরীক্ষা নেওয়া হয় না। এবার যাঁরা এইচএসসি পাস করেছেন, তাঁরা সবাই এসএসসি পরীক্ষায় জিপিএ-৩ পেয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু শিক্ষকদের পরিশ্রম আর তাঁদের অধ্যবসায়ের কারণে এইচএসসি পরীক্ষায় অনেকেই গ্রেড বৃদ্ধি করেছেন। তার পরও ফলাফল প্রকাশের পর সেরা ২০ তালিকায় এই কলেজের নাম নেই। কারণ, জিপিএ-৩ পেয়ে ভর্তি হওয়া ছাত্ররা জিপিএ-৪ পেলেও জিপিএ-৫ পায়নি।অন্যদিকে সেরা ২০-এ জায়গা পেয়েছে শহরের এমন একটি কলেজ, যে কলেজে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে ১৮০ জন ভর্তি হয়েছিল আর এখন এইচএসসিতে ৮০ জন জিপিএ-৫ পেয়েছেন। কলেজটির ১০০ জন পরীক্ষার্থীর গ্রেড এসএসসির থেকে কমলেও কলেজটি সেরা ২০-এ জায়গা পেল। আর আমাদের গ্রামের কলেজের শিক্ষকেরা কষ্ট করে পড়িয়ে জিপিএ-৩ পাওয়াদের জিপিএ-৪-এ উন্নীত করেন। তা সত্ত্বেও তাঁরা বর্তমান ব্যবস্থায় কোনো মূল্যায়ন পেলেন না।এ অবস্থায় আমার মনে হয়, অষ্টম শ্রেণীর ফলাফলের সঙ্গে এসএসসির ফলাফল এবং এসএসসির ফলাফলের সঙ্গে এইচএসসির ফলাফল এবং ভর্তি হওয়ার সময়ের ফলাফলের সঙ্গে পরবর্তী পাসের ফলাফল তুলনা করে কতটুকু বৃদ্ধি করতে পেরেছে তা আমলে নিয়ে সেরা ২০ স্কুল-কলেজ নির্বাচন করলে ভালো হয়। এতে যাঁরা জিপিএ-৫ ভর্তি করিয়ে জিপিএ-৫ অর্জন করেছেন তাঁরা নন, যাঁরা যত্ন নিয়ে পড়িয়ে ফলাফল ভালো করিয়েছেন তাঁদের মূল্যায়ন হবে।হুমায়ুনমুরাদনগর, কুমিল্লা।সড়ক দুর্ঘটনার শাস্তিসড়ক দুর্ঘটনায় প্রতিদিনই অনেক মূল্যবান প্রাণ অকালে ঝরে যাচ্ছে। আর আহত হয়ে অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছেন। সব খবর তো আর গণমাধ্যমে আসে না, যেগুলো আসে সেগুলোই তো অনেক বেশি।রাস্তায় হাঁটতে গেলে কিংবা গাড়িতে অবস্থান করলেও চালকের দাপটে মনে হয় প্রাণটা বুঝি এখনই চলে যাবে। চালকের হিংস্রতায় প্রাণ হাতে নিয়ে চলতে হয়। সবাই বলে—কোনো চালক ইচ্ছে করে একটা ক্ষুদ্র প্রাণীও মারতে চান না। আমিও তা-ই মনে করি। কিন্তু বেশি লাভের আশায় রাস্তায় প্রয়োজনে-অপ্রয়োজনে গাড়ি দাঁড় করিয়ে অনেক সময় নষ্ট করেন চালকেরা। একপর্যায়ে হাতে সময় কম থাকে বলে বেহুঁশ হয়ে অতিরিক্ত গতিতে গাড়ি ছুটিয়ে চলেন। বহু দুর্ঘটনার প্রধান কারণ এটাই। আরও যেসব কারণে দুর্ঘটনা ঘটে সেগুলোর বেশির ভাগেরই সম্পূর্ণ দায় চালকের।কিন্তু সড়ক দুর্ঘটনার সর্বোচ্চ শাস্তি মাত্র তিন বছরের সশ্রম কারাদণ্ড। এর ফলেই চালকেরা প্রশ্রয় পেয়ে যান। সড়ক দুর্ঘটনার শাস্তি আরও বাড়ানো দরকার। কিছু কিছু ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির বিধান রাখার কথাও ভাবা দরকার।দুর্ঘটনা ঘটলেই এর বিরুদ্ধে ক্ষণকালের জন্য সবাইকে সোচ্চার হতে দেখা যায়। সরকারের উচিত চালকদের সচেতনতা বাড়াতে নিয়মিত কর্মশালার ব্যবস্থা করা। আর মালিকদের উচিত চালকদের জন্য উপযুক্ত বেতন দেওয়া, যাতে চালকেরা অতিরিক্ত লাভের আশায় হন্যে হয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনা না ঘটান।মোহাম্মদ নাসির খানচাঁদপুর।প্রাকৃতিক গ্যাসবর্তমানে প্রাকৃতিক গ্যাসস্বল্পতার জন্য আমাদের বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। কোনো কোনো সার কারখানা বন্ধ রাখতে হচ্ছে। কয়েক বছর আগে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে ভারতে গ্যাস রপ্তানি নিয়ে অনেক বিতর্ক শুনেছি। তখনই একটি কথা শুনেছি, একই পাইপলাইনের মাধ্যমে ইচ্ছে করলে বাংলাদেশও গ্যাস ক্রয় করতে পারবে। আমাদের বর্তমান গ্যাস সংকট থেকে উত্তরণের জন্য কয়লা/তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের তোড়জোড় লক্ষ করা যাচ্ছে। কিন্তু পাশাপাশি মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস ক্রয়ের কোনো চিন্তাভাবনা সরকারের রয়েছে বলে জানা যাচ্ছে না। আমি মনে করি, বর্তমান জ্বালানি সংকট থেকে উত্তরণে স্বল্পমেয়াদী সহজতম উপায় হতে পারে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আমদানি। মিয়ানমার থেকে ভারতগামী পাইপলাইনের জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু বাংলাদেশের জন্য গ্যাস আমদানি নিয়ে এ ধরনের বিতর্কের অবকাশ আছে বলে মনে করি না। অতএব, কয়লা/তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পাশাপাশি মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আমদানির উদ্যোগ নেওয়া হোক। রাগিব আহসানমিরপুর, ঢাকা।