চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়দেশের বিশ্ববিদ্যালয়গুলো প্রধানত দুটি কারণে প্রায়শই অস্থিতিশীল হয়ে ওঠে; নিছক দলীয় লেজুড়বৃত্তিক রাজনৈতিক সহিংসতা ও দখলদারীর মতো ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট এবং বেতন ও অন্যান্য ফি বৃদ্ধির মতো সামষ্টিক কারণে। সামষ্টিক আন্দোলনে অংশগ্রহণ ও সমর্থন থাকে প্রায় সব সাধারণ শিক্ষার্থীর। কর্তৃপক্ষ এ রকম আন্দোলন দমন করতে বরাবরই প্রশাসনের খড়গ এবং সরকারপক্ষের রাজনৈতিক দলের ক্যাডারদের ব্যবহার করে থাকে। অতীতের বহুবারের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেতন ও অন্যান্য ফি বৃদ্ধির ঘোষণার পর পরই শিক্ষার্থীরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং শুরুতে শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে এর সমাধান চান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই ফি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অসামঞ্জস্য নয় উল্লেখ করে ফি প্রত্যাহারে অস্বীকৃতি জানান। তদুপরি কয়েকটি বাম ছাত্র সংগঠন সম্মিলিতভাবে এই আন্দোলনে নেতৃত্ব দিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষুব্ধ করছে বলে মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের একজন অভিভাবকের এহেন পক্ষপাতদুষ্ট বক্তব্য অবশ্যই কাম্য নয়। তিনি শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিতে পারতেন, তাঁদের সঙ্গে আলোচনা করতে পারতেন। ছাত্র-ছাত্রীরা আশু দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন কর্মসূচি ক্যাম্পাসে সীমাবদ্ধ না রেখে অবস্থান নেন ষোলশহর রেলস্টেশনে। আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের মধ্যে কিছু শিক্ষার্থী উদ্দেশ্যপ্রণোদিতভাবে আন্দোলন নস্যাত্ করতে এবং কিছু অবিমৃষ্য শিক্ষার্থী শান্তিপূর্ণ আন্দোলনের রীতি না জেনে অযথাই যানবাহন ভাঙচুর করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর জন্য মূলত প্রকৃত দোষীরা খুব কমই গ্রেপ্তারের শিকার হন। প্রশাসনের ভূমিকা ছিল ভয়ংকর এবং নিঃসন্দেহে ন্যক্কারজনক। পত্রিকায় যেভাবে পুলিশের লাঠিচার্জের ছবি ও খবর ধারাবাহিকভাবে এসেছে তা ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবকদের জন্য অবশ্যই বিচলিত হওয়ার মতো। উপাচার্যের নেতৃত্ব কত নির্লিপ্ত হতে পারে তা শুধু ছাত্রীদের ওপর পুলিশের বেধড়ক লাঠিপেটা দেখলেই ঠাহর করা যায়। এ কথা নির্জলা সত্য যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষা, ন্যূনতম আবাসন-সুবিধা, খাবার, যাতায়াত ইত্যাদি নিশ্চিত করতে কর্তৃপক্ষ ব্যর্থ হন কিন্তু ফি বছর বেতন ও অন্যান্য ফি বৃদ্ধি করতে এবং এর প্রতিবাদ করলে তাঁদের পিঠে লাঠিচার্জ করতে এতটুকু দ্বিধা করেন না। পরিস্থিতি শান্ত করার প্রয়াসে সিন্ডিকেট বৈঠকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো দেড় মাসের জন্য। এটা কি শিক্ষার্থীদের সার্বিক স্বার্থ রক্ষার কোনো সিদ্ধান্ত হতে পারে? মধ্যবিত্ত এই ছাত্র-ছাত্রীগুলোর পিঠে আর কত? বেতন, ফি-র বোঝা, লাঠিপেটা, সেশনজট—কী আর বাকি? বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উন্নতির অজুহাতে, অন্তরালে ন্যায্য আন্দোলনকে দুর্বল করার জন্য বিশ্ববিদ্যালয় এমন দীর্ঘদিন বন্ধ রাখার সিদ্ধান্ত অবশ্যই অযৌক্তিক। বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী এ ধরনের সিদ্ধান্তের সব সময়ই বিরোধিতা করেছে। আটক সব ছাত্রকে মুক্তি দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সংকট নিরসনই ছিল কাম্য। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, বিশ্ববিদ্যালয়ের প্রাণ শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করতে সচেষ্ট হোন।রউফুল আলম সাবেক শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।