চিঠিপত্র
রংপুরে রেল-সমস্যাবাংলাদেশ রেল যোগাযোগের ক্ষেত্রে আন্তনগর ট্রেনের মাধ্যমে নবযুগ শুরু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন জেলা স্টেশন থেকে ঢাকা পর্যন্ত অনেক আন্তনগর ট্রেন চলছে। ভৌগোলিক কারণে রংপুর থেকে সরাসরি কোনো আন্তনগর ট্রেনে ঢাকায় যাওয়া যায় না। মাঝপথে গাড়ি বদল করতে হয়। অথচ সামান্য কিছু কাজ করলে গাড়ি বদল না করেই রংপুর থেকে সরাসরি রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন জায়গায় যাওয়া সম্ভব। এর জন্য রংপুর থেকে পীরগাছা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার নতুন রেললাইন তৈরি করতে হবে। সেই সঙ্গে আরও কিছু কাজ হবে; যেমন: ক. লালমনিরহাট থেকে রংপুর-পীরগাছা হয়ে ঢাকা আন্তনগর ট্রেন চললে রংপুরের পাশে ছোট শহর যথা লালমনিরহাট, তিস্তা, কাউনিয়া, পীরগাছা ও কুড়িগ্রাম জেলায় উন্নয়নের ছোঁয়া লাগবে। এই জেলাগুলোর মানুষ উন্নত চিকিৎসাসুবিধা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ পাবে। খ. বর্তমানে ঢাকা শহরের পাশে কয়েকটি স্যাটেলাইট শহর গড়ার কথা হচ্ছে। তাতে জনসংখ্যার চাপ অনেক কমবে। সেই চিন্তা মাথায় রেখে রংপুর শহরকেও এখন থেকে সেভাবেই গড়ে তোলা প্রয়োজন। সেভাবে চিন্তা করলে রংপুর-পীরগাছা নতুন রেললাইন নিয়ে রংপুর-পীরগাছা-কাউনিয়া-লালমনিরহাট-রংপুর সার্কুলার রেল হিসেবে গড়ে উঠতে পারে, যা অদূর ভবিষ্যতে সারা দেশে উদাহরণ হিসেবে গণ্য হবে। উল্লিখিত বিষয়গুলো চিন্তা করে পীরগাছা-রংপুর রেল লাইন তৈরি করা জরুরি। যদি কোনো দিন আব্দুলপুর -রাজশাহী ডুয়েল গেজ রেললাইন হয়, তবে সরাসরি যোগাযোগ হবে লালমনিরহাট-রংপুর-ঢাকা, লালমনিরহাট-রংপুর-চট্টগ্রাম, লালমনিরহাট-রংপুর-সিলেট ও লালমনিরহাট-রংপুর-রাজশাহী।এ ছাড়াও অচিরেই কক্সবাজার পর্যন্ত লাইন হবে। সে ক্ষেত্রে পর্যটনসুবিধার সঙ্গে রংপুরের সহজ যোগাযোগ হবে।মো. আমিনুল ইসলামরংপুর।