চিঠিপত্র
বিলবোর্ডের নগরঢাকা এখন বিলবোর্ডের নগর। প্রতিদিন বিলবোর্ডে ঢেকে যাচ্ছে ঢাকা। গলি থেকে রাজপথ, মোড়ে মোড়ে, বাড়ির ছাদে শোভা পায় চোখ ধাঁধানো সব বিলবোর্ড। ঢাকা সিটি করপোরেশনের নিষেধাজ্ঞা থাকলেও কে তা কদিন মানে! ঢাকা শহরকে বিলবোর্ড যেন ছাড়তেই চায় না। আদালতের নির্দেশ থাকলে অভিযান কিছুদিন চলে, পরে আবার তা গতিহীন হয়ে যায়। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের হরেক বিজ্ঞাপন-সংবলিত শত শত বিলবোর্ডে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ছাড়াও অলিগলি ছেয়ে গেছে। আদালতের নির্দেশ থাকলেও ঢিমেতালে চলছে রাজধানীর সৌন্দর্য নষ্টকারী অবৈধ ও অপরিকল্পিত বিলবোর্ড অপসারণের প্রক্রিয়া। বিলবোর্ড ভেঙে পড়ে মৃত্যুর ঘটনার পর ডিসিসির অবৈধ ও অপরিকল্পিত এসব বিলবোর্ড উচ্ছেদ অভিযানে সক্রিয়তা দেখে নগরবাসী মনে করেছিল এবার বোধ হয় কর্তৃপক্ষের টনক নড়েছে। কিন্তু অদৃশ্য কারণে তা আবার ঝিমিয়ে পড়ছে। বিলবোর্ডের পুনঃস্থাপনের সংস্কৃতি থেকে মুক্তি পাচ্ছে না ঢাকা। বিলবোর্ড নিয়ে গড়ে উঠেছে কোটি টাকার বাণিজ্য। ডিসিসির কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় চলছে এই বাণিজ্য।ঢাকায় সর্বত্র বিলবোর্ড যেন ওত পেতে থাকা মৃত্যু আর দুর্ঘটনা। কিছু কিছু স্থানে বিলবোর্ড এত উঁচুতে স্থাপন করা হয়েছে, যেন তা দুর্ঘটনাকে আরও ত্বরান্বিত করছে। গত ১৫ মার্চ গুলশান ১ নম্বরে বিলবোর্ড ভেঙে পড়ে একজন প্রাইভেটকারচালক এবং ফাস্টফুড দোকানের একজন কর্মচারী মারা যান। এ ছাড়া ওই ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন। বিলবোর্ড শুধু সমস্যাই সৃষ্টি করছে না, এর কারণে বিদ্যুতের অপচয় হচ্ছে। কারণ, বিলবোর্ডের সৌন্দর্য বাড়াতে প্রচুর বিদ্যুতের প্রয়োজন। সুতরাং, অবৈধ বিলবোর্ড অপসারণ এবং বিলবোর্ড স্থাপন-সংক্রান্ত সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. তানজিলশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।