চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নপত্রে ভুলসম্প্রতি অনুষ্ঠিত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রে ভুল-সম্পর্কিত অভিযোগের খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা অভিযোগ করেছেন, একটি ভুলেভরা প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। দেখা গেছে, প্রশ্নপত্রের ২ নম্বর সেটের ৬১ থেকে ৮০ নম্বর পর্যন্ত ২০টি প্রশ্নেই নির্দেশনা ভুল ছিল। শুধু তা-ই নয়, আরও অনেক ভুলের চিত্র তুলে ধরা হয়েছে।সরকারি চাকরির ক্ষেত্রে বিসিএস পরীক্ষা যথেষ্ট গুরুত্ব বহন করে। এ পরীক্ষার সফলতার ওপর নির্ভর করে আমাদের দেশে চাকরির বাজারে সোনার হরিণের মতো একটি দুর্লভ বস্তুকে পাওয়া ও না পাওয়ার বিষয়টি। তাই এমন ধরনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্রে এত ভুলের সমাবেশ নিঃসন্দেহে দেশের সচেতন মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। প্রশ্নপত্রে ভুলের বিষয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান বলেছেন, ‘অনেক বড় বড় মানুষ প্রশ্নপত্র প্রণয়ন ও যাচাই করেছেন। আমি আগে প্রশ্নপত্র দেখিনি।’ তাঁর এ বক্তব্য শুধু দায় এড়ানোর চেষ্টা ছাড়া কিছুই নয়। এ কথা কখনোই আশা করা যায় না, তিনি যদি প্রশ্নপত্র আগে দেখতেন তবে সব ভুল ধরিয়ে দিতে পারতেন এবং একটি নির্ভুল প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া সম্ভব হতো। তবে প্রশ্নপত্র সঠিকভাবে প্রণীত হয়েছে কি না, এবং কোথাও কোনো অসংগতি আছে কি না, এসবের খোঁজখবর নেওয়া তাঁর দায়িত্বের মধ্যেই পড়ে। তিনি বড় বড় মানুষ দিয়ে প্রশ্নপত্র প্রণয়ন ও যাচাইয়ের কথা বলেছেন। দেশের সব বড় বড় মানুষের কাছে জাতির প্রত্যাশাও অনেক বড়। তাই বিসিএসের মতো বহুল গুরুত্বপূর্ণ একটি প্রশ্নপত্রে নানা ধরনের ভুলের কথা জাতিকে হতাশ করে, যা অনেকটাই অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত।আমরা ব্যাপারটিকে যে যেভাবেই দেখি না কেন, এখন প্রশ্ন আসে পরীক্ষা তো হয়েই গেছে, তাহলে আর কী হবে? নিশ্চয়ই পিএসসি কর্তৃপক্ষ একটি সমন্বয়ের মাধ্যমে বিষয়টির সুরাহার কথা বলবে। কিন্তু ব্যাপারটিকে আমরা যত সহজভাবেই দেখার চেষ্টা করি না কেন, প্রকৃতপক্ষে তত সহজ নয়। প্রশ্নপত্রে ভুল থাকার কারণে অনেক পরীক্ষার্থী সঠিক উত্তরদানে ব্যর্থ হয়েছেন। কাজেই তাঁদের তুল্য নম্বর স্বাভাবিকভাবেই কমে আসবে। এর ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ করা যাবে পরীক্ষার ফলাফল বের হওয়ার পর। অনেক মেধাবী পরীক্ষার্থী প্রশ্নপত্র ভুলের কারণে যখন কৃতকার্য হতে পারবেন না, তখন দেশময় একটা হইচইয়ের সৃষ্টি হবে। এ পরিস্থিতি এড়ানোর জন্য এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার—তা হচ্ছে এই পরীক্ষা বাতিল করে একটি নির্ভুল প্রশ্নপত্রের মাধ্যমে পুনরায় পরীক্ষা নেওয়া। অন্যথায় এ পরীক্ষা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে।শাহ আবুল হোসেন, মুন্সীপাড়া, রংপুর।রেলওয়ে প্রকৌশলরেলওয়ে ও আইসিটি নামে দুটি আলাদা মন্ত্রণালয় করার সরকারি সিদ্ধান্তটি এ সময়ের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। এর ফলে দেশের উন্নয়নের গতি আরও অনেক বাড়বে, এমন আশা করা যায়। তবে এই দুটি মন্ত্রণালয়ের সহকারী সচিব থেকে শুরু করে সচিব পর্যন্ত পদগুলো যাতে বিসিএস (রেলওয়ে) ও সংশ্লিষ্ট সেক্টর থেকে পূর্ণ করা হয়, সেদিকে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছি। একই সঙ্গে রেলওয়ে ও তথ্য যোগাযোগ সেক্টরের জন্য আলাদাভাবে ‘প্রকৌশল বিভাগ’ খোলার বিষয়টিও সরকারের ভেবে দেখা উচিত। এ জন্য আলাদাভাবে রেলওয়ে প্রকৌশল কিংবা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে আলাদাভাবে স্নাতক পর্যায়ে পড়াশোনার সুযোগ সৃষ্টির বিষয়টি সরকারের ভেবে দেখা দরকার।আ. জলিলশাহবাগ, ঢাকা।সেশনজটগত ২৯ জুলাই দৈনিক প্রথম আলোয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আত্মহত্যার খবরে যেমন ব্যথিত হলাম, তেমনি অজানা এক আশঙ্কা মনে ভর করল। এটা স্বাভাবিক কোনো মৃত্যু তো নয়। এক মেধাবী শিক্ষার্থী একটি বিশ্ববিদ্যালয়ের এক অন্যায় সংস্কৃতির শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তাঁর এই অকাল মৃত্যুতে আমরা হারালাম আমাদের এক সহপাঠীকে, এক অগ্রজকে; আর তাঁর পরিবার হারাল তাদের দীর্ঘদিনের লালিত এক স্বপ্নকে। সমবেদনা জানাচ্ছি তাঁর শোকার্ত পরিবারের প্রতি।মৃত্যুর আগে সেই শিক্ষার্থী চিরকুটে লিখে গিয়েছেন, তাঁর আত্মহত্যার জন্য বিশ্ববিদ্যালয় দায়ী, সেশনজট দায়ী। যদি তিনি ওই চিরকুটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দায়ী না করে কোনো ব্যক্তিকে দায়ী করে যেতেন, তাহলে নিশ্চয়ই এতক্ষণে তাঁর বিরুদ্ধে মামলা হতো, শাস্তির ব্যবস্থাও হতো। কিন্তু আজ যে মৃত্যুর জন্য তিনি বিশ্ববিদ্যালয়কে দায়ী করে গেছেন, আমরা কি আশা করতে পারি না সেই বিশ্ববিদ্যালয়কে এই মৃত্যুর জন্য কাঠগড়ায় দাঁড় করানো হবে, জবাবদিহি নেওয়া হবে; যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী সময়ে এ ব্যাপারে সচেতন হয়।তাঁর এ মৃত্যু প্রমাণ করে দিয়ে গেল, সেশনজট একজন ছাত্রের জন্য কতটা হতাশা, আর কতটা কষ্টের। এ রকম স্বপ্নের মৃত্যু শুধু এবার নয়, অতীতেও ঘটেছে শুধু আমাদের জরাজীর্ণ শিক্ষাব্যবস্থার কারণে। যে ছাত্রটি আজ সাফল্যের সব কটি ধাপ পেরিয়ে হাসিমুখে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পদার্পণ করছেন, সেই ছাত্রটিই গ্র্যাজুয়েশন সম্পন্ন করে বাড়ি ফিরছেন হতাশাভরা ক্লান্তিমাখা মুখ নিয়ে। এ লজ্জা কি পুরো জাতির নয়?পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজে আজ পড়াশোনার পাশাপাশি চলছে হরেক ব্যবসা। নানা প্রকল্পে কাজ করা, দলবাজির রাজনীতিতে ব্যস্ত থাকা কিংবা প্রাইভেট পড়ানো, কোচিং নিয়ে শিক্ষকেরা আজ অনেক ব্যস্ত। অনেক শিক্ষক উচ্চতর ডিগ্রির নাম করে বছরের পর বছর বিদেশে অবস্থান করছেন। ফলে বিভাগগুলো হয়ে পড়ছে শিক্ষকশূন্য। আবার যে শিক্ষকেরা থাকেন, তাঁরাও তাঁদের দায়িত্বে আন্তরিক না থাকায় ক্লাস না হওয়া, পরীক্ষা বিলম্বিত হওয়া, উত্তরপত্র দেখতে দেরি হওয়া এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। টেন্ডারবাজি, হল দখলকে কেন্দ্র করে অন্তঃকোন্দল, সংঘর্ষের মতো ঘটনাগুলো শিক্ষাজ্ঞানের সাধারণ চিত্র হয়ে ওঠার পেছনে এগুলোর বিরাট ভূমিকা আছে।সেশনজট কমানোর দিকে কারও কোনো নজর নেই। এই জটের ফাঁদে আটকা পড়ছেন পরিবারের আদরের সন্তানটি আর তাঁর উজ্জ্বল স্বপ্ন। যেহেতু এর সঙ্গে আমাদের জাতির স্বার্থ জড়িত, তাই উত্তরণের পথ আমাদের খুঁজে বের করতেই হবে। শিক্ষক, ছাত্র, রাজনৈতিক দলগুলোর আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতেই হবে। নিয়মিত ক্লাস পরীক্ষা, সময়মতো ফলাফল প্রকাশ—সবই সম্ভব, যদি আমরা সবাই নিজ নিজ দায়িত্বে আন্তরিক হই। আর কোনো স্বপ্নের অপমৃত্যু আমরা চাই না। যে স্বপ্ন নিয়ে একজন ছাত্র শিক্ষাঙ্গনে প্রবেশ করে, তার চেয়ে অনেক বেশি প্রাপ্তি নিয়ে সে যেন তার ক্যাম্পাস ত্যাগ করতে পারে, এটাই প্রত্যাশা। প্রতিটি ক্যাম্পাসে একটি আত্মতৃপ্তির জয়গান উঠুক, লালিত হোক সুন্দর স্বপ্নগুলো। প্রত্যেকের স্বপ্নগুলো যেন আরও বড় হয়ে উঠতে পারে, যে স্বপ্নে আলোকিত হবে পুরো জাতি। নিশ্চয়ই এটা কোনো অরণ্যে রোদন নয়।রণজয় কৈরীশিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।