চিঠিপত্র
বিদ্যালয়ে কোচিংএ বছর থেকে অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে। পঞ্চম শ্রেণীর সমাপনী গত বছর থেকে শুরু হয়েছে। দিন বদলের হাওয়ায় শিক্ষা ব্যবস্থায়ও পরিবর্তন এসেছে। বর্তমান সরকার ছাত্রছাত্রীদের জন্য অনেক উদ্যোগ নিয়েছে। যেকোনো শুভ উদ্যোগ সবার জন্যই কল্যাণকর। কিন্তু প্রদীপের আলো যত বেশি হয় তার নিচের অন্ধকার ছায়াটাও বাড়তে থাকে। গত কয়েক মাস ধরে রাজধানীর প্রায় প্রতিটি বিদ্যালয়েই এ পরীক্ষাগুলোর বাহানায় বাধ্যতামূলক কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যা এখনও চলছে, এর জন্য কোচিং ফি এবং মডেল টেস্ট নেওয়া হচ্ছে এবং তার জন্যও অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে। যেসব ছাত্রছাত্রী এর আওতায় আসতে চাইছে না তাদের নানা ভয়ভীতি দেখানো হচ্ছে। যেখানে বেশির ভাগ ছাত্রছাত্রী বেতনই ঠিকমতো দিতে পারছে না সেখানে অতিরিক্ত কোচিং ফি এবং পরীক্ষার ফি দিতে গিয়ে অভিভাবকেরা হিমশিম খাচ্ছেন। অভিভাবকদের কোনো কথাতেই তারা কর্ণপাত করছেন না। তাদের এক কথা শতভাগ পাস দেখাতে হবে এবং এর জন্য কোচিং ছাড়া কোনো পথ নেই। কোচিং ক্লাস নিয়ে যত আগ্রহ ততটা আগ্রহ শ্রেণীকক্ষে পাঠদানের ব্যাপারে নয়। অনেকের সঙ্গে আমারও কথা শ্রেণীকক্ষে শিক্ষকেরা কী করেন? শ্রেণীকক্ষে যদি সঠিকভাবে পাঠদান করা হয়, তবে কোচিং প্রয়োজন হবে কেন?যেকোনো বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ব্যাপারে একটা প্রক্রিয়া অনুসরণ করা হয়। সেখানে কোথাও লেখা থাকে না একজন শিক্ষককে কোচিং করিয়ে শিক্ষার্থীর মেধার বিকাশ ঘটাতে হবে। কিছুদিন আগে ঢাকার কোনো এক বিদ্যালয়ের কোচিংয়ের খবর এক চ্যানেলে দেখানোর পর ব্যাপারটি শিক্ষামন্ত্রীর নজরে আসে এবং এ ব্যাপারে তিনি সাবধান করে দেন। তাঁর সাবধান বাণীর পরও এই রাজধানীতে প্রায় প্রতিটি বিদ্যালয়ে কোচিং ক্লাস চলছে। মন্ত্রীর সাবধান বাণীকে তাঁরা পাত্তাই দিচ্ছেন না। তাঁদের ভাব এমন মন্ত্রীর কথা মন্ত্রী বলেছেন, আমাদের কাজ আমরা করে যাব। সূর্যের চেয়েও যদি বালি বেশি তপ্ত হয়ে যায়, সেখানে কল্যাণকর কিছু হতে পারে না। মন্ত্রীর কাছে আমার অনুরোধ এ ব্যাপারে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করে শিক্ষাঙ্গন থেকে এসব কোচিং বাণিজ্য বন্ধ করে অসহায় ছাত্রছাত্রীদের এবং তাদের অভিভাবকদের রক্ষা করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী অভিভাবক, ডেমরা, ঢাকা।দাহ্য পদার্থের গুদামসিলেটের নগরীর প্রাণকেন্দ্র চৌহাট্টা-মীরবক্সটুলায় অনেক গুরুত্বপূর্ণ বহুতল বাণিজ্যিক ভবন নির্মিত হয়েছে। এ ছাড়া রয়েছে মহিলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বেশ কিছু ক্লিনিক ও প্যাথলজি। এর সঙ্গে রয়েছে জনবহুল বহুতল আবাসিক ভবন। এই এলাকার একটি ভবনের নিচতলায় পেট্রোলিয়ামজাত অতি দাহ্য পদার্থের গুদাম। এই গুদাম থেকে প্রতিনিয়ত কেরোসিন, ডিজেলসহ নানা দাহ্য পদার্থ খুচরা ও পাইকারি বিক্রি হয়। গুদামটি রাস্তাসংলগ্ন এবং এর পাশে রয়েছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক, রবি ও ওয়ারিদের কাস্টমার কেয়ার সেন্টার বা বিভাগীয় অফিস এবং কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইনস অফিস। তদুপরি রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান।অতি গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক এলাকার অনুমোদিত পেট্রোলিয়াম মজুদ ও বিক্রয়কেন্দ্র থেকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাস্তার পাশে অবস্থানের কারণে অসাবধানতাবশত পথচারীর নিক্ষিপ্ত সিগারেট বা দেশলাইয়ের আগুনে ঘটে যেতে পারে দুর্ঘটনা। সাইনবোর্ডবিহীন ওই পেট্রোলিয়াম মজুদকেন্দ্রে কোনো অগ্নিনিরোধক ব্যবস্থা নেই। এ অবস্থায় উল্লিখিত ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ওই মজুদকেন্দ্র অপসারণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।আবদুর রহমান, মীরবক্সটুলা, সিলেট।