চিঠিপত্র
বিসিএস পরীক্ষা৩০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে দুই রকমের বক্তব্য পাওয়া যাচ্ছে। এক পক্ষের আইনজীবী বলছেন, ‘ফল প্রকাশে কোনো বাধা নেই’ আর অন্য পক্ষের আইনজীবী বলছেন, ‘শুনানির আগে ফল প্রকাশ করা যাবে না’। আবার বলা হচ্ছে—তিনটি সেটের মধ্যে শুধু ২ নম্বর সেটের প্রশ্নে অসংগতি থাকার পুনরায় পরীক্ষা নিলে অন্তত এক লাখ পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু একজন সাধারণ পরীক্ষার্থী হিসেবে এটুকু বুঝি, সুষ্ঠুভাবে পুনরায় পরীক্ষা নেওয়া হলে একজন শিক্ষার্থীও ক্ষতিগ্রস্ত হবে না। কারণ যাঁরা পড়াশোনার মাধ্যমে জ্ঞানার্জন করে পরীক্ষায় অংশ নেবেন, আশা করা যায় তাঁরা সবাই ভালো করবেন। বিপরীতে উদ্ভূত পরিস্থিতিতে উত্তরপত্র যেভাবেই মূল্যায়ন করা হোক না কেন, পরীক্ষার্থীদের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হবেই হবে। অনিশ্চয়তার এই সময়ে একেকটি বিসিএস পরীক্ষাকে কেন্দ্র করে দরিদ্র অথচ মেধাবীদের অনেক স্বপ্ন থাকে। তাই সরকারি কর্মকমিশনের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যা তাঁদের একটি সুষ্ঠু প্রতিযোগিতামূলক পরীক্ষার অধিকারবঞ্চিত করেন। তাঁদের স্বপ্নগুলোকে নিমেষেই ধূলিস্মাৎ না করে পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।সাহরিয়ারশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।সেশনজটপ্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ধাপ পেরিয়ে যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পান, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অতিপরিচিত সেশনজট শব্দটিকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের হতাশার চাদর মুড়িয়ে মানসিকভাবে ভেঙে পড়তে হয়। লালিত স্বপ্নকে বাঁচিয়ে রাখার সামর্থ্যটুকু যেন তাঁরা হারিয়ে ফেলেন সেশনজটের জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদি অনার্স কোর্স শেষ করতে সময় লাগে ছয়-সাত বছর আর এক বছর মেয়াদি মাস্টার্স কোর্স শেষ করতে সময় লাগে দুই বছর। বছর ঘুরে বছর এলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বছর শেষ হয় না। যেখানে অনার্স-মাস্টার্স পর্যন্ত পাঁচ বছর সময় লাগার কথা, সেখানে যদি নয়টি বছর লেগে যায়, তাহলে একজন শিক্ষার্থীর জীবনে যে শ্লথতা আসে, সেটা বাকি জীবনের ওপর প্রভাব ফেলে। একজন শিক্ষার্থীর যে চারটি বছর অপচয় হলো, এর জন্য কে দায়ী? এই অতিরিক্ত চার বছরই একজন শিক্ষার্থীর জন্য হতাশার দরজা উন্মুক্ত করে দেয়।সেশনজট যে একজন শিক্ষার্থীর জন্য কতটা হতাশা আর কতটা কষ্টের ও ভয়ংকর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের মৃত্যুই তার উৎকৃষ্ট প্রমাণ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিয়ে অনেক সময় অনেক ছাত্র পত্রিকায় লেখালেখি করলেও কর্তৃপক্ষ হয়তো সেগুলো আমলে নেয়নি, যার দরুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমানোর দিকে কারও কোনো নজর নেই। গত দু-এক বছরের তুলনায় এখন সেশনজট আরও বাড়ছে। ২৩ আগস্ট থেকে চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগের সেশনজট অনুযায়ী এই পরীক্ষা আরও দুই মাস আগে শেষ হওয়ার কথা। কিন্তু তা না হয়ে দুই মাস পিছিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার কারণে প্রথম বর্ষের (২০০৮-০৯) পরীক্ষাও দুই মাস পিছিয়ে গেল। প্রথম বর্ষের শিক্ষার্থীরা প্রায় পাঁচ মাস আগে নির্বাচনী পরীক্ষা সম্পন্ন করলেও এখনো বর্ষ ফাইনাল পরীক্ষার অপেক্ষায় অলস দিন কাটাচ্ছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজটের কারণ চিহ্নিত করে সমস্যার সুষ্ঠু সমাধান দিয়ে সেশনজট কমানোর জন্য কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এবং অত্যন্ত হতাশা ও তীব্র ক্ষোভের সঙ্গে ঘৃণা প্রকাশ করছি এসব অথর্ব কর্মকর্তার প্রতি, যাঁদের দুর্নীতি, অসততা, অস্বচ্ছতা ও ধীরতার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গর্বভরে, স্বমহিমায় আধিপত্য বিস্তার করছে সেশনজট নামক অশুভ শব্দটি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সদিচ্ছা এবং মাননীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপই এই বিশ্ববিদ্যালয়ের সেশনজট দূর করতে পারবে বলে আমরা শিক্ষার্থীরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সাতিল তালুকদার, ফার্মগেট, ঢাকা।খেলার মাঠগত ৪ আগস্ট প্রথম আলোয় তানভীর মোকাম্মেলের লেখায় একটি বাস্তব সমস্যার প্রতি দৃষ্টিপাত করা হয়েছে। এ জন্য তাঁকে ধন্যবাদ। খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের জন্য জরুরি। কিন্তু আমাদের যুবসমাজের সুস্থ বিনোদনের এখন খুবই অভাব। সারা দেশেই এই সমস্যা বিদ্যমান। আর ঢাকায় তো এটি আরও প্রকট। ঢাকা মহানগরে কিশোর-কিশোরীদের খেলাধুলার পর্যাপ্ত সুযোগ নেই। কিশোরীদের বেলায় এই সমস্যা আরও বেশি। সুস্থ বিনোদন ও খেলাধুলার পর্যাপ্ত সুবিধা না থাকায় অধিকাংশ কিশোরী নানা মানসিক জটিলতায় ভোগে। আমি ধানমন্ডির এলাকার বাসিন্দা। চোখের সামনে কীভাবে একটি আবাসিক এলাকা একটি বাণিজ্যিক এলাকায় পরিণত হতে পারে তার একজন নীরব সাক্ষী। বর্তমানে বখাটেদের উৎপাতবিরোধী ও মাদকবিরোধী আন্দোলনে আমরা সোচ্চার। এসব সামাজিক সমস্যার পেছনে অন্যতম কারণ বিনোদনের পর্যাপ্ত সুযোগ না থাকা। একজন মানুষ তার বিনোদনের চাহিদা সুস্থ ধারায় মেটাতে সক্ষম হলে সাধারণত সে অসুস্থ কোনো পন্থা অবলম্বন করে না। সুতরাং ইভ টিজিং ও মাদকের অভিশাপ থেকে রক্ষা পেতে হলে অবশ্যই খেলাধুলার সুব্যবস্থা রাখতে হবে।রাবেয়া সুলতানাশিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।বাকৃবির বাস সার্ভিসদক্ষিণ-পূর্ব এশিয়ার উচ্চতর কৃষি শিক্ষা গবেষণার অন্যতম বিদ্যাপীঠ ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। কালের পরিক্রমায় এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সুনামের ধারা অব্যাহত রেখেছে। পরিবহন শাখার তত্ত্বাবধানে এই বিশ্ববিদ্যালয়ের রয়েছে নিজস্ব বাস সার্ভিস, যা ক্যাম্পাস থেকে শহরে নিয়মিত চলাচল করে। কিন্তু অতি দুঃখ ও ক্ষোভের সঙ্গে বলতে হয়, বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে ‘নতুন’ বাসটি আছে, সেটির বয়স প্রায় ২০ বছর! সহজেই অনুমেয়, অন্যগুলোর কী অবস্থা!হঠাৎ করে বাসের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ঘটনা মাঝে মাঝেই ঘটছে। তখন সবাই মিলে ধাক্কা দিয়ে বাস চালু করে কোনো রকমে চালিয়ে নেওয়া হয়। এ ছাড়া বাসগুলোর ভেতরের অবস্থাও খুবই নাজুক। এতে করে শিক্ষার্থীদের যেমন নানা সমস্যার সম্মুখীন হতে হয়, তেমনি যেকোনো সময়েই ঘটে যেতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা। তাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক ও পর্যাপ্ত এবং অবশ্যই ত্রুটিমুক্ত বাস সার্ভিস চালু করার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য দৃষ্টি আকর্ষণ করছি। আতাউলবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।