চিঠিপত্র
ডেন্টাল সার্জন নিয়োগসম্প্রতি সাড়ে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পর খুব শিগগির আরও সাড়ে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার কথা সরকার ঘোষণা করেছে। খুব আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতকে এগিয়ে নিচ্ছেন। তাঁর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজ দেশে কয়েক হাজারের মতো বেকার ডেন্টাল সার্জন আছেন, যাঁদের অনেকেরই বয়স এরই মধ্যে ৩২ পার হয়েছে। ২৪তম বিসিএসের পর ২৮তম বিসিএসে ১০১ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া ছাড়া আর কোনো ডেন্টাল সার্জন গত ছয় বছরে নিয়োগ হয়নি। বর্তমানে বাংলাদেশে সরকারি তিনটিসহ বেশ কয়েকটি ডেন্টাল কলেজ আছে এবং প্রতিবছরই নতুন নতুন চিকিৎসক তৈরি হচ্ছে। কিন্তু সে অনুপাতে ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হচ্ছে না। এ কারণে অনেক ডেন্টাল সার্জন বেকার। তাই প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানাচ্ছি, এডহকের মাধ্যমে ২০০ নয়, অন্তত দুই হাজার ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়ার মাধ্যমে আমাদের অবহেলিত স্বাস্থ্য খাতে ডেন্টাল সার্জনের ঘাটতি পূরণ করুন। বর্তমানে যে পরিমাণে শূন্যপদ আছে, তাতে এত চিকিৎসক নিয়োগ দেওয়ার সুযোগ নেই। সে জন্য প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর বিবেচনায় কিছু প্রস্তাব পেশ করছি: সব প্রতিবন্ধকতা দূর করে কিংবা নতুন আইন করে প্রতিটি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে কমপক্ষে পাঁচজন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া প্রয়োজন, কেননা সাত থেকে ১০ লাখ মানুষের জন্য একটি স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র একজন ডেন্টাল সার্জন দিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া সম্ভব নয়। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে কমপক্ষে একজন কনসালটেন্ট ডেন্টাল সার্জনের পদ সৃষ্টি করতে হবে, যাতে জনসাধারণ অভিজ্ঞ ডাক্তারের সেবা পেতে পারে। সব জেলা সদর হাসপাতালে বিভাগ অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়া যেতে পারে। ওরাল সার্জারি, অর্থোডন্টিকস ও শিশু দন্ত বিভাগ আর সেই সঙ্গে সাত থেকে আটজন ডেন্টাল সার্জনের পদ সৃষ্টি করতে হবে। এটা করা হলে দেশের নানা প্রান্ত থেকে রোগীদের অযথা অর্থ ও সময় নষ্ট করে ঢাকায় দৌড়াতে হবে না। বর্তমান সরকারের অন্যতম প্রকল্প কমিউনিটি ক্লিনিকগুলোর প্রধান শাখাগুলোয় এমবিবিএস চিকিৎসকের পাশাপাশি একজন করে ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া যেতে পারে। তাহলে জনগণের দোরগোড়ায় দন্ত চিকিৎসাসেবা অনায়াসেই পৌঁছে দেওয়া যাবে। বাংলাদেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে পূর্ণাঙ্গ ডেন্টাল ইউনিট প্রতিষ্ঠা করে ডেন্টাল সার্জনদের চাকরির ব্যবস্থা করা যেতে পারে।ডা. বেলায়েত হোসেন[email protected]