চিঠিপত্র
হরিণ পালনসম্প্রতি সরকারঘোষিত ব্যক্তিগত পর্যায়ে হরিণ পালনের সংশোধিত নীতিমালায় হরিণের মূল্য প্রতিটির জন্য মাত্র ১৫ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি মাত্র ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানা যায়। ওই নীতিমালায় হরিণ পালনের জন্য এ ধরনের অনুমতিপত্র বা ছাড়পত্র প্রদানের ক্ষমতাও আত্মঘাতী এবং দেশে হরিণ বিপন্ন হওয়া আরও তরান্বিত করবে বলেই ধারণা করা হয়। সুন্দরবনসহ সারা দেশে বনভূমি দ্রুত উজাড় হওয়া এবং বন্য প্রাণীর অবাধ নিধনের ফলে যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে, সে সময় এ ধরনের নীতিমালা বিস্ময়কর।অনেকেই আভিজাত্যের প্রতীক হিসেবে গণ্য করেন। তাঁদের জন্য এ সুযোগ সৃষ্টি হরিণের অবাধ নিধনকেই উৎসাহিত করবে বলে মনে হয়।ব্যক্তিপর্যায়ে হরিণ পালনের নীতিমালা অনুমোদনের প্রক্রিয়া সহজতর করায় বন বিভাগের অনুমতিপত্র সংগ্রহের জন্য অনেকে বন বিভাগের কর্মকর্তাদের পেছনে ছুটবে। এমনিতেই ‘বনের রাজা গনি’র টাকার তৈরি বালিশ ও তোষকের ওপর ঘুমানোর কাহিনি এখনো পাঠকের স্মৃতিতে জ্বলজ্বল করছে। বর্তমান নীতিমালায় এমন ‘গনি’র সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা অমূলক নয়।তাই সরকারের কাছে আবেদন, অবিলম্বে বর্তমান নীতিমালাটি বাতিল করে ব্যক্তিপর্যায়ে হরিণ পালনের ক্ষেত্রে প্রতিটির মূল্য কমপক্ষে দুই লাখ টাকা এবং বার্ষিক নবায়ন ফি ২০ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হোক। পাশাপাশি দেশের বনাঞ্চল ও বন্য প্রাণী, বিশেষ করে রয়েল বেঙ্গল টাইগার ও হরিণ সুরক্ষায় কঠোর আইন প্রণয়ন করা হোক। প্রণীত আইন ও নীতিমালা যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে বন বিভাগকে শক্তিশালীকরণ, যথা—প্রয়োজনীয় জনবল, যানবাহন, আধুনিক সরঞ্জামাদি ও হাতিয়ার সরবরাহ করার বিকল্প নেই।শহীদ আযমমিরপুর, ঢাকা।শিক্ষাঙ্গনে ছুটিরমজানে রাজধানীবাসীকে দুটি সমস্যায় নিদারুণভাবে নাকাল হতে হচ্ছে—একটির কেন্দ্রে বিদ্যুৎ, অন্যটি যানজট। ইতিমধ্যে যানজট নিরসনে রাজধানীর সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা, ইংরেজিমাধ্যম স্কুল ও কিন্ডার গার্টেন বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৬ আগস্ট থেকে সিএনজি স্টেশন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত বন্ধ থাকছে। এসব পদক্ষেপের ফলাফল কতটা ইতিবাচক হবে, তা আগামী কয়েক দিনে স্পষ্ট হয়ে যাবে। তবে আশা করা যায়, এতে পরিস্থিতির সাময়িক উন্নতি হতে পারে।উল্লিখিত পদক্ষেপের পাশাপাশি আরেকটি বিষয়ে সরকার বিশেষত শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। রাজধানীতে বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও অর্ধশতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক ক্যাম্পাস আছে। যেমন—ধানমন্ডি, মহাখালী, বনানী, গুলশান, বারিধারা, বসুন্ধরা আবাসিক এলাকা ও উত্তরায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শতাধিক ভাড়া বা নিজস্ব ভবন দেখা যায়। যাঁরা ধানমন্ডি, বনানী, বারিধারা কিংবা বসুন্ধরায় বাস করেন কিংবা অফিস করেন, তাঁরা দিনের বেলায় কেমন যানজটের শিকার হন, তা ভুক্তভোগীরাই জানেন। এ ছাড়া আরেকটি বিষয় লক্ষণীয় যে, এসব বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভবনগুলো অনেকাংশে কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত। যে কারণে বিদ্যুতের বর্ধিত চাহিদা মেটাতে কর্তৃপক্ষকেও ঘন ঘন লোডশেডিং করতে হয়।আমার প্রস্তাব হচ্ছে, রাজধানী ও গাজীপুর বা টঙ্গীতে যেসব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, সেগুলো অন্ততপক্ষে ১৫ রমজানের পর বন্ধ ঘোষণা করা হোক। উল্লিখিত এসব বিশ্ববিদ্যালয়ে কয়েক লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। প্রয়োজনে ঈদের ছুটির পর অন্য ছুটি বাদ দিয়ে এ সাময়িক ঘাটতি পূরণ করা সম্ভব। এর ফলে ইতিপূর্বে সরকারের গৃহীত পদক্ষেপের সঙ্গে যে নতুন মাত্রা যুক্ত হবে, তা হচ্ছে রাজধানীর বিশেষ কিছু এলাকা অনেকাংশে যানজটমুক্ত হবে। বিদ্যুতের চাহিদাও হ্রাস পাবে। সর্বোপরি, ঢাকায় অধ্যয়নরত হাজার হাজার শিক্ষার্থী আগেভাগে ছুটি পেয়ে বাড়ি গিয়ে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করার সুযোগ পাবেন। ফলে ঈদের ছুটির সময় ঘরে ফেরা মানুষের ভিড় কিছুটা হলেও হ্রাস পাবে। এমতাবস্থায় শুধু স্কুল-কলেজ নয়, রাজধানীর সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয়ও ছুটি ঘোষণা করলে ফলাফল আরেকটু ইতিবাচক হবে বলে মনে হয়।মনিরুজ্জামান[email protected]স্কুলে শারীরিক শাস্তিস্কুলে শারীরিক শাস্তি বন্ধের নির্দেশ জারি করা হয়েছে জেনে স্বস্তিবোধ করছি। কিছু কিছু শিক্ষক বুঝতে চাইতেন না যে বেত মারা এবং অন্য কোনো শারীরিক শাস্তি অশালীন ও অরুচিকর। এতে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। এসব শাস্তি অনেক সময় শিক্ষার্থীদের বেপরোয়া ও প্রতিহিংসাপরায়ণ করে তোলে। সরকারি নির্দেশ জারির ফলে শিক্ষার্থীরা সুস্থ পরিবেশে লেখাপড়া করতে পারবে। যেসব শিক্ষক ক্লাসে লেখাপড়ার বদলে মারামারি করে সময় পার করতেন, তাঁদের মানসিক স্বাস্থ্য উন্নত করার জন্য মনোবিজ্ঞানীদের দ্বারা প্রশিক্ষণ দিলে শিক্ষার পরিবেশ উন্নত হবে।ম. ইসলামহাজারীবাগ, ঢাকা।