চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক থাকেন নাআজকাল পত্রিকায় প্রায়ই খবর দেখা যায়, ‘মফস্বলের হাসপাতালে চিকিৎসক নেই’। দেশের পল্লি অঞ্চলের প্রায় সব হাসপাতালে একই দৃশ্য। বিষয়টি অস্বীকার করার কোনো উপায় নেই। যেখানে উপজেলা পর্যায়ে আট থেকে ১০ জন চিকিৎসক থাকার কথা, সেখানে হয়তো এক থেকে দুজন অথবা কোথাও একজনও থাকেন না বলেই জানা যায়। এসব ক্ষেত্রে মেডিকেল সহকারীরাই চিকিৎসা দিয়ে থাকেন। এখন বিষয় হচ্ছে, চিকিত্সকের প্রকৃত কাজ রোগীর সেবা বা রোগীকে চিকিৎসা দেওয়া হলেও চিকিৎসক থাকেন না কেন। একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান থাকেন টিএইচএফপিও। তাঁর অধীনে থাকেন কিছু মেডিকেল কর্মকর্তা। বিসিএসে উত্তীর্ণ হয়ে যেসব চিকিৎসক নিয়োগ পান, তাঁদের সাধারণত দুই বছরের জন্য উপজেলা/ইউনিয়ন পর্যায়ে থাকার কথা। কিন্তু তাঁরা থাকতে চান না। আবার যেসব চিকিৎসক বিসিএসে নিয়োগ পান, তাঁদের অধিকাংশই এফসিপিএস পার্ট-১ করা এবং সঙ্গে হয়তো ট্রেনিংও করা থাকেন। আবার অনেকের মেডিসিন, সার্জারি, গাইনি বিভাগে পিজিটি করা থাকে (১৮ মাসের ট্রেনিং)। তাই তাঁদের যেমন হাতের কাজও জানা আছে, আবার কাজও হচ্ছে প্র্যাকটিসটা ভালোভাবে করে নেওয়া। এর পর্যাপ্ত সুযোগ আছে গ্রামাঞ্চলের হাসপাতালগুলোয়। কিন্তু বাধা কোথায়? প্রকৃতপক্ষে বাধা হচ্ছে সেসব হাসপাতালগুলোয় পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকা। দেশের প্রায় অনেক উপজেলা পর্যায়ের হাসপাতালে অস্ত্রোপচার এমনকি রোগ নির্ণয়ের (প্যাথলজি) ব্যবস্থা নেই। গ্রামাঞ্চলের সব হাসপাতালেই এমন দৃশ্য। তাই আমি একজন ভবিষ্যত্ চিকিৎসক হিসেবে বলি, সম্প্রতি এডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া চিকিৎসকসহ সব চিকিৎসককে প্রকৃত সুযোগ করে দিতে পারলে এ সমস্যা আর থাকবে না। তাই সরকার যদি হাসপাতালের সংখ্যার দিকে না তাকিয়ে হাসপাতালের পর্যাপ্ত সুযোগ-সুবিধার দিকে নজর দেয়, তাহলে ‘হাসপাতালে চিকিৎসক নেই’ এমন কথা আর শুনতে হবে না।জে সি বণিক, ঢাকা।মেডিকেল কলেজে ভর্তিমেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার সুযোগপ্রত্যাশীদের চেয়ে নতুনদের অগ্রাধিকার দেওয়ার পক্ষে অনেকে কথা বলেন। তাঁদের সঙ্গে আমিও একমত। তবে, এ ক্ষেত্রে পরীক্ষার দোরগোড়ায় এসে হঠাত্ কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়াটা হবে শিক্ষার্থীদের সঙ্গে হঠকারিতার শামিল। গত বছর খুব ভালো জায়গায় সুযোগ পেয়েও ডাক্তার হওয়ার প্রবল ইচ্ছায় কেউ সে সুযোগ ছেড়ে দিয়ে কিংবা কোথাও শুধু ভর্তিটুকু হয়ে থেকে আপ্রাণ চেষ্টা করেছেন পরের বার ঢাকায় সুযোগ পাওয়ার জন্য। তাঁর জীবন থেকে ঝরে যাচ্ছে মূল্যবান একটি বছর। যেহেতু দ্বিতীয়বার চেষ্টার সুযোগ আছে, তাই কেউ কেউ এ ঝুঁকিটি নিচ্ছেন, এটা তাঁর অপরাধ নয়। তাই যেকোনো সিদ্ধান্তই হোক, তা অন্তত এক বছর আগেই ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া উচিত। যেমন ২০১১ সালে ভর্তির নিয়ম কেমন হবে, তা ২০১০ সালের ভর্তি পরীক্ষার বেশ আগেই জানিয়ে দেওয়া উচিত। শিরীন আক্তারসেনানিবাস, ঢাকা।বিশ্ববিদ্যালয় বাঁচানোবিত্তের কাছে চিত্তকে হার মানতে হলো। যে ছেলেটির মা ও বোন পোশাকশ্রমিক, যাঁদের টাকায় ছেলেটি পড়াশোনা করেন, যাঁকে থাকতে হয় একটি টিনের ছাপরা ঘরে, তাঁর জন্য আবার উচ্চশিক্ষা কী? এ যেন অর্থের কাছে হার মানতে হলো মেধাকে, যার অর্থ নেই, তার আবার মেধার মূল্য কোথায়? এ যেন শুধু বিত্তবানেরাই মেধার বিত্ত বিস্তৃতি করবে। বলছিলাম, বর্ধিত বেতন-ফি বাতিলের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র সুজন কান্তি দের কথা। যাঁর মা ও বোন পোশাকশ্রমিক, যে কিনা পার্টটাইম চাকরি করে পরিবারসহ পড়াশোনার খরচ চালাতেন, তাঁকে একটি নিয়মতান্ত্রিক আন্দোলনের জন্য বহিষ্কার করা হলো। হায় শিক্ষা! কী মধুর এই শাস্তি! পাবলিক বিশ্ববিদ্যালয় যদি উচ্চশিক্ষার বাণিজ্যিকীকরণ করেই থাকে, তবে তা যেন শুধু উচ্চবিত্তের জন্যই সংরক্ষিত থাকে। গরিবের আবার উচ্চশিক্ষার প্রয়োজন কী? শিক্ষার বাণিজ্যিকীকরণ এবং প্রশাসনের স্বেচ্ছাচার বন্ধের দাবিতে চবির সাধারণ শিক্ষার্থীরা নিয়মতান্ত্রিক আন্দোলন করেছেন। নিজের রক্ত দিয়ে লিখেছেন নিজের ন্যায্য দাবির কথা। প্রথমত, তাঁরা আন্দোলন চালিয়েছেন ক্যাম্পাসে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা বা বার্তা শিক্ষার্থীদের দেওয়া হয়নি; বরং হাজার হাজার শিক্ষার্থীর আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করা হয়। পরে শিক্ষার্থীরা মহানগরে আন্দোলন করলে তাঁদেরও কোনো দিকনির্দেশনা দেয়নি প্রশাসন। চবি প্রশাসনের এই দাম্ভিকতাপূর্ণ আচরণ হাজার হাজার শিক্ষার্থীকে দিগ্ভ্রান্ত করে তুলেছিল। শিক্ষার্থীরা যে নিয়মতান্ত্রিক আন্দোলন করতে চেয়েছেন, যে বার্তাটি প্রশাসনকে দিতে চেয়েছেন, তা কেউ শুনতে চাননি—না চবি প্রশাসন, না শিক্ষাবিদেরা। কেউ তাঁদের সঙ্গে আলোচনায় বসতে চাননি। এর পরিণামে কী ঘটল? দিগ্ভ্রান্ত শিক্ষার্থীরা কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করলেন, ১৯ হাজার শিক্ষার্থীর জীবনে যুক্ত হলো সেশনজট, এর সঙ্গে যুক্ত হলো লাঠিপেটা, বহিষ্কার আর মামলা। শিক্ষাবিদদের সেই জমিদারসুলভ আচরণ থেকেই গেল। সব দায় পড়ল শিক্ষার্থীদের ওপর। কিন্তু নষ্ট হয়ে গেল একটি স্বপ্ন। যে বোনটি স্বপ্ন দেখতেন, তাঁর ভাই একদিন বড় কিছু করে দুঃখের চাকা ঘুরিয়ে সুখ এনে দেবেন। আমরা সেই মা ও বোনটিকে কোনো দিনই বোঝাতে পারব না যে উচ্চশিক্ষা শুধুই উচ্চবিত্তের জন্যই হতে চলেছে। আমরা যদি সত্যিকারেই এ দেশকে ভালোবাসি, দেশটিকে উন্নতির দিকে নিয়ে যেতে চাই, তবে এই গরিব মা ও বোনের স্বপ্নকে বাস্তবায়ন করতে আমাদের শিক্ষাক্ষেত্রের সবকিছুতেই ছাড় দিতে হবে। তা না হলে আমরা কোনো দিনই জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারব না। আমাদের এই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোকে তাই বাঁচানো জরুরি।ইমনশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।এমএলএম ও যুবসমাজ১১ আগস্ট প্রথম আলোসহ দেশের প্রায় প্রতিটি জাতীয় দৈনিকে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানিগুলোর প্রতারণার খবরটি প্রকাশিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি এ প্রতারণা বন্ধের জন্য আইন প্রণয়নের সুপারিশ করেছে, যা আমাদের দেশের সাধারণ মানুষের জন্য আশার কথা। তবে আমি মনে করি, আইন প্রণয়নের পাশাপাশি বিষয়টি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলা উচিত। এমএলএম কোম্পানির প্রথম আবির্ভাব ঘটেছিল ১৯৪০-৪১ সালে আমেরিকায়, যার লক্ষ্য ছিল মধ্যস্বত্বভোগীদের প্রতিহত করা। বাজারের পণ্যের সমগুণসম্পন্ন পণ্য মধ্যস্বত্বভোগীদের ছাড়া সরাসরি গ্রাহকের হাতে তুলে দেওয়ার এ বিষয়টি ক্রমেই সমালোচনার ঝড় তোলে। অবশেষে ১৯৫৮ সালে মার্কিন সিনেটে এ ব্যবসা স্বীকৃতি পায়। পরবর্তীতে ধীরে ধীরে এ পদ্ধতি আমেরিকা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমায়। বর্তমানে পৃথিবীতে প্রায় ১০ হাজারেরও বেশি এমএলএম কোম্পানি রয়েছে। বাংলাদেশে এমএলএম কোম্পানির আবির্ভাব ঘটে বিংশ শতাব্দীর শেষের দিকে। একবিংশ শতাব্দীর শুরুর দিকে তা দ্রুতগতিতে প্রসার লাভ করে। বর্তমানে বাংলাদেশে ১০০টিরও বেশি এমএলএম কোম্পানি রয়েছে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, উন্নত দেশগুলোয় এমএলএমের জন্য নির্দিষ্ট আইন থাকলেও আমাদের দেশে আজও তা হয়নি। ফলে তারা সহজেই প্রতারণা করে যাচ্ছে দেশের মানুষের সঙ্গে।আমাদের দেশের বৃহত্ এমএলএম কোম্পানিগুলোর প্রতারণা দেখলে গা শিউরে ওঠে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত দেখিয়ে তারা যে পণ্য বিক্রি করে, তা রীতিমত ধোঁকাবাজি। গাছ রোপণের কথা বলে দেশের সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা। আর যাদের দিয়ে প্রতারণার এ কাজটি করানো হচ্ছে, তারা হলো আমাদের যুবসমাজ। তাই যত দ্রুত সম্ভব তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিয়ে আমাদের যুবসমাজ তথা জাতিকে রক্ষা করুন।মো. আলমগীর হোসেনশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।