চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিদ্যাসাগরের চিঠি’২১ আগস্ট প্রকাশিত ‘বিদ্যাসাগরের চিঠি’ শিরোনামে সুলতান তালুকদারের চিঠিটা পড়ে বেশ অবাক হলাম। পঞ্চাশ বা ষাটের দশকের যেকোনো বাঙালি পরিবারের জানা একটি কথা, তিনি বিকৃতভাবে উপস্থাপন করে বিদ্যাসাগরের ছোটবেলার ঘটনা বলে কেন চালাতে চেষ্টা করছেন, তা বোধগম্য হলো না। প্রকৃত ঘটনা হলো, তখন একটা প্রচলিত গল্প ছিল যে মাতার আদেশে প্রবাসী পিতার কাছে টাকা চেয়ে একটি শিশুবালক যে সবেমাত্র বর্ণমালা শিখেছে, কিন্তু কার-ফলা কিছুই শেখেনি, সে লিখেছিল যে ‘ববর চরণ নমসকরণ টক পঠন ন পঠন অনহর মরণ।’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতা ভগবতী দেবী নিজেই একজন বিদুষী মহিলা ছিলেন, তাই নিজে না লিখে অপ্রাপ্তবয়স্ক শিশুপুত্রকে দিয়ে এই রূপ চিঠি লেখানোর তো প্রশ্নই ওঠে না। দ্বিতীয়ত, মোটামুটি সচ্ছল পরিবারে ঈশ্বরচন্দ্রের জন্ম হয়েছিল, তাই এক মাস টাকা না পাঠানোয় বাসাসুদ্ধ সবাই না খেয়ে মরে যাওয়ার ব্যাপারটা খুবই অবিশ্বাস্য বলে মনে হয়। তৃতীয়ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছোটবেলা থেকেই অসাধারণ মেধাবী ও বুদ্ধিমান ছিলেন, তাই রাস্তায় চলার পথে মাইলফলক দেখে ইংরেজি সংখ্যামালা এক দিনেই শিখে পিতাকে অবাক করে দিয়েছিলেন। তাই বালক বয়সেও এ ধরনের চিঠি লেখা তাঁর দ্বারা সম্ভব কি না, সন্দেহ জাগে। চতুর্থত, অন্নের সংস্থান না হলে অনাহারে মৃত্যু অবধারিত কিন্তু ভাতে মারার অর্থ হচ্ছে কেউ একজন অন্যজনের জীবিকার রাস্তাগুলো বন্ধ করে দেওয়া। তাই মনে হয়, যেহেতু চিঠিটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, হয়তো সেভাবেই একটা সাধারণ অর্ধশিক্ষার ঘটনার সঙ্গে বিদ্যাসাগরকে জড়িয়ে ফেলা হয়েছে। ঈশ্বরচন্দ্র অসাধারণ বিদ্যা ও মেধার জন্য বিদ্যাসাগর বিশেষণে ভূষিত হয়েছিলেন। এক সাধারণ অবিদ্যার বা অর্ধশিক্ষার ঘটনা তাঁর নামে জড়িয়ে ছাপিয়ে দেওয়া ঠিক নয়। ইবনে মুস্তাফাগুলশান, ঢাকা।হল উদ্ধার চাইনানা সমস্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো আবাসন-সংকট। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২৩ হাজার শিক্ষার্থী থাকবেন কোথায়? এ বিশ্ববিদ্যালয়ের ১২টি হল দীর্ঘদিন অবৈধভাবে দখল হয়ে আছে। হলগুলো দখলমুক্ত করার দাবিতে শিক্ষার্থীরা কয়েকবার আন্দোলন করলেও হল উদ্ধার করা যায়নি। হল উদ্ধারের বিষয়ে কর্তৃপক্ষের উদাসীনতায় শিক্ষার্থীরা হতাশা বোধ করছেন। হলের ব্যাপারে কোনো আন্দোলন হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের হল উদ্ধারের আশ্বাস দেয়।আবাসিক সমস্যার কারণে শিক্ষার্থীদের পড়ালেখার মারাত্মক ক্ষতি হচ্ছে। যেখানে থাকতে হচ্ছে সেখানে পানি, বিদ্যুৎ ও গ্যাসের সার্বক্ষণিক অসুবিধা তো আছেই। তা ছাড়া এগুলো আবার ব্যয়বহুল। অন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে থাকার সুযোগ-সুবিধা পাচ্ছেন। তাহলে হল থাকা সত্ত্বেও কেন আমরা এর সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হব? একজন সাধারণ ছাত্র হিসেবে অন্তত এটুকু বুঝতে পারি, শিক্ষার্থীদের প্রাণের দাবি হলগুলো উদ্ধার করা হোক। ২৩ হাজার শিক্ষার্থীর অভিভাবক হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি পারে না হলগুলো উদ্ধার করে সমস্যার সমাধান করতে? সাধন সরকার, শিক্ষার্থীজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।হাসপাতালবাংলাদেশের উত্তরাঞ্চলের পুরাতন হাসপাতাল হিসেবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যথেষ্ট সুনাম ছিল। কিন্তু বিগত বছরগুলোতে এই হাসপাতালে সেবা প্রদানের মান একেবারে কমে গেছে।গত ২৬ জুলাই আমার অসুস্থ ছোট ভাইকে দেখার জন্য হাসপাতালে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম, আরও চার-পাঁচজন রোগীর সঙ্গে আমার ছোট ভাই একটি নোংরা বিছানায় শুয়ে আছে। অনেক সময় বসে থাকার পরও কোনো নার্স বা চিকিৎসকের সাক্ষাৎ পেলাম না। অনেকক্ষণ পর আমার ভাগনে গিয়ে একজন চিকিৎসককে ডেকে আনল। তরুণ চিকিৎসকটি কাগজপত্র দেখে বললেন, রক্ত দিতে হবে। আমাকে বাইরে ডেকে বললেন, লক্ষণ ভালো নয়, সময়ের ব্যাপার। চিকিৎসক কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এত শক্ত মন্তব্য করতে পারেন জেনে খুব অবাক হয়েছিলাম। অনেক কষ্ট করে একজন নার্সকে সংগ্রহ করে রক্তের গ্রুপ পরীক্ষার জন্য আনা হলো। নার্স খুব খুশি নন।প্রতিটি তলায় নোংরা দিয়ে ভরপুর। বেডগুলো নোংরা। রোগীকে ওপরে নেওয়ার জন্য কয়েকটি লিফট আছে, কিন্তু বেশির ভাগই কাজ করে না। লিফট যান্ত্রিক গোলযোগে প্রায় অচল হয়ে যায়। রোগীরা ভীত হয়ে পড়ে। বিভাগীয় শহরের একমাত্র বড় হাসপাতালটিও কি ঠিকমতো চালানো যায় না?মাহবুবুল হক চৌধুরীকলাবাগান, ঢাকা।জলাবদ্ধতাএকপশলা বৃষ্টি হলেই ঢাকা নগরের বিভিন্ন অংশে রাস্তা ডুবে গিয়ে গাড়ি চলা বিঘ্নিত হয় এবং জনসাধারণের চলাফেরার দুর্ভোগ বহুগুণ বেড়ে যায়। যাদের হেঁটে যাতায়াত করতে হয়, তাদের তো কষ্টের সীমা থাকে না। ধানমন্ডিবাসীও একই সমস্যায় জর্জরিত। বৃষ্টিপাতের পরও অনেক স্থানে কয়েক দিন ধরে রাস্তার ধারে পানি জমে থাকে। পিচের রাস্তা হওয়ায় গাড়ি চলতে চলতে ওই অংশগুলোর খোয়া উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয় এবং গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাস্তা থেকে বৃষ্টির পানিনিষ্কাশনের জন্য ফুটপাতের কোথাও পাশে, কোথাও নিচে ড্রেন নির্মাণ করা হয়েছে। অনেক বাড়ির প্রবেশপথের নিচে ড্রেনগুলো বন্ধ হয়ে আছে। উপরন্তু ড্রেনের বিভিন্ন স্থানে ময়লা ফেলায় পানি চলাচলের পথ বন্ধ হয়ে পড়ে। বছরে দু-চারবার ক্লিনাররা ড্রেন পরিষ্কার করতে আসেন ও ময়লাগুলো ফুটপাতে জমা করে রাখেন। এতে জনসাধারণের হাঁটাচলা বিঘ্নিত হয়। ময়লা তুলে নিতে অনেক সময় কেউ আর আসে না। ফলে ময়লাগুলো আবার ড্রেনেই গিয়ে পড়ে। রাস্তার পানি ড্রেনে যাওয়ার জন্য ড্রেনের দেয়ালে পাইপ বসানো আছে। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে রাস্তার প্রান্তে মাটি জমে আছে। এ কারণে পাইপগুলোর মুখ বন্ধ হয়ে আছে এবং বৃষ্টির পানিনিষ্কাশন সম্ভব হয় না। রাস্তার ধারে পানি জমে থেকে রাস্তায় গর্তের সৃষ্টি হয়, পথচারী ও গাড়ি চলায় প্রচণ্ড বিঘ্ন সৃষ্টি করে এবং গাড়িগুলো পানি ছিটকে দিয়ে পার্শ্ববর্তী পথিককে ভিজিয়ে চলে যায়। তা ছাড়া অনেক স্থানে ফুটপাত ভাঙা ও হেলে আছে। ফুটপাতে দোকান তো বসেই। সব মিলে জনভোগান্তির শেষ নেই।রাস্তার প্রান্তে জমে থাকা মাটিগুলো পরিষ্কার করে ড্রেনের সঙ্গে সংযোগ দেওয়া পাইপগুলো পরিষ্কার করা হোক। এ কাজটি সুষ্ঠুভাবে করলে বর্ষণ শেষে রাস্তার পাশে পানি জমে থাকবে না এবং শুকনোর সময় গাড়ি চলতে ধুলা উড়বে না।ঢাকা সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অনুরোধ, তাঁরা যেন সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে তৎপর হন। মো. আবদুর রহিম ধানমন্ডি, ঢাকা।