চিঠিপত্র
ফ্রেমে বাঁধা স্মৃতি১৩ আগস্ট প্রথম আলোর প্রথম পাতায় চোখ পড়তেই রবীন্দ্রনাথের কবিতার লাইনটা অশ্রুসজল চোখে ভেসে এল, ‘তুমি কি কেবলই ছবি শুধু পটে লিখা’। এভাবে আর কত কিশোরী অকালে স্মৃতির পটে ভেসে থাকবে। যে মেয়েটি দুই দিন আগে হাসত, গাইত, পরিবারের সবার মধ্যমণি ছিল, আজ সে ফ্রেমে বাঁধা স্মৃতি।যে বখাটেদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নেমেছিল, আজ সে বখাটেদের অত্যাচারে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হলো। কিন্তু কেন? বখাটেদের অত্যাচারে একের পর এক জীবন ঝরে যাবে কেন? আর কত বখাটের অত্যাচার এভাবে সহ্য করে যেতে হবে? এর বিরুদ্ধে কি আমাদের কিছুই করার নেই? নিশ্চয়ই আছে। আমাদের সবার প্রচেষ্টা থাকলে ইভ টিজিং বন্ধ করা সম্ভব। প্রশাসনকে আরও বেশি তত্পর হতে হবে। অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনার সন্তানেরা পড়াশোনার বাইরে কোথায়, কাদের সঙ্গে সময় দিচ্ছে, সেগুলো দেখুন। প্রশাসনের কাছে আবেদন জানাই, ‘সিনথিয়া’ হত্যার সঙ্গে জড়িত বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।পলাশ আহম্মেদদৌলতপুর, খুলনা।নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাইউচ্চতর কৃষিশিক্ষা ও গবেষণার অন্যতম পথিকৃৎ বিদ্যাপীঠ ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৃষ্টিলগ্ন থেকেই দক্ষ কৃষিবিদ তৈরির পাশাপাশি গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণের কাজে নিয়োজিত থেকে দেশের উন্নয়নে অসামান্য ভূমিকা রেখে আসছে এই বিশ্ববিদ্যালয়। পশু-পাখির ডিএনএ (DNA) ফিঙ্গার প্রিন্ট, সয়াবিন থেকে সয়াদুধ, বাউকুল, পেরিফাইটন শৈবালের সাহায্যে মাছের বৃদ্ধি ত্বরান্বিত করা, অ্যারোবিক বা শুকনো পদ্ধতিতে বোরো চাষ প্রভৃতি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের বহু আবিষ্কারের কয়েকটি। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিত্যনতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-গবেষকেরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয়, কিছু দিন আগেও এখানে সামান্য লোডশেডিং হলেও বর্তমানে দিনে সাত-আটবার বা তারও বেশি হচ্ছে। ফলে অনেক পরিশ্রমের গবেষণায় যেমন ব্যাঘাত ঘটছে, তেমনি চরম ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা। ক্লাসের পড়া, ব্যবহারিক, অ্যাসাইনমেন্ট প্রভৃতি সময়মতো শেষ না করতে পারায় তাই ফলাফলেও বিপর্যয় ঘটছে। রাত আটটার পর ক্যাম্পাসে ঝিঁ ঝিঁ পোকার ডাক ছাড়া আর কিছুই শুনতে পাওয়া যায় না।তাই বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করছি।মো. আতাউল গনি রাব্বানী, শিক্ষার্থী, বাকৃবি, ময়মনসিংহ।অগ্রণী ব্যাংকের শাখা কাচারীঘাট বাজার একটি প্রসিদ্ধ স্থান। ঢাকা জেলার দোহার থানার রাইপাড়া ইউনিয়নের অন্তর্গত ইকরাশী গ্রামে নদীর পাড়ে বাজারটি অবস্থিত। বাজারের পাশ দিয়ে পিচঢালা পথ দোহার থানা এবং রাজধানী ঢাকায় গিয়ে মিশেছে। দোহার থানা ও ঢাকা শহরের সঙ্গে কাচারীঘাটের যোগাযোগব্যবস্থা ভালো। এখানে প্রতিদিন বাজার এবং সপ্তাহে এক দিন (শনিবার) হাট বসে। ক্রয়-বিক্রয় এবং ব্যবসার উদ্দেশে অনেক মানুষ এখানে আসে। এ এলাকায় চিকিত্সক, প্রকৌশলী, ব্যাংকার, শিক্ষক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, কৃষক, কুমার, কামার, তাঁতি, জেলে বিভিন্ন পেশার লোকের বাস। কিন্তু ওই এলাকায় কোনো ব্যাংক নেই। অথচ এ এলাকার অনেক লোক বিদেশে থাকে এবং তাদের প্রচুর রেমিট্যান্স আসে। ব্যাংকের অভাবে এখানকার মানুষের পক্ষে ব্যবসায়িক ও ব্যাংকিং লেনদেন করা এবং তাদের অর্থ নিরাপদে গচ্ছিত রাখা সম্ভব হয় না। আমাদের ইলেকট্রিক বিলের টাকা জমা দিতে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে দোহারে যেতে হয়। তাতে একদিকে যেমন সময়ের অপচয় হয়, তেমনি দৈনন্দিন প্রয়োজনীয় কাজকর্মেও বিঘ্ন ঘটে। ব্যাংক ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির। তাই বহু দিন থেকে এখানকার জনগণ একটি ব্যাংকের তীব্র অভাব অনুভব করে আসছে। এখানে একটি ব্যাংক হলে জনগণ খুব উপকৃত হবে। অতএব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, কাচারীঘাট বাজারে শিগগিরই অগ্রণী ব্যাংকের একটি শাখা খোলা হোক। এ টি এম মিজানুর রহমান ঢাকা।নারীকে উত্ত্যক্ত করাইভ টিজিং নামের ভয়াবহ সামাজিক ব্যাধি আজ ছড়িয়ে পড়েছে সমাজে। আজ নারীর কোনো নিরাপত্তা নেই। প্রতিনিয়ত তাকে নানা হুমকি, লাঞ্ছনা সহ্য করতে হয়। মানুষ হিসেবে যেন নারী মূল্যহীন। এভাবে কোনো সমাজ চলতে পারে না। সবাইকে এগিয়ে আসতে হবে নারীর নিরাপত্তার জন্য। আমরা নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ চাই। কোনো মেয়ের করুণ মৃত্যু আমরা আর দেখতে চাই না। বখাটেদের সামাজিকভাবে বয়কট করতে হবে। ব্যাপক সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। আইনের কঠোর প্রয়োগ এ ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে। মানবিক মূল্যবোধকে নতুন করে তুলে ধরতে হবে। আর কোনো বাবার হাহাকার, মায়ের আহাজারি শোনার আগেই আসুন মেয়েদের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলি।ফারহান তাম্বিরুল হকশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।