চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নপত্রে ভুলগত ৩০ জুলাই ৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার সাধারণ ক্যাডারে ৮৩১টি, প্রফেশনাল ক্যাডারে এক হাজার ৬৮৫টি এবং বিষয়ভিত্তিক ক্যাডারে ৫৬টি পদের জন্য প্রায় দেড় লাখ চাকরিপ্রার্থী এ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেন।পরীক্ষার পরের দিনের পত্রিকার খবর থেকে জানা গেল, আগের বহুবারের মতো সরকারি কর্মকমিশনের এবারের প্রশ্নপত্রেও ছিল ভুলের ছড়াছড়ি। ব্যাপারটি গভীর পরিতাপ ও লজ্জাকর বলে অভিহিত করা গেলেও সম্ভবত বিস্ময়কর বলার কোনো অবকাশ নেই। বাংলাদেশে এসএসসি-এইচএসসিসহ প্রায় সব ধরনের পাবলিক পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকা বর্তমানে যেন নিয়মে দাঁড়িয়ে গেছে। পরীক্ষার পর যখন ভুল ধরা পড়ে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তখন একটা আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করে পরীক্ষার্থীদের আশ্বাস দেয়, পরীক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। আগের মতোই কর্মকমিশন এবারও তা-ই করেছে। কিন্তু এসব গোঁজামিল দিয়ে কি সবার প্রতি সুবিচার করা সম্ভব হয়? উত্তরটি যে না, সম্ভবত খুব বেশি না ভেবেই তা বলা যায়। কিন্তু কেন প্রায় সব গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকে? কারা এসব প্রশ্ন করেন? কারাই বা তাঁদের নির্বাচন করেন প্রশ্নপত্র প্রণয়নের জন্য? তাঁদের দায়িত্ববোধই বা কেমন? এ বিষয়গুলো কি অধিকতর গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত নয়? প্রয়োজনীয় মাশুল দিয়ে দীর্ঘদিনের কষ্টকর প্রস্তুতি নিয়ে যাঁরা মেধা যাচাইয়ের মাধ্যমে ভাগ্যপরীক্ষায় অবতীর্ণ হচ্ছেন, তাঁদের সে আন্তরিক উদ্যোগকে এভাবে হেলাফেলা করার মতো দায়িত্বহীনতা আর কী হতে পারে? আর সে অধিকার কি তাঁদের আছে? অবশ্যই নেই। কারণ, এ দায়িত্ব পালনে অঙ্গীকার করেই তাঁরা রাষ্ট্রীয় অর্থে এ কর্মে নিয়োজিত হয়েছেন।আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-প্রক্রিয়ার সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে যুক্ত থেকে গত ৪০ বছরে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা থেকেই বলতে পারি, নির্ভুল প্রশ্নপত্র তৈরি করা অবশ্যই সম্ভব। তবে সে জন্য প্রয়োজন (১) প্রশ্নপত্র প্রণয়নের জন্য যোগ্য ও দায়িত্ববোধসম্পন্ন লোক নির্বাচন করা এবং (২) প্রণীত প্রশ্নপত্রে ভুলের জন্য জবাবদিহির বিধান রাখা। যেমন, ভুল প্রশ্নপত্রের জন্য প্রশ্নকর্তা সম্মানী পাবেন না এবং তাঁর নাম কালো তালিকাভুক্ত করে সংবাদপত্রে প্রকাশ করা হবে।এ ব্যাপারে আমি বিভিন্ন পাবলিক পরীক্ষার সংগঠক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। তারা বিষয়টি একটু ভেবে দেখতে পারে।আহমেদ মাতীনঅধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।কৃষিজমিক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যচাহিদা মেটাতে কৃষিজমির ওপরই আমাদের নির্ভরতা। অবশ্য প্রয়োজনীয় খাদ্যশস্যের সামান্য অংশ আমদানি করা হয়। এরই মধ্যে জনসংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, চলছে নগরায়ণ। বেড়ে উঠছে বাড়িঘর, দোকানপাট, স্কুল-কলেজ—এ তো সবার জানা। কৃষিজমি নষ্ট করে কলকারখানা তৈরি হচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের এই স্বল্প পরিসরের কৃষিজমি ফুরোতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। এমনিতেই খাদ্যসংকটে থাকা আমাদের এই প্রিয় মাতৃভূমি আরও বেশি সংকটের মুখে পড়বে। শুধু আমাদের দেশ নয়, সমগ্র বিশ্ব আজ প্রবল খাদ্যসংকটের মুখোমুখি। বিজ্ঞানের এই অগ্রযাত্রার যুগে এই খাদ্যসংকট আমাদের দেশের অগ্রযাত্রাকে স্তিমিত করে দেবে। কারণ, নতুন নতুন প্রযুক্তি এলেও আমাদের পেটে দুই বেলা দুটো খাবার জোটাতে কৃষির ওপর নির্ভরশীল না হয়ে উপায় নেই। অধিকাংশ গ্রামেই কৃষিজমির পরিমাণ দ্রুত কমে যাচ্ছে কয়েক দশক ধরে। তাই কৃষিজমি কেনার ব্যাপারে কড়া বিধান করে ঘরবাড়ি নির্মাণ বা কারখানা স্থাপন ঠেকানো দরকার। ভারতীয় অভিনেতা অমিতাভ বচ্চন কৃষক পরিচয়ে কৃষিজমি কেনার কারণে তাঁর বিরুদ্ধে মামলা হয়। তিনি শেষ পর্যন্ত সে জমি ফেরত দেন। আমাদের দেশেও কড়াকড়িভাবে এটা নিশ্চিত করা প্রয়োজন।আমাদের গ্রামগুলোতে শহরের মতো করে একেকটা আবাসিক এলাকা গড়ে তোলা যেতে পারে এবং সরকার বহুতল ভবন নির্মাণের জন্য কম সুদে ঋণ দেওয়ার মতো ব্যবস্থা করতে পারে। নতুন করে যেন কৃষিজমিতে বাড়িঘর নির্মাণ না করা হয়, সেদিকে সরকারের নজর দিতে হবে। যেখানে বাড়িঘর আছে, সেখানে বহুতল ভবন নির্মাণ করে তা বরাদ্দ দিতে পারলে নতুন করে কৃষিজমি হারাতে হবে না। আমাদের যেহেতু সম্পদ অল্প বা সীমিত, আর জনসংখ্যা অধিক, তাই এই সীমিত সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। প্রথমে মডেল হিসেবে কয়েকটি গ্রামকে বেছে নেওয়া যেতে পারে।নতুন কলকারখানা তৈরির সময় সরকারকে খেয়াল রাখতে হবে, যেন কোনোমতেই কৃষিজমিতে তা না করা হয়। আমাদের বাঁচতে হলে কৃষিজমি সংরক্ষণের বিকল্প নেই।আনন্দ কুমার শীল।[email protected]সুন্দরী নদী বাঁচাওরাজশাহীর পুঠিয়ার নন্দনপুর গ্রামের এক পাশ দিয়ে বয়ে গেছে সুন্দরী নদী। নদীটি বর্ষা এলেই পানিতে ভরে যেত, তখন নৌকা নিয়ে ঘুরতাম। এর সৌন্দর্য অবলোকন করার জন্য নিয়মিত বিকেলবেলা নদীর ধারে যেতাম। শীতকালে অনেক অতিথি পাখি আসত নিরাপদ আশ্রয়ের খোঁজে। আবার যখন চৈত্র মাস আসত, তখন শুকিয়ে যেত সুন্দরী নদী। আর এ সুযোগ কাজে লাগিয়েছে নন্দনপুর, নওয়াপাড়া, হাতলাদা, চকদুর্লভপুরের কিছু কৃষক। তারা নদী ভরাট করে জমি তৈরি করে চাষাবাদ শুরু করেছে। নদী তার নিজস্ব সৌন্দর্য ও নাব্যতা হারিয়ে ফেলছে।কিন্তু কেন! এ নদীর কি কোনো প্রয়োজন নেই? দিন দিন এ নদী সরু হয়ে যাচ্ছে দখলবাজদের কারণে। এর দায় কি আমাদের কারও নেই। সমগ্র নন্দনপুরবাসীর কাছে আমার আকুল আবেদন, সুন্দরী নদীকে বাঁচান। এ নদী আমাদের জাতীয় সম্পদ। এর রক্ষণের দায়িত্ব আমাদের সবার। নদীটিকে বাঁচিয়ে একটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও ভারসাম্য রক্ষা করুন।রাকিবুল ইসলাম, পুঠিয়া, রাজশাহী।