চিঠিপত্র
চিকিৎসাবর্তমান সরকার জনগণের চিকিৎসাসেবা বাড়াতে বেশ তৎপর থাকলেও কিছু বিষয়ে এখনো কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। যেমন—সরকারি হাসপাতালে বহির্বিভাগের চিকিৎসাব্যবস্থা, অন্তর্বিভাগের অব্যবস্থাপনা, সরকারি হাসপাতালগুলোয় বিভিন্ন মেশিন নষ্ট হয়ে পড়ে থাকা, দুর্গন্ধ, অপারেশনের দীর্ঘসূত্রতা, দালাল চক্রের তৎপরতা—সব মিলিয়ে সাধারণ মানুষ যে উপকারের আশায় বুক বেঁধে সরকারি হাসপাতালে যায়, তার কতটুকু পূরণ হয়, তা নিয়ে সন্দেহ আছে। অথচ বিপুল জনসংখ্যার এ দেশে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সরকারি হাসপাতালের কোনো বিকল্প হতে পারে না। সরকারি হাসপাতালের নানা অব্যবস্থাপনার কারণে মানুষ বীতশ্রদ্ধ হয়ে এখন বেসরকারি হাসপাতাল অথবা ক্লিনিকমুখী হয়েছে। কিন্তু এসব জায়গায় যাওয়ামাত্রই শুরু হয় টাকার খেলা। এসব প্রতিষ্ঠান সরকারের কোনো নীতিমালায় চলে কি না, বলা মুশকিল। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে যদি মূল্যতালিকা ঝুলিয়ে রাখতে হয়, তাহলে বেসরকারি হাসপাতালে তাদের মূল্যতালিকা ঝুলিয়ে রাখতে বাধা কোথায়? গ্রাম্য চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য কত টাকা দিতে হবে, সরকার এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করলে সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হবে। চিকিৎসাক্ষেত্রে একটি সার্ভিলেন্স টিম থাকা প্রয়োজন।মো. নুরুল আনোয়ার, ফেনী।দলিল নিবন্ধনব্রিটিশ শাসনামলে উপমহাদেশে দলিল নিবন্ধনের জন্য যে আইন ও বিধি অনুসরণ করা হতো, মূলত তারই ধারাবাহিকতায় এখনো নিবন্ধন চলছে। গত ৪০ বছরে নিবন্ধন আইন ও বিধির কিছু পরিবর্তন হওয়া সত্ত্বেও পদ্ধতিগত কোনো সংস্কার করা হয়নি। দলিল নিবন্ধন ও সম্পত্তি হস্তান্তরের তথ্য সরবরাহের কাজ সেই হাতেকলমেই চলছে। তথ্য সংগ্রহ বই ও জনবলসংকটের কারণে এই পদ্ধতিতে দলিল ফেরত দিতে এক মাস থেকে তিন বছর লেগে যায়। অথচ কাজ শেষ করে তা এক মাসের মধ্যে ফেরত দেওয়ার বিধান আছে। তা ছাড়া তথ্য সংরক্ষণের আধুনিক মাধ্যম না থাকায় পুরোনো মূল্যবান তথ্য অবহেলা-অনাদরে পড়ে আছে। আবার সম্পত্তির বাজারমূল্য নির্ধারণেও আছে জটিলতা। নিবন্ধনসংক্রান্ত এসব জটিলতা দূর করতে জবাবদিহি ও স্বচ্ছতা বৃদ্ধি করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর ও দলিল নিবন্ধন-প্রক্রিয়ায়। ডিজিটাল পদ্ধতিতে দলিল নিবন্ধিত হলে এই মাধ্যমে স্বচ্ছতা বাড়বে এবং রেজিস্ট্রি অফিসে জনসাধারণের সেবা গ্রহণ সহজ হবে। ফলে লোকজন স্থাবর সম্পত্তি বিনিয়োগে উৎসাহিত হবে। আমরা আশা রাখি, ডিজিটাল পদ্ধতি চালুর মধ্য দিয়ে জনসাধারণ কাঙ্ক্ষিত সেবা লাভে সক্ষম হবে।জাহেদুর রহমানপুরানা পল্টন, ঢাকা।