চিঠিপত্র
ঢাকা-চট্টগ্রাম রেলপথঢাকা-চট্টগ্রাম যোগাযোগ-ব্যবস্থাকে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে জীবনরেখা বলা যায়। অর্থনীতির গতিশীলতা আর উন্নয়ন এই পথের সহজ যোগাযোগের ওপরও নির্ভরশীল। কিন্তু বর্তমানে রেল ও সড়ক উভয় মাধ্যমে এই পথে যোগাযোগ আর সহজ নেই। রেলপথটি সড়কপথের চেয়ে অনেক ঘোরানো ও কিছু কিছু অংশে সিঙ্গেল ট্র্যাক থাকায় একই সময়ে একাধিক গাড়ি চলাচল করতে পারে না। ফলে রেলপথে ঢাকা-চট্টগ্রাম যাতায়াতে সময় বেশি লাগে। আর সড়কপথটি চার লেনে উন্নীত করা হলেও চট্টগ্রামে গভীর সমুদ্রবন্দর স্থাপিত হলে এবং ভুটান-নেপাল-ভারত-চীনকে ট্রানজিট-সুবিধা দিলে এই সড়কটি পর্যাপ্ত হবে না। তাই আমাদের ঢাকা-চট্টগ্রাম বিকল্প পথের চিন্তা করতে হবে।অনেকে এ জন্য ঢাকা-লাকসাম ৯০ কিলোমিটার কর্ডলাইন নির্মাণ বা টঙ্গী-আশুগঞ্জ পথকে ডাবল লাইনে উন্নীত করার প্রস্তাব করেন। কিন্তু এসব প্রকল্প বাস্তবায়িত হলেও ঢাকা-চট্টগ্রাম পথের যোগাযোগ কাঙ্ক্ষিত গতি পাবে না। ঢাকা থেকে নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ-চাঁদপুর-মিরসরাই হয়ে চট্টগ্রাম পর্যন্ত ১৯৮ কিলোমিটার ডাবল-ডুয়েলগেজ রেলপথ নির্মাণ করাই সব দিক থেকে লাভজনক। এ পথটি নির্মিত হলে তা আন্তর্জাতিক ও আঞ্চলিক সব চাহিদা পূরণেও সক্ষম হবে এবং ঢাকা হবে এর কেন্দ্রবিন্দু। সময় লাগবে কম এবং জমি অধিগ্রহণে ব্যয়ও হবে স্বল্প।মো. ইফতেখার রহমান, নওগাঁ।অসহনীয় যানজটআওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের অন্যতম প্রধান ম্যান্ডেট ছিল বাংলাদেশকে যুগোপযোগী ডিজিটাল দেশ হিসেবে গড়ে তোলা। কিন্তু সেই আশা মিইয়ে যায় রাস্তায় বের হলে। এ কেমন ডিজিটাল বাংলাদেশ! কচ্ছপের গতিতে চলা গাড়িগুলোর যানজট। কেউ যেন কাউকে সামনে এগোতে না দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। অসহায় মানুষগুলো ঘণ্টার পর ঘণ্টা তাদের অফিস সময় কিংবা গুরুত্বপূর্ণ কাজের সময় অলস পাড়ি দিচ্ছে।এই বেহাল অবস্থা থেকে পরিত্রাণ দিতে সরকার কত ধরনের স্বল্পমেয়াদি/দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাই না বলে। কিন্তু ঢাকার রাস্তার বড় অংশই থাকে হকারদের দখলে কিংবা রাস্তায় পার্ক করা গাড়ির মালিকদের দখলে। তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না? এর পেছনে কি মাসোহারা বাণিজ্য?দয়া করে রাজধানীবাসীকে যানজটের হাত থেকে রক্ষা করুন।মো. হারুন রেজাফার্মগেট, ঢাকা।