চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উড়াল সড়কসম্প্রতি মন্ত্রিসভা ঢাকায় উড়াল সড়কের রূপরেখা অনুমোদন করেছে। গণমাধ্যমকে যোগাযোগমন্ত্রী জানিয়েছেন, আগামী বছরের শুরুর দিকে উড়াল সড়কের কাজ শুরু করার ইচ্ছে আছে সরকারের। এ প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে, এর জন্য কোনো ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণ করা হবে না। রেললাইনের ওপর দিয়ে দ্বিতল এ সড়ক নির্মিত হবে। ১৪ হাজার কোটি টাকার এই বিশাল প্রকল্প আশা করা যায়, ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসবে। তবে এ প্রকল্প থেকে আরও বেশি সুফল পাওয়ার জন্য কিছু প্রস্তাব রাখছি। এই উড়াল সড়কের সঙ্গে নির্মাণাধীন দেশের বৃহত্তম গুলিস্তান ফ্লাইওভারের দুটি প্রান্ত যদি সংযুক্ত করা যায়, তাহলে ঢাকার পুরোনো, বাণিজ্যিক ও ব্যস্ততম এলাকাগুলোকে ঘিরে একটি উড়াল চক্র সড়কব্যবস্থা গড়ে তোলা যাবে। এ জন্য উড়াল সড়কের তেজগাঁও সাত রাস্তা পয়েন্টের সঙ্গে ফ্লাইওভারের পলাশী প্রান্ত এবং সায়েদাবাদে এভাবে আরেকটি সংযুক্তি স্থাপন করা যেতে পারে। উড়াল সড়ক ও ফ্লাইওভারের সাইড ক্যারিয়ার (যেমন বঙ্গবন্ধু বহুমুখী সেতুতে রেললাইন করা হয়েছে) হিসেবে দুই পাশে ট্রাম অথবা রোপ বা মেট্রো রেলের আপ-ডাউন লাইন করা যেতে পারে। এই উড়াল সড়কের শতভাগ সুফল পেতে হলে কাঁচপুরে আরও দুটি প্রশস্ত সেতু তৈরি করতে হবে। এবং সেতুগুলোকে একেকটি রুটের জন্য নির্দিষ্ট করে দিতে হবে।রেললাইনের জমি অবৈধভাবে দখল হয়ে থাকার কারণে বিমানবন্দরের পর থেকে কমলাপুর পর্যন্ত ট্রেনগুলোকে যেন এক প্রকার পা টিপে টিপে আসতে হয়। এতে প্রতিটি ট্রেনের গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগে। এই উড়াল সড়ক প্রকল্পেই যদি রেললাইনের দুই পাশে নিরাপত্তাবেষ্টনী তৈরি করা যায়, তাহলে রেল ও উড়াল সড়ক উভয়েরই নিরাপত্তা নিশ্চিত হবে।এ সড়কের আয়ের একটি অংশ রেলওয়ে যাতে ভূমিকর হিসেবে পায়, তা চুক্তিতে থাকতে হবে।কুড়িল-মহাখালীসহ সব ফ্লাইওভারের সঙ্গে উড়াল সড়কের সহজ সংযুক্তি নিশ্চিত করতে হবে। গাড়ির টোল সংগ্রহের ক্ষেত্রে প্রি-পেইড টোল কার্ড সিস্টেম চালু করা উচিত। নইলে প্রতিদিন উড়াল সড়ক ও ফ্লাইওভারের এন্ট্রি পয়েন্টগুলোতে ভয়াবহ জ্যাম তৈরি হবে। জয়দীপ দেদক্ষিণ খুলশী, চট্টগ্রাম।বিসিএস বাছাই পরীক্ষাবালাদেশের মেধাবী, শিক্ষিত যুবক-যুবতীদের সবচেয়ে কাঙ্ক্ষিত পরীক্ষা হলো বিসিএস পরীক্ষা। অথচ ৩০তম বিসিএস পরীক্ষার্থীদের দুঃস্বপ্নের কারণ হয়ে দেখা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খামখেয়ালিপনার জন্য। চলতি বছরের ৩০ জুলাই ৩০তম বিসিএসের বাছাই পরীক্ষার দুই নম্বর সেটের ইংরেজি অংশে প্রায় সব কটি প্রশ্নে নির্দেশনায় ভুল এবং এক ও তিন নম্বর সেটের সাধারণ জ্ঞান অংশে দুটি, গণিত অংশে দুটি, বিজ্ঞান অংশে একটি ভুল থাকায় পরীক্ষার্থীরা বিভ্রান্ত হন। দেশের সরকারি চাকরির সর্বোচ্চ নিয়োগ পরীক্ষার প্রশ্নে এতগুলো ভুল নিয়ে কীভাবে এটি বাছাই প্রক্রিয়ার গুণগত মান রক্ষা করবে, তা আমাদের কাছে বোধগম্য নয়। একটি কিংবা দুটি প্রশ্নে ভুল থাকলে সেগুলো বাদ দিয়ে প্রাপ্ত নম্বরকে আনুপাতিক হারে বাড়িয়ে সমস্যাটির সমাধান করা যেত। কিন্তু একই প্রশ্নে এতগুলো ভুল নিয়ে কোনোভাবেই এই সমস্যার সমাধান সম্ভব নয়। তাই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে যেনতেন প্রক্রিয়ার মাধ্যমে ফলাফল প্রকাশ না করে প্রশ্নবিদ্ধ পরীক্ষাটি বাতিল করে পুনরায় সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি। মাজেদুল হক, সিলেট।প্রাথমিক বিদ্যালয়একটি বৃক্ষের যেমন মূল ভালো না থাকলে গাছ ভালো থাকে না, তেমনি প্রাথমিক শিক্ষাকে উন্নত করতে না পারলে একটি সুন্দর, শিক্ষিত সমাজের ভিত গড়া যাবে না। বর্তমান শিক্ষামন্ত্রী শিক্ষার ক্ষেত্রে অনেক সাফল্য দেখিয়েছেন, এ জন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। তবে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন চতুর্থ শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে বৃদ্ধি করা প্রয়োজন, কেননা যখন কেউ স্নাতক বা স্নাতকোত্তর পাস করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে আসেন, তখন তাঁর লক্ষ্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়া থাকে না। বেতন কম হওয়ায় এর কারণ। আর যাঁরা চাকরিরত আছেন, তাঁরা বেশির ভাগই পছন্দসই চাকরি না পাওয়ার বেদনা নিয়ে বাধ্য হয়ে বা কোনো না কোনোভাবে বেকারত্ব ঘোচাতে এ চাকরি করেন। যেহেতু তাঁরা খুশি হয়ে এ চাকরি করেন না, তাই কাজের প্রতি তাঁরা পুরোপুরি মনোযোগী হতে পারেন না। ফলে শিক্ষকের অমনোযোগিতা ছাত্রছাত্রীদের সঠিক পথ দেখাতে বিঘ্ন ঘটায়। তা ছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা করা আবশ্যক। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তাঁরা যেন প্রাথমিক শিক্ষার প্রতি আরও একটু দৃষ্টি রাখেন। জয়পাল, লালমনিরহাট।