চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বিচারে বৃক্ষনিধনসম্প্রতি প্রথম আলোয় ‘বনাঞ্চল ধ্বংস করে চিংড়িপোনা আহরণ’ শিরোনামের যে সংবাদ ছাপা হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। প্রতিবেদন অনুসারে, কক্সবাজারের নাজিরটেক থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত সমুদ্র সৈকতের প্রায় ১০০ কিলোমিটার এলাকাজুড়ে পোতা হয়েছে গাছের খুঁটি। প্রতিদিন এই সৈকতজুড়ে অন্তত ৮০ হাজার মাছ ধরার নিষিদ্ধ জাল বসানো হয় এবং এর জন্য দৈনিক এক লাখ ৬০ হাজার গাছের খুঁটির প্রয়োজন পড়ে। সবচেয়ে উদ্বেগের ব্যাপার হলো, এই খুঁটির জোগান দেওয়ার জন্য নির্বিচারে উজাড় করা হচ্ছে পাশের সংরক্ষিত বন, ঝাউবাগানসহ সামাজিক বনায়নের গাছ। পাশাপাশি মিয়ানমার থেকে অনুপ্রবেশকারীরা এই সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে গড়ে তুলছে বসতবাড়ি। এই অপরিকল্পিত চিংড়িপোনা আহরণের ফলে একদিকে যেমন দূষিত হচ্ছে সৈকতের পরিবেশ অন্যদিকে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য ও সংরক্ষিত বনাঞ্চল। এ ছাড়া সৈকতজুড়ে মানুষের অবাধ বিচরণের ফলে নষ্ট হচ্ছে কচ্ছপের ডিমপাড়ার স্থানসহ রাজকাঁকড়ার বিচরণক্ষেত্র। পাশাপাশি সৈকতের জালে আটকা পড়ে প্রায় প্রতিদিনই মারা যাচ্ছে ডিম পাড়তে আসা মা কচ্ছপসহ আরও বিভিন্ন ধরনের সামুদ্রিক জলজ প্রাণী। এই ধ্বংসাত্মক কার্যক্রমের ফলে নষ্ট হচ্ছে পুরো সৈকতের বাস্তুতন্ত্র এবং খাদ্যশৃঙ্খল। নির্বিচারে বৃক্ষনিধনের ফলে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীবজন্তুর আবাসস্থল। অথচ এই বনাঞ্চল পুরো কক্সবাজারকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে রক্ষা করে। আমরা আশ্চর্য হই, সরকার বনাঞ্চল ধ্বংসকারীদের বিরুদ্ধে কাঠার হুঁশিয়ারি দেওয়ার পরও কার্যত কোনো ফল পাওয়া যাচ্ছে না, বরং দিন দিন বনাঞ্চল ধ্বংস হচ্ছে। এটা সত্যিই রহস্যজনক। তাই সরকারের কাছে আমাদের দাবি, কেন এমন হচ্ছে তা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। সুজয় সুব্রত, সিলেট