চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ে হাসপাতালসম্প্রতি রেলওয়ে হাসপাতাল নিয়ে প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, প্রায় ১০০ শয্যার চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে আছেন মাত্র দুজন চিকিৎসক। এ তথ্য থেকেই রেলওয়ের চিকিৎসাব্যবস্থার করুণ চিত্র ফুটে ওঠে। অথচ আজ থেকে তিন-চার দশক আগেও হাসপাতালটি ছিল চিকিৎসাব্যবস্থার একটি মডেল।বাবার রেলের চাকরির সূত্রে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে আমার জন্ম। তারপর ছোটখাটো অসুখ-বিসুখে ছুটে গেছি সেখানে। উঁচু-নিচু পাহাড়ঘেরা সাহেবি ঘরানার এই হাসপাতালে সারা বছরই লেগে থাকত রোগীর ভিড়। রেলের বাইরে শহরের অবস্থাপন্ন ব্যক্তিরাও এখানে আসতেন উন্নত চিকিৎসার আশায়। শহরের প্রতিষ্ঠিত চিকিৎসকেরা পরিচ্ছন্ন পরিবেশের কারণে অস্ত্রোপচারের জন্য এ হাসপাতালের অপারেশন থিয়েটারকে প্রথম পছন্দে রাখতেন। এখানে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকদের ডেকে আনা হতো। চট্টগ্রামে থেকেছেন কিংবা বড় হয়েছেন এমন অনেক বিশিষ্ট ব্যক্তির স্মৃতিচারণায় রেলওয়ে হাসপাতালের কথা জানা যায়।অথচ ১৯৯০-এর দশকে সরকারের লোকবল-সংকোচনের ভ্রান্তনীতির বলি হয় রেলওয়ের চিকিৎসাব্যবস্থা। এরই ধারাবাহিকতায় এখন হাসপাতালগুলো শয্যাশূন্য থাকে। পদোন্নতি-জটিলতা আর কর্তৃপক্ষের অবহেলার কারণে যে কজন চিকিৎসক আছেন, তাঁরাও কাজে মনোযোগ দেন না। ফলে চিকিৎসার উপকরণ ব্যবহারের অভাবে নষ্ট হয়।এ চিত্র শুধু রেলওয়ের আটটি হাসপাতালেরই (ঢাকা বাদে) নয়, আরও যেসব সেবামূলক প্রতিষ্ঠান আছে সব কটিরই। রেলের ১২টি বিদ্যালয় ও একটি মহাবিদ্যালয় রয়েছে। এগুলো নামে সরকারি হলেও আর দশটা সরকারি বিদ্যালয়ের সঙ্গে এর কোনো তুলনা চলে না। শিক্ষক আর তহবিলস্বল্পতার কারণে এগুলোর স্বাভাবিক শিক্ষাকার্যক্রম বিঘ্নিত হচ্ছে। একই অবস্থা রেল পুলিশ ও অডিট বিভাগে। এসব প্রতিষ্ঠানকে মানসম্মত করার জন্য প্রয়োজনীয় অর্থের জোগান নিশ্চিত করে এসব প্রতিষ্ঠান বাঁচাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।জয়দীপ দে দক্ষিণ খুলশী, চট্টগ্রাম।শিশুদের বিনোদনআমাদের দেশে শিশুদের চিত্তবিনোদনের সুযোগ বিশেষ নেই। শিশুরা মূলত টিভি দেখে বড় হচ্ছে। শহুরে মধ্যবিত্ত পরিবারের অনেকে আবার বিনোদনের চাহিদা মেটায় কম্পিউটারে গেম খেলে। ভবিষ্যৎ প্রজন্মের গুরুত্বপূর্ণ এক অংশ বেড়ে উঠছে চার দেয়ালের মধ্যে। শহরে দিন দিন খেলার মাঠগুলো দখল হয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে আকাশচুম্বী ভবন। এভাবে শিশুরা হারাচ্ছে দুরন্ত শৈশব। ছোটবেলায় বন্ধুদের সঙ্গে মাঠে খেলা বা নদীতে সাঁতার কাটা, ঝড়ের রাতে আম কুড়ানোর কোনো স্মৃতি এসব শিশুর কোনো দিন থাকবে না। বড় দুঃখ লাগে। ছোটবেলার সময়ই জীবনের সবচেয়ে মধুর সময়। কিন্তু এখনকার শিশুদের অবস্থা দেখলে সত্যিই বড় বেদনা অনুভব করি। একগাদা বইয়ের চাপ, কোচিং, টিউটর—সব মিলিয়ে তাদের দম ফেলার ফুরসতই নেই। শিশুদের সুন্দর ভবিষ্যতের জন্য চাই শৈশবে যথাযথ মানসিক বিকাশ। আর তাই আসুন খেলার মাঠ সংরক্ষণে মনোযোগী হই। শিশুদের ভালোভাবে বেড়ে ওঠার সুযোগ দিই। সবাইকে মনে রাখতে হবে, শিশুরাই জাতির ভবিষ্যৎ।ফারহান তাম্বীরুল হকশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।