চিঠিপত্র
কৃষি গবেষণাবর্তমান সরকার দেশের কৃষি গবেষণার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। বাংলাদেশের মতো জনবহুল, কৃষিপ্রধান এবং কৃষি সম্ভাবনাময় দেশের জন্য এটি অত্যন্ত আশাব্যঞ্জক। তবে অত্যন্ত পরিতাপের বিষয়, প্রায় দুই দশক ধরে কৃষি গবেষণাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ‘এন্ট্রিলেভেলে’ গবেষণাকাজে কর্মকর্তা পদে নিয়োগ লাভে সর্বদাই কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষমতাসীন দলের ছাত্রনেতাদের একচেটিয়া প্রাধান্য লক্ষ করা যায়। বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস না করেও এবং শিক্ষায়তনিক পরীক্ষার ফলাফলে তুলনামূলকভাবে কম মেধাবী গণ্য হলেও কৃষি গবেষণাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষায় এসব ছাত্রনেতা বিস্ময়করভাবে ভালো ফল করেন এবং নিয়োগের জন্য বিবেচিত হন। প্রকৃতপক্ষে এসব গবেষণা প্রতিষ্ঠানে ক্ষমতাসীন দলের ছাত্রনেতাদের অনুকূলে বিভিন্ন কারচুপির মাধ্যমে তাদের নিয়োগ নিশ্চিত করার বিষয়টি এখন অনেকটা অলিখিত নিয়মে পরিণত হয়েছে। দুর্নীতি আর কারচুপির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তাকে দিয়ে আর যা-ই হোক, সত্যিকারভাবে ভালো কোনো গবেষণাকাজ আশা করা দুরাশা মাত্র।তাই কৃষি গবেষণাকে প্রকৃত সাফল্যের পথে এগিয়ে নিতে গবেষণাকাজের জন্য কর্মকর্তা নিয়োগপ্রক্রিয়া সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এবং স্বজনপ্রীতিমুক্ত করে প্রকৃত মেধাবীদের নিয়োগ নিশ্চিত করার বিকল্প নেই।এম এ আহাদমিরপুর, ঢাকা।নববর্ষে উৎসব-ভাতাবাংলাদেশ সরকার প্রজাতন্ত্রের সরকারি-আধাসরকারি-স্বায়ত্তশাসিত সব কর্মকর্তা-কর্মচারীকে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন উপলক্ষে প্রতিবছর কমপক্ষে দুটি উৎসব-ভাতা দিয়ে থাকে। এটি প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু দলমত-ধর্মবর্ণ-গোত্রনির্বিশেষে বাংলাদেশের প্রতিটি নাগরিক অভিন্ন অনুভূতির আস্বাদ গ্রহণ করে থাকে বাংলা নববর্ষে। সেই বিচারে বাংলা নববর্ষের আবেদনও কম নয়। এর ব্যাপ্তি এখন সর্বব্যাপী এবং বলা যায় বাংলা নববর্ষ বাংলাদেশের বৃহত্তম উৎসব। তাই বাংলা নববর্ষ উপলক্ষে একটি উৎসব-ভাতার ঘোষণা দেওয়া এখন সময়ের দাবি।সরকার এই উৎসবকে সম্মান জানিয়ে ‘বাংলা নববর্ষ উৎসব-ভাতা’ প্রদানের সময়োপযোগী সরকারি সিদ্ধান্তের ঘোষণা দিয়ে তা বাস্তবায়নের জন্য আশু পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হবে—এ আশা করি।তোফায়েল হোসেনকালীবাড়ি রোড, ময়মনসিংহ।