চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীনিবাস নিয়ে প্রহসনএকসময় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বেশির ভাগ শিক্ষার্থী ছিলেন ছাত্র। কিন্তু গত কয়েক বছরে ছাত্রীদের সংখ্যাও অনেক বেড়েছে। ছাত্রদের থাকার জন্য তিনটি ছাত্রাবাস থাকলেও ছাত্রীদের জন্য নতুন কোনো আবাসনের ব্যবস্থা করা হয়নি। প্রতিবছর বিভিন্ন খাতে বিপুল পরিমাণ বাজেট পাস হলেও ছাত্রীদের আবাসনব্যবস্থার জন্য কোনো বাজেট করা হয় না। গত বছর অস্থায়ীভাবে সদ্যনির্মিত কেন্দ্রীয় গবেষণাগারে মেয়েদের থাকার ব্যবস্থা করা হয়। গবেষণা শুরুর আগেই ভবনটি হয়ে যায় ছাত্রীদের গণকক্ষ। গবেষণাগারের অভাবে থেমে আছে অসংখ্য গবেষণার কাজ।এ বছর ভর্তি হওয়া ছাত্রীদের থাকার জায়গার ব্যবস্থা করতে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রীয় গ্রন্থাগারটি চালু হওয়ার আগেই অস্থায়ী ছাত্রীনিবাস হিসেবে ব্যবহূত হতে যাচ্ছে। এ জন্য গ্রন্থাগারের চারপাশে দেওয়া হচ্ছে নিরাপত্তা-দেয়াল। মূল নকশা ভেঙে বানানো হচ্ছে আরও একটি গণকক্ষ। ভবিষ্যতে এটিকে আর গ্রন্থাগার হিসেবে দেখা যাবে কি না, সে প্রশ্ন জাগে। এর প্রতিবাদে যখন কিছু সচেতন শিক্ষার্থী এগিয়ে যান, তখন প্রশাসন তাঁদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার হুমকি দেয়। প্রশাসনের বক্তব্য, ছাত্রছাত্রীদের উপকারের জন্যই এটি করা হচ্ছে। গবেষণাগার ও গ্রন্থাগার অচল করে দেওয়ার মধ্যে কোন স্বার্থকতা, তা বোধগম্য নয়।তাই প্রশাসনের কাছে অনুরোধ করছি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একবার নিজেদের তুলনা করে দেখার জন্য। যেখানে তারা গবেষণায় ব্যস্ত, সেখানে আমরা ছাত্রীনিবাসের নামে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছি। দয়া করে আমাদের গবেষণাগার ও গ্রন্থাগার খুলে দেওয়া হোক। ছাত্রীদের জন্য নতুন হল নির্মাণ করা দরকার। দরকার হলে বিশ্ববিদ্যালয়ের বাইরে কোথাও ছাত্রদের থাকার ব্যবস্থা করতে হবে।ফাইসা ফাবিয়াশিক্ষার্থী, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।