চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাম্পাসে যান চলাচল৪ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রকাশিত কবি ও সাংবাদিক সোহরাব হাসানের ‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক না ফ্রাঙ্কেনস্টাইন’ শীর্ষক নিবন্ধের তৃতীয় অনুচ্ছেদের শেষ কয়েকটি আপাত যৌক্তিক লাইনের ওপর দৃষ্টিপাত করছি। তিনি এ ক্ষেত্রে ক্যাম্পাসের একটি সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রদের গাড়ি ভাঙচুরের ঘটনাকে খুব সাবলীলভাবে মাস্তানির সঙ্গে তুলনা করেছেন এবং ছাত্রদের মধ্যে ভাঙচুরের মানসিকতার ব্যাপারে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু এ ক্ষেত্রে তিনি সত্যতার খুব বেশি কাছাকাছি পৌঁছাতে পেরেছেন বলে আমার মনে হয়নি।পৃথিবীর কোথাও কোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর দিয়ে পাবলিক গাড়ি চলাচলের নিয়ম আছে বলে হয় না। তা ছাড়া এই ক্যাম্পাসে এমন অনেক হল আছে, যেখানে গাড়ির হর্নের প্রচণ্ড শব্দে ঘুমানো ও পড়ালেখা কোনোটিই ভালোভাবে করা যায় না (অবশ্য পরে অভ্যাস হয়ে যায়)। ক্যাম্পাসের ভেতর পাবলিক গাড়িগুলো যে কতটা বেপরোয়াভাবে চলাচল করে, তা সবার জানা। এরই ফলে ক্যাম্পাসে এ পর্যন্ত শুধু সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ২৫ জনের বেশি মেধাবী শিক্ষার্থী, যাঁরা দেশকে অনেক কিছু দিতে পারতেন। ক্যাম্পাসের কর্মচারী, শিক্ষকের স্ত্রীসহ বিবেচনা করলে মৃতের সংখ্যা ৩৫ জনের বেশি হবে। পড়ালেখা করতে এসে নিজ ক্যাম্পাসেই দুর্ঘটনার শিকার এবং পরবর্তী সময়ে লাশ হয়ে ঘরে ফেরার অনুভূতিটা যে কী কষ্টের, তা শুধু তাঁদের আত্মীয়স্বজনই বোঝে। ক্যাম্পাসে মাঝেমধ্যেই ছাত্রছাত্রীরা কোনো না কোনোভাবে বহিরাগত গাড়িগুলো দ্বারা দুর্ঘটনার শিকার হন। এমনও দেখা যায়, কলাভবনের সামনে থেকে কেন্দ্রীয় লাইব্রেরি পর্যন্ত বহিরাগত গাড়ির যানজট। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাহবাগ, নীলক্ষেত ও পলাশী মোড়ে বিশ্ববিদ্যালয় মনোগ্রাম-বহির্ভূত গাড়ি প্রবেশ নিষেধ—এ রকম তিনটি সাইনবোর্ড লাগিয়েই তাদের দায়িত্ব সেরেছে।ক্যাম্পাসে পাবলিক গাড়ি চলাচলের নিয়ম না থাকলেও ক্যাম্পাসের ভৌগোলিক অবস্থান এবং ঢাকা শহরের যানজটের কথা চিন্তা করে ছাত্রছাত্রীরা কখনো গাড়ি চলাচলে বাধা দেয় না। এতদ্সত্ত্বেও নিজের অস্তিত্ব যখন হুমকির মুখে পড়ে, তখন গাড়ির ওপর দাঁড়ানো ছাত্রদের ‘মাস্তানি মার্কা ছবি’টাই প্রকৃতপক্ষে সময়ের দাবি হয়ে যায়; যদিও এটা সমস্যার চূড়ান্ত সমাধান নয়। মানবদেহের কোনো অংশে পচন শুরু হলে যেমন মানবদেহকে কখনো কুকুরের দেহ বলে আখ্যায়িত করা যায় না, ঠিক তেমনই শিক্ষাপ্রতিষ্ঠানও কয়েকজন নীতিবিবর্জিত রাজনৈতিক ছাত্রের কারণে মাস্তানালয়ে পরিণত হয় না। এ ক্ষেত্রে পচন রোধ করা বা না করাটাই পার্থক্যের বিষয় হয়ে দাঁড়ায়। লিটন বড়ুয়া শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। কারিগরি শিক্ষানানা সমস্যার মধ্যে বেকারত্ব অন্যতম। এ সমস্যা সমাধানের জন্য কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। উন্নত বিশ্বে কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় বলে তারা আজ এতটা সফল। দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলো থেকে উচ্চশিক্ষা লাভ করে কারিগরি জ্ঞানের অভাবে অনেকে বেকার থেকে যান। কিন্তু কারিগরি শিক্ষায় শিক্ষিত ছাত্রছাত্রী কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা নিয়ে বের হন। ফলে সহজেই একটি কাজ জুটিয়ে নিতে পারেন। বর্তমানে দেশে ও দেশের বাইরে প্রচুর বাংলাদেশি শ্রমিক কাজ করছেন, যাঁদের বেশির ভাগ অনভিজ্ঞ। অথচ পৃথিবীর যেকোনো দেশে অভিজ্ঞতাসম্পন্ন লোকের প্রচুর চাহিদা রয়েছে। তাই কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে যুবসমাজকে বেকারত্বের অভিশাপ থেকে রক্ষা করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। আফছার উদ্দিনপাহাড়তলী, চট্টগ্রাম।নদী চলুক আপন বেগেবাংলাদেশে পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, যমুনা, ধলেশ্বরী, মধুমতী, আড়িয়াল খাঁ, শীতলক্ষ্যা, গোমতী, ইছামতী, তিতাস, বুড়িগঙ্গা, তিস্তা, করতোয়া, খোয়াই, সুরমা, করাঙ্গী—এ ধরনের কত নদ-নদী প্রবাহিত হচ্ছে। এর জন্যই তো বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমরা নদীর তীরে দাঁড়িয়ে অভিভূত হয়ে দেখি নদীর স্রোত। পানি উজান থেকে ভাটিতে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। নদীর উৎপত্তিস্থল দুর্গম পাহাড়ি এলাকা, যেখানে বৃষ্টির পানি কমে সরু থেকে দীর্ঘ পানির পথ বয়ে ধীরে ধীরে নদীর সৃষ্টি হয়। কিন্তু পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। এখন মানুষ নদীতে বাঁধ দিয়ে পানিবিদ্যুৎ উৎপাদন করে। এ সুবিধা ভোগ করে উজান এলাকার মানুষ। আবার বন্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ নদীর তীরে উঁচু বাঁধ নির্মাণ করে। বর্ষাকালে অতিবৃষ্টি হলে নদীর পানির উচ্চতা বেশি বেড়ে গেলে ওই বাঁধও তখন দুর্বল হয়ে পড়ে। ফলে দেখা দেয় বন্যা। আবার ভাটি এলাকার মানুষ উজানীদের ক্রীড়নক হয়ে পড়ে। আমরা দেখি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র প্রাকৃতিক নিয়মেই চলছে। এদের নিয়ন্ত্রণে মানুষের কোনো হাত নেই। তাই নদী চলুক তার আপন বেগে। এতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হোক। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বিদ্যুৎ উৎপাদনের জন্য আরও কত প্রযুক্তিই রয়েছে। সেগুলোকে রপ্ত করে আমরা নদীগুলোকে পরিত্রাণ দিই। জীবনের বিকাশে নদী তার আপন বেগে প্রবাহিত হোক, এটাই কাম্য। মো. কুতুব আলীশায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।পাঠ্যপুস্তকপঞ্চম শ্রেণীর আমার বাংলা বই-এ একই লেখকের একাধিক লেখা রয়েছে। বিষয়টি অনেকের কাছে স্বাভাবিকভাবেই পক্ষপাতমূলক হিসেবে প্রতীয়মান হয়েছে। যেমন বইটিতে মনসুর মুসার দুটি, শফিউল আলমের চারটি এবং ড. মাহবুবুল হকের পাঁচটি লেখা স্থান পেয়েছে। দেশে এত খ্যাতিমান ও বরেণ্য ব্যক্তি থাকতে একজন লেখকের এত বেশি লেখা ছাপানো কতটা যুক্তিযুক্ত হয়েছে? এতে কি অনেক স্বনামধন্য লেখকের লেখা থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হলো না?বিষয়টি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃপক্ষ ভেবে দেখবে কী?শাহ জালালকলেজ রোড, রংপুর।