চিঠিপত্র
ঢাকা মহানগরের সংকটপ্রত্যেক নাগরিকের প্রত্যাশা থাকে, তার দেশের রাজধানী হবে সুন্দর এবং আধুনিক একটি শহর। রাজধানীকে বিবেচনা করা হয় সেই দেশের সামগ্রিক প্রতিচ্ছবি হিসেবে। কিন্তু আমাদের প্রিয় রাজধানী ঢাকা, যার রয়েছে ৪০০ বছরের দীর্ঘ ঐতিহ্যবাহী ইতিহাস। আজ সেই শহর মৃত্যুকূপে পরিণত হয়েছে। বিভিন্ন সংকটে বিপর্যস্ত রাজধানী বসবাসের অযোগ্য হয়ে উঠেছে।যে সমস্যাটি প্রধান হয়ে দাঁড়িয়েছে, তা হলো যানজট। যানজটে থমকে যাচ্ছে নগর এবং মানুষের জীবন থেকে কেড়ে নিচ্ছে মূল্যবান সময়। এর অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত জনসংখ্যার চাপ এবং অতিরিক্ত যানবাহন।দ্বিতীয়ত, রাজধানীবাসী অবকাঠামোগত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যেমন: শহরে বিদ্যুতের সমস্যা চরমে পৌঁছেছে। দিনে ছয় থেকে আট ঘণ্টা বিদ্যুৎ থাকে না। বিদ্যুতের অভাবে আজ শিক্ষাজীবন থেকে শুরু করে পেশাগত বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব পড়ছে। এরপর রয়েছে গ্যাসের সংকট। গৃহিণীরা পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না এবং অনেক কলকারখানা গ্যাস না পাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে। ইদানীং শহরের বেশির ভাগ এলাকাতেই পানির তীব্র সংকট। মানুষ খাওয়ার পানির জন্য দীর্ঘ লাইন ধরে দাঁড়াচ্ছে, তবু অনেক সময় পানি মিলছে না এবং বিদ্যুৎ-সংকটের কারণে পানি উত্তোলন করা যাচ্ছে না। এই সমস্যাগুলোর আশু সমাধান প্রয়োজন।নগরে ক্রমন্বয়ে অপরাধ বেড়ে চলেছে। চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, যৌন ব্যবসা, এসিড নিক্ষেপ, মাদকের ব্যবসা প্রভৃতির হার অনেক বেড়ে গেছে। এতে শহরবাসী আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় না। এ ছাড়া নগরে বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যায় এবং পথচারীদের প্রচণ্ড কষ্ট হয়। রয়েছে মশার উপদ্রব। প্রতিনিয়ত বিভিন্নভাবে পরিবেশের ভারসাম্যহীনতা ও পরিবেশ দূষিত হচ্ছে।সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ২০টি শহরের মধ্যে ঢাকা শহরের অবস্থান দ্বিতীয়। এর প্রধান কারণ অপরিকল্পিত নগরায়ণ ও জনবহুলতা। আশঙ্কার বিষয় হচ্ছে, সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহর মৃত্যুপুরীতে পরিণত হবে।রাজধানীবাসী ওপরে উল্লিখিত বিভিন্ন সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে। কী ভবিষ্যৎ তাদের জন্য অপেক্ষা করছে, সেই চিন্তায় আজ রাজধানীবাসী শঙ্কিত।এম. সিজার মোনায়েমুল ইসলামচতুর্থ বর্ষ, নৃ-বিজ্ঞান বিভাগরাজশাহী বিশ্ববিদ্যালয়।প্রভাষকদের টাইম স্কেলবেসরকারি কলেজের প্রভাষকেরা দুই বছর এবং আট বছর পূর্তিতে যথাক্রমে অষ্টম ও সপ্তম গ্রেডে দুটি টাইম স্কেল দীর্ঘদিন ধরে পেয়ে আসছিলেন। কিন্তু বিগত জোট সরকারেরর সময় ২০০৪ সালে তা স্থগিত করা হয়। ফলে প্রভাষকেরা হতাশ হয়ে পড়েন, আর ওই স্থগিতাদেশ প্রত্যাহারের অপেক্ষায় থাকেন। এ বিষয়ে পরবর্তী সরকারগুলো কোনো পদক্ষেপ নেয়নি। অবশেষে বর্তমান সরকার একটি পরিপত্রে আট বছর পূর্তিতে সপ্তম গ্রেডে একটি টাইম স্কেলের বিধান করে। কিন্তু এর বাস্তবায়নে ধীরগতি আমাদের হতাশ করছে। এদিকে কলেজের প্রদর্শক, সহকারী গ্রন্থাগারিক, শরীরচর্চা শিক্ষকেরা যথারীতি টাইম স্কেল পেয়ে প্রভাষকদের স্কেলে বেতন পাচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ, প্রভাষকদের হতাশা দূর করতে দুই বছরেরসহ প্রতিশ্রুত আট বছরের টাইম স্কেল দ্রুত এবং স্বয়ংক্রিয়ভাবে প্রদান করুন। জামান, পল্লবী, ঢাকা।