চিঠিপত্র
শিক্ষক-রাজনীতিআমাদের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়-গুলোতে শিক্ষক-রাজনীতি বহু দিন ধরে চলে আসছে। মানুষ গড়ার কারিগর শিক্ষকেরা নিজেদের বিভাজিত করেছেন নানা দলে। শিক্ষক সমিতির নির্বাচনগুলো এখন দলীয় প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত হয়েছে। কিন্তু এমনটি হওয়ার কথা ছিল না।শ্রেণীকক্ষে পাঠদান আর উত্তরপত্র মূল্যায়ন করাই শিক্ষকদের একমাত্র কাজ নয়। শিক্ষকেরা ছাত্রদের আদর্শের মন্ত্রে দীক্ষা দেবেন, সত্যানুসারী ও ন্যায়ানুগ হতে উৎসাহিত করবেন। সমাজ থেকে অন্যায়, অনাচার, বৈষম্য দূর করতে ছাত্রদের তাঁরা অনুপ্রাণিত করবেন। শিক্ষকেরা সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ। তাঁদের জ্ঞান-প্রজ্ঞাই সমাজকে আলোর পথ দেখাবে। শিক্ষকদের ব্যক্তিগত রাজনৈতিক আদর্শ থাকতেই পারে। কিন্তু সবার আগে তিনি একজন শিক্ষক। অন্যান্য দেশেও অনেক শিক্ষক আছেন যাঁরা পুঁজিবাদ, সাম্যবাদ প্রভৃতি মতাদর্শের অনুসারী ও জোরালো সমর্থক। তাঁরা তাঁদের লেখা, কথায় এসব ধারণা প্রকাশ করে থাকেন। সরাসরি কোনো রাজনৈতিক দলের প্লাটফর্মভুক্ত হওয়া থেকে তাঁরা সাধারণত সুকৌশলে নিজেদের নিবৃত্ত রাখেন। কিন্তু আমাদের দেশের শিক্ষকদের মধ্যে প্রত্যক্ষভাবে দলীয় কর্মকাণ্ডে অংশ নেওয়ার প্রবণতা লক্ষ করা যায়। ইশতেহার তৈরি থেকে শুরু করে প্রার্থীদের নির্বাচন পরিচালনা কমিটিতেও দায়িত্ব পালন করেন কেউ কেউ। এভাবে চলতে থাকলে আমরা বুদ্ধিবৃত্তিক সংকটে পড়ব। শিক্ষকদের কাছে জাতির প্রত্যাশা, তাঁরা যেন লেজুড়বৃত্তির রাজনীতি পরিহার করে মানুষ গড়ার কাজে মনোযোগী হন। আর শিক্ষকেরা লেজুড়বৃত্তি পরিহার করলে ধীরে ধীরে ছাত্ররাজনীতিও সঠিক পথে ফিরে আসবে বলে আশা করা যায়।বোরহান খান, ঢাকা।নন-ক্যাডার নিয়োগগত ৩ জুন ২৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়। ক্যাডার পদে প্রায় তিন হাজার পদের বিপরীতে মাত্র দুই হাজার ১৯০ জনকে নিয়োগ দিয়ে ক্যাডার পদের প্রায় সাড়ে ৮০০ পদ খালি রাখা হয়। যুক্তি দেখানো হয়, সংশ্লিষ্ট পদগুলো সংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য এবং এগুলোতে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। এর আগে বিভিন্ন সরকারি চাকরিতে কোটাসংশ্লিষ্ট পদের বিপরীতে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সাধারণ পরীক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুসারে নিয়োগ দেওয়া হতো। কিন্তু এবার সেটা হলো না। ফলে লিখিত ও মৌখিক পরীক্ষায় পাস করা সত্ত্বেও অনেকেই ক্যাডার পদে সুপারিশ পেলেন না। অন্যদিকে মোট উত্তীর্ণ পাঁচ হাজার ১০৫ জন প্রার্থীর মধ্যে দুই হাজার ৯১৫ জন ক্যাডার পদে নিয়োগের জন্য বিবেচিত হননি, তাঁদের নন-ক্যাডার পদের জন্য সুপারিশ করা হয়। নন-ক্যাডার পদের জন্য বিবেচিত পরীক্ষার্থীরা তাও একটা প্রথম শ্রেণীর চাকরি পাবেন বলে আশা করেছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সরকারি কর্মকমিশনের ভাষ্য হচ্ছে, নন-ক্যাডার পদের জন্য বিবেচিত প্রার্থীদের অনেকেই চাকরি পাবেন না। এ জন্য কারণ দেখানো হয়েছে মন্ত্রণালয় থেকে নিয়োগের জন্য যথেষ্ট চাহিদাপত্র না আসা। এর অর্থ এই, শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কারণে নন-ক্যাডার পদের জন্য বিবেচিত প্রার্থীদের অনেকেই চাকরি পাবেন না। অথচ বিসিএস থেকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার জন্যই এ বছরের ১০ মে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০ প্রজ্ঞাপন জারি করা হয়। তখন সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে বিভিন্ন পত্রিকায় নন-ক্যাডার প্রথম শ্রেণীর শূন্য পদের সংখ্যা ১০ হাজারের ওপরে বলে উল্লেখ করা হয়। এ সময় নন-ক্যাডার পদের জন্য বিবেচিত প্রার্থীদের একজনকেও বাদ দেওয়া হবে কি না, পিএসসি কিংবা কোনো গণমাধ্যমে তা বলা হয়নি।আমরা বুঝতে পারছি না, পরীক্ষায় চূড়ান্তভাবে পাস করার পরও শুধু সিদ্ধান্তসংক্রান্ত জটিলতার কারণে কেন আমরা চাকরি পাব না? এমনিতেই কোটার আধিক্যের কারণে সাধারণ চাকরি প্রার্থীদের চাকরিতে আসনসংখ্যা কম, আবার এক দশক ধরে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁস একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁস হলে তা সাধারণ পরীক্ষার্থীদের চাকরির পাওয়ার সম্ভাবনা অনেকাংশে নিঃশেষ করে দেয়। এ অবস্থায় একটি প্রথম শ্রেণীর চাকরি আমাদের জন্য অনেক পরিশ্রম ও সাধনার ফসল। শুধু সিদ্ধান্তসংক্রান্ত জটিলতার কারণে আমার মতো দেশের এই সহস্রাধিক সন্তানের জীবন অনিশ্চয়তায় ঝুলে থাকবে? দেশের সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করে দেশের সেবা করার সুযোগ দিন।এম এ আর দোলন।[email protected]ঢাবিতে ইন্টারনেট-সমস্যাঢাকা বিশ্ববিদ্যালয় দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে বিবেচিত হয়। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনায় ইন্টারনেটের প্রয়োজনীয়তা কতটুকু, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট-সমস্যা প্রকট। কার্জন হল এলাকার কয়েকটি হলে ইন্টারনেট থাকলেও সেটা না থাকারই শামিল। কিছুদিন পর পর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের মালিকানা পরিবর্তনের কারণে মাঝেমধ্যেই হলে দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট থাকে না। এ ছাড়া স্পিড-সমস্যা তো আছেই। কার্জন হল এলাকার হলগুলো ছাড়া আর কোনো হলেই ইন্টারনেট সংযোগ নেই। ফলে ছাত্রদের বাধ্য হয়ে বিভিন্ন মোবাইল কোম্পানির ব্যয়বহুল সংযোগ ব্যবহার করতে হয়; যা অধিকাংশ ছাত্রের জন্য শুধু ব্যয়বহুলই নয়, প্রত্যাশিত স্পিডও পাওয়া যায় না। আগের অভিজ্ঞতা থেকে দেখা যায়, এই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে তারসহ ইন্টারনেট সংযোগের চেয়ে তারবিহীন ইন্টারনেটের প্রয়োজনীয়তা ও সুবিধা দুই-ই বেশি। কেননা, রাজনৈতিক দলগুলোর সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ চাঁদা চাওয়ার পর না পেলে বাক্সবন্দী থাকা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের বিভিন্ন যন্ত্রপাতি (যেমন—হাব) বাক্স ভেঙে বিক্রি করে দেওয়ার। আর এসব সমস্যার কারণে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররাও আবাসিক হলগুলোতে ইন্টারনেট সংযোগ দিতে আগ্রহী নন। সুতরাং আবাসিক হলগুলোতে তারবিহীন ইন্টারনেটই সবচেয়ে উপযোগী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই বছর ধরে সারা বিশ্ববিদ্যালয়ে ওয়াই-ফাই-সুবিধা দেওয়ার কথা বলে এলেও সীমিত পরিসরে টিএসসি ছাড়া আর কোথাও ওয়াই-ফাই-সুবিধা দেওয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় ক্যাম্পাস তারবিহীন ইন্টারনেট-সুবিধার আওতায় আনা সময়সাপেক্ষ ব্যাপার, সে ব্যাপারেও কোনো সন্দেহ নেই। তবে এ কারণে কাজ একেবারে শুরু না করাটাও সমীচীন নয়। যেখানে ইন্টারনেট-সুবিধা এত প্রকট, সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন উন্নাসিকতা কখনোই কাম্য নয়। প্রতীক দাশশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।