চিঠিপত্র
জনবলসংকটসংবাদ প্রকাশিত হয়েছে, অ্যানথ্রাক্স-পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত জনবল নেই। প্রাণিসম্পদ অধিদপ্তর মাঠপর্যায়ে জনবলস্বল্পতার জন্য অ্যানথ্রাক্স-পরিস্থিতি সঠিকভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করতে পারছে না। আমরা দেখেছি, কোনো কারখানা অথবা দালানে যখন অগ্নিকাণ্ড ঘটে, তখনো শোনা যায়, দমকল বাহিনী জনবলের অভাবে যথাযথ ও সময়োচিত পদক্ষেপ নিতে পারেনি। ফলে কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে। ঢাকায় অনুমোদন ছাড়া ভবন নির্মাণ বন্ধ ও তদারকের জন্য রাজউকের পর্যাপ্ত জনবল নেই বলে দীর্ঘদিনের অভিযোগ। করযোগ্য আয়ের অধিকারী এমন বহু লোকই দেশে আছেন, কিন্তু তাঁরা কর দেন না। এতে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে। শোনা যায়, রাজস্ব বিভাগে জনবলস্বল্পতার কারণে এসব লোককে খুঁজে বের করে করের আওতায় আনা সম্ভব হচ্ছে না। এ দেশে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষকসহ বিভিন্ন পেশায়ও জনবলসংকট রয়েছে। ১৫ কোটি মানুষের এই দেশে একদিকে লাখ লাখ বেকার, অন্যদিকে সরকারের বিভিন্ন দপ্তর-অধিদপ্তরে জনবলসংকট—বিষয়টি দারুণ স্ববিরোধী। তাই জনবলসংকট ও বেকারত্ব নিরসনকল্পে এবং মানুষের মাঝে আধুনিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শূন্যপদগুলোতে লোক নিয়োগের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি।মো. আমজাদ হোসেন, বগুড়া।