চিঠিপত্র
জেএসসি পরীক্ষাসম্প্রতি প্রথম আলোর পড়াশোনা পাতায় প্রকাশিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার সময়সূচি ও জুনিয়র দাখিল পরীক্ষার সময়সূচি দেখে বিস্মিত হলাম। ঈদুল আজহার আগে অর্থাৎ ১৪ নভেম্বরের মধ্যে পরীক্ষা দুটি শেষ করতে হবে। মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষ মানানসই সময়সূচি প্রণয়ন করেছে। তাদের বিষয়ের সংখ্যা বেশি হলেও প্রতিদিন একটি বিষয়ের পরীক্ষা নির্ধারণ করা হয়েছে। কিন্তু জেএসসি পরীক্ষায় প্রথম দুই দিন প্রতিদিন দুটি বিষয়ের পরীক্ষা নির্ধারণ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। জেএসসি পরীক্ষার্থীরা গণিত ব্যতীত সব বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় অংশ নেবে। প্রতিদিন দুটি পরীক্ষায় অংশ নিতে প্রত্যেক পরীক্ষার্থীর পরীক্ষার হলে ছয় ঘণ্টা এবং যাতায়াত ও পরীক্ষার হলে প্রবেশ এবং ত্যাগ করতে আরও দুই ঘণ্টা অর্থাৎ মোট আট ঘণ্টা সময় অতিবাহিত হবে। এতে শিক্ষার্থীদের পরবর্তী পরীক্ষার প্রস্তুতি ও বিশ্রামে মারাত্মক ব্যাঘাত ঘটবে।পরীক্ষায় অসদুপায় ঠেকাতে ও ব্যাপকভিত্তিক পরীক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সর্বোপরি গ্রহণযোগ্য ও মানসম্মত পাবলিক পরীক্ষা অনুষ্ঠানে সরকারের সদিচ্ছার প্রতিফলনে শিক্ষা বোর্ডগুলোর এসএসসি পরীক্ষায় দৈনিক একটি বিষয়ের পরীক্ষা নেওয়ার দৃষ্টান্ত দীর্ঘদিনের। এ ছাড়া গত বছর অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দৈনিক দুটি পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও পাসের হার হ্রাস পাওয়ায় এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দৈনিক একটি বিষয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসের মধ্যে এসএসসি পরীক্ষা, গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র রমজান ও ঈদের ছুটি, দুর্গাপূজা এবং বিভিন্ন সাময়িক পরীক্ষার সময় বাদ দিলে আর মাত্র পাঁচ-ছয় মাস অবশিষ্ট থাকে। এত অল্প সময়ে শিক্ষার্থীদের সৃজনশীল পদ্ধতিতে পাবলিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ খুবই কঠিন ব্যাপার।এ অবস্থায় কোমলমতি ছাত্র-ছাত্রীদের মানসিক প্রশান্তি ও আনন্দঘন পরিবেশে প্রথম পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিতকল্পে পরীক্ষা এগিয়ে এনে ১ নভেম্বর থেকে দৈনিক একটি বিষয়ে অথবা জুনিয়র দাখিল পরীক্ষার মতো যথাসময়ে দৈনিক একটি বিষয়ে পরীক্ষা নেওয়ার লক্ষ্যে জেএসসি পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।মো. আবদুল অদুদসাতকানিয়া, চট্টগ্রাম।জলাবদ্ধতামৌলভীবাজার ও সিলেটের চারটি উপজেলায় হাকালুকি হাওরপারের বেশ কয়েকটি গ্রামে প্রায় ছয় মাসের জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে উঠেছে। মৌসুমি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের সঙ্গে মানবসৃষ্ট বাঁধ ও বিভিন্ন স্থাপনা এসব এলাকার দীর্ঘস্থায়ী বন্যার মূল কারণ। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় জুড়ী নদীর শাখার মোহনায় বুড়িকোয়ারি বিলের কাছে ২০০৪ সালে নির্মিত একটি দীর্ঘ বাঁধ এবং অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ইটভাটার কারণে বন্যার পানিনিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। অপরিকল্পিতভাবে নদীর গতিপথ রোধ করে এ বাঁধ নির্মাণের ফলে অল্প বৃষ্টিতেও পানি অনেক বেড়ে রাস্তাঘাটসহ কৃষিনির্ভর অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সেখানকার কয়েক হাজার কৃষক ও গবাদিপশুর খামারি কৃষির ওপর নির্ভর করে আর টিকে থাকতে পারছেন না। দীর্ঘস্থায়ী বন্যায় আউশ, আমন বা বোরো—কোনো ফসলই ঘরে তুলতে না পারায় প্রান্তিক কৃষকেরা নিঃস্ব হয়ে পড়েছেন। অন্য কোনো কাজও পাওয়া যায় না। চরম অভাবে খেয়ে না-খেয়ে দিন কাটাতে হচ্ছে তাঁদের। স্থানীয় লোকজন আরও বেশি দরিদ্র হয়ে পড়ছে। সরকার বলছে দারিদ্র্যমুক্ত দেশ গড়ার কথা, কিন্তু এসব মানুষের দারিদ্র্য বেড়ে যাওয়ার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।আসন্ন বোরো মৌসুমেও ওই এলাকার পানি নামবে না বলে আশঙ্কা করা হচ্ছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার বিষয়ে সব কৃষকই দিশেহারা ও অসহায়। দীর্ঘ সময় জলাবদ্ধতা কৃষিনির্ভর ওই এলাকার মানুষের জীবিকার পথ কেড়ে নিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য বাঁধ ও স্থাপনা সরানো দরকার। কৃষিমন্ত্রীর হস্তক্ষেপসহ পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অনতিবিলম্বে ওই এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।নিবাস দাসবড়লেখা, মৌলভীবাজার।সেশনজটনিজেকে বিকশিত করার প্রয়াসে একজন শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তাদের সে প্রয়াস হোঁচট খায় ভয়াবহ সেশনজটের কারণে। অনেককে বলতে শুনেছি, এখানে নাকি ১৮ মাসে বছর। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমাদের চার বছরের অনার্স শেষ করতে সাত বছর পার হচ্ছে। ফলে অযথা জীবন থেকে ঝরে যায় তিনটি বছর। যে পড়া চার বছরে শেষ করা যায়, সেটি সাত বছরে শেষ হওয়ায় জীবনে একধরনের স্থবিরতা আসে, যা অনেকের পক্ষে আর কখনো কাটিয়ে ওঠা সম্ভব হয় না। সেশনজট যে কীভাবে একজন মানুষের প্রাণশক্তি ক্ষয় করে ফেলে, একজন শিক্ষার্থীর জীবনে কতটা ভয়াবহ প্রভাব ফেলে, তার চরম অবস্থার একটি নজির হলো সেশনজটের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আত্মহত্যা। নিজের কথা না-হয় বাদই দিলাম, অসহায় বাবা-মায়ের কাছে সময় যেন আর শেষ হতে চায় না। এরপর আছে স্নাতকোত্তর পর্যায়। তাই ভয়াবহ সেশনজট থেকে শিক্ষার্থীদের মুক্ত করার জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাই। রাজীব হোসেন, ধানমন্ডি, ঢাকা।সচিবালয় স্থানান্তরঢাকা নগরের অন্যতম প্রধান সমস্যা যানজট। সম্প্রতি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে সচিবালয় স্থানান্তরিত হচ্ছে শেরেবাংলা নগরে। শেরেবাংলা নগর এলাকাটি এখনো মোটামুটি ছিমছাম পর্যায়ে আছে। এখানে সচিবালয় স্থানান্তর করা হলে শেরেবাংলা নগর এলাকাটি প্রচণ্ড যানজটের আওতায় আসবে এবং এতে ঢাকা শহরের সার্বিক যানজটের কোনো উন্নতি হবে না বলে আমার মনে হয়। বাংলাদেশ সচিবালয়, মতিঝিল বাণিজ্যিক এলাকা ও কোর্ট-কাচারি বা নিম্ন আদালতের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রাজধানী শহরের মোটামুটি একদিকে বা কাছাকাছি হওয়ার কারণে জনস্রোত একমুখী। আমার মনে হয়, সচিবালয় ও আদালতের (সুপ্রিম কোর্ট বাদে) স্থাপনাগুলো ঢাকার বাইরে সরিয়ে নেওয়া উচিত। এ ক্ষেত্রে একটি বড় প্রকল্প বাস্তবায়ন করতে হবে। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে আরও জানা যায়, পাকিস্তান আমলে মার্কিন স্থপতি লুই আই কানের নকশাকে ভিত্তি করে নির্মিত হবে নতুন সচিবালয়। ওই স্থপতির নকশার ভিত্তিতে সচিবালয়ের ভবনগুলো নির্মাণ করা যেতে পারে; কিন্তু ৫০-৬০ বছর আগের নির্বাচিত স্থান বর্তমান পরিস্থিতিতে গ্রহণ করা যায় কি না, তা ভেবে দেখার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ রইল।মো. মামুন আল রশিদপূর্ব শেওড়াপাড়া, ঢাকা।