চিঠিপত্র
মাদক গ্রহণপুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থান গেন্ডারিয়ার কাঠেরপুল ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে নেশাখোরদের উৎপাত চলছে। দিন দিন এর ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে। গেন্ডারিয়ার ডিস্টিলারি রোডে অবস্থিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসসংলগ্ন কাঠেরপুল এখন নেশাখোরদের দখলে। এই প্রতিষ্ঠানের কাজ মাদককে নিয়ন্ত্রণের কথা থাকলেও বাস্তবে এর নীরবতার সুযোগে মাদক গ্রহণকারীরা আরও বেশি উৎসাহিত হচ্ছে। প্রকাশ্যে মদ, গাঁজা, হেরোইন, নেশাজাতীয় ইনজেকশন, ফেনসিডিল বেচাকেনার মহোৎসব চলছে এককালের ঐতিহ্যবাহী গেন্ডারিয়া এলাকায়, যা দেখার কেউ নেই। গেন্ডারিয়া ও এর আশপাশ এলাকায় নেশাদ্রব্যের ব্যবহার রোধ করতে না পারলে এলাকার যুবসমাজ অচিরেই ধ্বংস হবে, তাতে কোনো সন্দেহ নেই। এ অবস্থায় গেন্ডারিয়াকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সাধন সরকার, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকাযাত্রীদের হয়রানিসিএনজিচালিত অটোরিকশা চালকেরা এখন আর ভাড়া আদায়ের ক্ষেত্রে কোনো নিয়মনীতির তোয়াক্কা করেন না। বহুদিন ধরেই চলছে এ অবস্থা। এসব যানের জন্য ভাড়ার হার নির্ধারিত থাকা সত্ত্বেও এখন এমন কোনো অটোরিকশা খুঁজে পাওয়া দুঃসাধ্য, যেটিতে মিটার কাজ করে অথবা মিটারে চলে। যাত্রীরা চালকের খেয়ালখুশির কাছে জিম্মি হয়ে পড়েছেন। যদিও বলা হয়েছিল, মিটারে ভাড়া না নিলে সংশ্লিষ্ট সিএনজির রুট পারমিট বাতিল করা হবে। কিন্তু কেউ কথা রাখেনি। যাত্রীরা অসহায়। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, কিছু একটা করুন। এ কিউ এম মাহফুজউল্লাউত্তর শাহজাহানপুর, ঢাকা।