চিঠিপত্র
বিসিএস প্রশ্নপত্রগত ৩০ জুলাই অনুষ্ঠিত ৩০তম বিসিএস বাছাই পরীক্ষার ‘খ’ সেটে ১০-১২টি প্রশ্নে ভুল এবং অসংলগ্নতা থাকার জন্য ৫০ হাজার পরীক্ষার্থী ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন। ৯ আগস্ট কিছু পরীক্ষার্থী রিট দাখিল করলে আদালত এই শর্তে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনকে (পিএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশের অনুমতি দিয়েছে যে উদ্ভূত সমস্যা সমাধানে পিএসসি কী ধরনের উদ্যোগ নেয় তা পর্যবেক্ষণ করে আদালত পরীক্ষা বাতিল করবে কি করবে না তার সিদ্ধান্ত দেবে। এরই পরিপ্রেক্ষিতে পত্রিকার মাধ্যমে জানা গেছে, (দ্য ডেইলি স্টার, ২৮ সেপ্টেম্বর) পিএসসি ১২টি ভুল প্রশ্ন বাদ দিয়ে ৮৮ নম্বরে পরীক্ষা মূল্যায়ন করবে। এরপর প্রত্যেকের নম্বরের সঙ্গে ১২ যোগ করে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করবে। ওই প্রতিবেদন থেকে আরও জানা গেছে, এরই মধ্যে তারা বিষয়টি আদালতকে জানানোর জন্য অ্যাটর্নি জেনারেলের অফিসকে জানিয়েছে।লক্ষণীয়, প্রশ্নপত্রের অধিকাংশ ভুলগুলো ছিল ‘খ’ সেটের প্রশ্নপত্রে। তাই সব সেটের পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরের সঙ্গে যদি ১২ যোগ করা হয়, তবে যাঁরা ত্রুটিপূর্ণ প্রশ্নের জন্য ক্ষতির সম্মুখীন হলেন, তাঁরা আলাদাভাবে কোনো প্রতিকার পাচ্ছে না। কেননা প্রত্যেকের নম্বরের সঙ্গে যদি সমানসংখ্যক নম্বর যোগ করা হয়, তবে তা যোগ করা বা না করা একই অর্থ বহন করে। ৩০ জুলাই অনুষ্ঠিত ওই পরীক্ষায় ‘খ’ সেটের প্রশ্নপত্রের ইংরেজি ২০টি প্রশ্নের ১০টিই অসংলগ্ন ছিল। অবশ্যই প্রশ্নগুলোর উদ্দেশ্য ছিল পরীক্ষার্থীদের ইংরেজি দক্ষতা যাচাই করা। এখন পিএসসি যদি ‘খ’ সেটের পরীক্ষার্থীদের প্রত্যেককে অসংলগ্ন ১০টি প্রশ্নের বিপরীতে ১০ নম্বর দিলেও ইংরেজিতে পরীক্ষার্থীদের দক্ষতা যাচাই করা সম্পূর্ণ হয় না। আবার যাঁরা ইংরেজিতে বেশি দক্ষ, আর যাঁরা কম দক্ষ, তাঁদের সবাই যদি ঢালাওভাবে একই নম্বর পান, তবে যে বেশি দক্ষ, তাঁর প্রতি এ পদ্ধতি নিরপেক্ষ হয় না।পত্রপত্রিকায় ৩০তম বিসিএস নিয়ে অনেক প্রতিবেদন প্রকাশিত হলেও একটি বিষয় সম্ভবত নজর এড়িয়ে গেছে। আর তা হচ্ছে প্রশ্নপত্রের ‘খ’ সেটের ইংরেজি প্রশ্নের নির্দেশনায় অসংলগ্নতা থাকার কারণে অনেক পরীক্ষার্থী এই অংশে অনেক বেশি সময় ব্যয় করেছেন। এর ফলে প্রশ্নের অন্যান্য অংশ সমাধানের জন্য তাঁরা সময় পেয়েছেন কম। ফলে ইংরেজি অংশের প্রশ্নের ত্রুটির জন্য ‘খ’ সেটের পরীক্ষার্থীদের সার্বিক পরীক্ষার ওপরই বিরূপ প্রভাব পড়েছে। ৬০ মিনিটে ১০০টি প্রশ্নের উত্তর দিতে হয়—এমন একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বিষয়টি অবশ্যই মনোযোগের দাবিদার।তাই পিএসসি এখন যদি ভুক্তভোগী সব পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরের সঙ্গে ভুল প্রশ্নগুলোর মোট নম্বর যোগও করে দেয়, তাহলেও তাঁদের ক্ষতির ন্যায়সংগত প্রতিকার হবে না। কেননা একটি অংশের প্রশ্নের ভুলের জন্য পরীক্ষার্থীদের সার্বিক পরীক্ষার ওপর যে নেতিবাচক প্রভাব পড়েছে, এর প্রতিকার কোনোভাবেই সম্ভব নয়। তাই গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষাটিকে সবার জন্য ন্যায়ভিত্তিক করার জন্য এটি বাতিল করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই পিএসসির উচিত, সময় অপচয় না করে এটি বাতিল করে আবার পরীক্ষা নেওয়া। অন্যথায় হাজার হাজার পরীক্ষার্থীর হূদয়ে লালিত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে পারে পিএসসির কিছু ব্যক্তির দায়িত্বহীনতার জন্য। সুমন, কাঁঠালবাগান, ঢাকা।সরকারি নিয়োগদেশে নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত অরাজক পরিস্থিতি বিরাজমান। এ সম্পর্কে দেশের সচেতন নাগরিকেরা উৎকণ্ঠিত। প্রশ্নপত্র ফাঁস, প্রশ্নপত্রে ভুল, বড় অঙ্কের অর্থের বিনিময়ে নিয়োগ এবং দলীয় কর্মীদের নিয়োগের ব্যবস্থা করা—এ সবই হলো বর্তমান সময়ে বাংলাদেশে নিয়োগ কার্যক্রমের চালচিত্র। সম্প্রতি যুক্ত হয়েছে ক্ষমতাসীনদের পছন্দমতো প্রার্থী নিয়োগ না দিলে হামলা ও লাঞ্ছনার মতো ঘটনা। একের পর এক বেশ কয়েকটি নিয়োগ পরীক্ষা বিভিন্ন কারণে বিতর্কিত হয়েছে। গত ৮ জুলাই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে জানানো হয় যে অতি দ্রুততম সময়ে পুনরায় পরীক্ষার তারিখ জানানো হবে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রতিকার করার ক্ষেত্রে যে দীর্ঘসুত্রীতা দেখা গেছে, তা অত্যন্ত হতাশাজনক। ৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকার কারণে ইতিমধ্যেই এ পরীক্ষা বাতিলের দাবি উঠেছে। এরপর সহকারী থানা শিক্ষা অফিসার নিয়োগের লিখিত পরীক্ষায় একটি কক্ষে উত্তরপত্রসহ প্রশ্নপত্র প্রদানের খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। সবশেষে দেখা গেল নিয়োগ পরীক্ষাকেন্দ্রে হামলা এবং পরীক্ষা স্থগিত। এ ধরনের ঘটনা এখন অহরহই ঘটছে। কিন্তু সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না। বরং তাঁদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। অথচ ওই বিষয়গুলো এ দেশের শিক্ষিত যুবসমাজের বেকারত্বকে দীর্ঘায়িত করছে, সুষ্ঠু প্রস্তুতিতে ব্যাঘাত সৃষ্টি করছে, হতাশা ও ক্ষোভ বৃদ্ধি ঘটাচ্ছে। সেই সঙ্গে পরিবার, সমাজ ও জাতীয় জীবনেও এর বিরূপ প্রভাব পড়ছে। তাই এ সমস্যা নিরসনে যথাযথ কর্তৃপক্ষকে আরও সুস্পষ্ট, বলিষ্ঠ ও জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ সমস্যা নিরসনে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে: অনিয়মের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তির আওতায় আনা, পিএসসির অধীন সরকারি যেকোনো বড় ধরনের নিয়োগ পরীক্ষার বিকল্প প্রশ্ন প্রস্তুত রাখা, দ্রুততম নয় বরং সুনির্দিষ্ট সময়ে (১৫ থেকে সর্বোচ্চ এক মাসের মধ্যে) পুনরায় পরীক্ষা গ্রহণ, নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে পরীক্ষাগুলো সর্বোচ্চ এক মাস ও লিখিত পরীক্ষার ক্ষেত্রে দেড় থেকে দুই মাসের মধ্যে ফল প্রকাশ। তা ছাড়া, এ পদক্ষেপগুলো বাস্তবায়নে প্রয়োজনে নিয়োগ-নীতিমালা সংশোধন কিংবা নতুন নীতিমালা প্রণয়ন এবং এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি। ওই সমস্যাগুলো নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর নির্ভর করছে এ দেশের শিক্ষিত যুবসমাজ, নামকাওয়াস্তে শিক্ষিত হয়ে দেশের বোঝা হবে নাকি সর্বোত্তম মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চাকরিক্ষেত্রে সর্বপ্রকার অনিয়ম দূরীকরণে কার্যকর ও জরুরি পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এস এম এনামুল, মিরপুর, ঢাকা।