চিঠিপত্র
নাতি দিয়ে কোটা পূরণ৩ অক্টোবর প্রথম আলোর শেষ পাতায় একটি খবর পড়ে আঁতকে উঠলাম। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেছেন, চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের ৩০ শতাংশ কোটায় যদি মুক্তিযোদ্ধার সন্তান পাওয়া না যায় তাহলে তাঁদের নাতি-নাতনিদের এই কোটায় চাকরি দেওয়া হবে।এ কথা অনস্বীকার্য যে, মহান মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে আজ আমরা এই স্বাধীনতা ও মুক্তি অর্জন করেছি। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং সাহসকে সম্মান জানিয়ে চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণে কেউ আপত্তি করেনি। মুক্তিযোদ্ধার সন্তানের জন্য কোটা সংরক্ষণ গ্রহণযোগ্য হলেও নাতি-নাতনিদের জন্য তা মেনে নেওয়া কঠিন। এ ধরনের কোনো কোটা তো অনন্তকাল ধরে চলতে পারে না। দীর্ঘ সময় ধরে এ ধারা অব্যাহত থাকলে রাষ্ট্র অনেক মেধাবী ও যোগ্য প্রার্থীদের সেবা থেকে বঞ্চিত হবে, যা প্রকারান্তরে ‘সোনার বাংলা’ গড়ে তোলার স্বপ্ন পূরণের পথে বাধা হিসেবে চিহ্নিত হওয়ার আশঙ্কা আছে।তা ছাড়া, যখন দেখি অনেক রাজাকার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে তাদের সন্তানের জন্য ব্যবহার করছে, তখন আতঙ্কিত না হয়ে উপায় থাকে না। তাদের সন্তানেরাও আজ কোটার কারণে মেধাবীদের পাশ কাটিয়ে চাকরি পাচ্ছে। এ জন্য সবার আগে দরকার সত্যিকারের মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করা।মো. আনিসুজ্জামানময়মনসিংহ।রেলক্রসিংয়ে মৃত্যুআবার ট্রেন-বাস সংঘর্ষ! আবার প্রাণহানি। এর যেন কোনো শেষ নেই। রেলক্রসিংয়ের ঝুঁকি এড়াতে সেগুলোতে একজন লাইনম্যান থাকবেন, সেটা সব ট্রেনচালক জানেন। লাইনম্যান ট্রেন আসার সময় প্রতিবন্ধক নামিয়ে অন্য যান চলাচল বন্ধ করার দায়িত্ব পালন করবেন। রেলক্রসিংয়ের কাছে সড়কযান ও পথচারীদের সাবধানতা অবলম্বনের কথা। কিন্তু আমরা কেউ নিয়ম মানার চেষ্টা করি না। আর এ কারণেই দুর্ঘটনাগুলো ঘটে। পাশাপাশি বাসচালকদের অসাবধানতা, যাত্রীদের মধ্যে আগে পৌঁছানোর তাড়না, বিভিন্ন বাক্যবাণে বাসচালকদের প্ররোচিত করা বা পথচারীদের অসাবধানতা এবং সবকিছু নিয়মমাফিক চলছে কি না, তা তদারকি করার দায়িত্ব যাদের, তাদের গাফিলতি—সবকিছু মিলিয়ে যেকোনো সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটার মতো পরিস্থিতি বিদ্যমান। অনেক দিন হলো রাজধানীর রেলক্রসিংগুলো সড়কযাত্রীদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। রেলক্রসিংয়ের সার্বিক সমন্বয়, উড়ালপথ নির্মাণ বা অন্য ব্যবস্থা গ্রহণ বা বিশেষ উপায়ে এর সমাধান করা যায়। যোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিজেদের ভূমিকার মূল্যায়ন করে অহেতুক জীবনহানি থেকে পথচারী ও যাত্রীদের রক্ষা করতে হবে।জাহেদুর রহমানবাগমারা, রাজশাহী।রেলওয়ের নিয়োগগত ২৭ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন পড়ে জানলাম, সামান্য এক আমলাতান্ত্রিক জটিলতায় বাংলাদেশ রেলওয়ের নিয়োগ থমকে আছে। রেলওয়ের বিভিন্ন পদের পরীক্ষা বহু আগেই সম্পন্ন হয়েছে। কর্তৃপক্ষ এখন কী সিদ্ধান্ত নেবে—তা ভেবে চাকরিপ্রার্থীরা শঙ্কিত। প্রশাসনিক ত্রুটি কিংবা হেয়ালিপনার দায় চাকরিপ্রার্থীদের ওপর চাপিয়ে দেওয়া চরম অন্যায়। শুধু পরীক্ষার্থী হিসেবে নয়, একজন দেশপ্রেমিক সচেতন নাগরিক হিসেবে কর্তৃপক্ষের কাছে নিবেদন জানাই, চাকরিপ্রার্থীদের অযথা ভোগান্তিতে ফেলবেন না। নিয়োগের পথে যে বাধাগুলো আছে, তা অবিলম্বে দূর করে চলমান সংকট উত্তরণের ব্যবস্থা করা হোক। নাজমুল হাসানমালিবাগ, ঢাকা।