চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা শহরের যানজটঅপরিকল্পিত নগরায়ণ এবং সুষ্ঠু গণপরিবহননীতির অভাবে যানজটের যন্ত্রণা এখন কেবল ঢাকা শহরেই নয়, অনেক জেলা শহরেও। গ্রাম ছেড়ে বিভিন্ন কারণে মানুষের শহরমুখী হওয়ার ফলে জেলা শহর ও শহরতলির আয়তন ও জনসংখ্যা গত দুই দশকে অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু শহরের অভ্যন্তরে প্রতিদিন যাতায়াতের জন্য অধিকাংশ মানুষ মূলত রিকশা, রিকশা ভ্যান প্রভৃতি অযান্ত্রিক যানবাহনের ওপর নির্ভরশীল। ঢাকা শহরে যানজট নিরসনে সম্প্রতি উড়ালপথসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চিন্তাভাবনা করা হলেও দেশের অন্য শহরগুলোর জন্য তেমন সুদূরপ্রসারী পরিকল্পনা দৃশ্যমান নয়। জেলা সদরের পৌর এলাকায় সাধারণ নাগরিকের স্বল্প ব্যয়ে চলাচলের সুবিধার জন্য কোনো কোনো জেলার পৌর কর্তৃপক্ষ এবং জনপ্রশাসন বিআরটিসি বাস অথবা বেসরকারি বাস দিয়ে ‘টাউন সার্ভিস’ চালুর উদ্যোগ নিলেও মূলত অযান্ত্রিক যানবাহন, মালিক-শ্রমিকদের বাধার কারণে এবং রাজনৈতিক বিবেচনায় তা কখনোই বাস্তবায়িত হয়নি। অথচ দু-তিন বছর ধরে ব্যাটারিচালিত তিন চাকার একধরনের যান্ত্রিক যান যা ‘ইজিবাইক’ নামে পরিচিত—জেলা শহরগুলোয় ভরে গেছে। তিনজন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন এ ধরনের স্বল্প গতির যান্ত্রিক যান ঢাকা শহরে বিধিনিষেধ থাকার কারণে কদাচিৎ দেখা গেলেও তা জেলা শহরগুলোতে ভরে গেছে।এমনিতেই বিপুলসংখ্যক অযান্ত্রিক যানের কারণে অনেক জেলা শহরে আগে থেকেই যানজট শুরু হয়েছিল। এর পরও হঠাৎ করে জেলার পরিবহনবহরে শত শত ‘ইজিবাইক’ যুক্ত হওয়ায় অনেক জেলা শহরের সড়কে পথচারীদের হেঁটে পথ চলাই দুঃসাধ্য হয়ে পড়েছে। এসব যানবাহনের বেশির ভাগই নিম্নমানের হওয়ায় এবং ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে অল্প দিনেই বিকল হয়ে নতুন নতুন সমস্যার সৃষ্টি করছে। গণপরিবহনের ক্ষেত্রে অবিলম্বে সুষ্ঠু নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নে ব্যর্থ হলে জেলা শহরগুলোতেও যানজট দিন দিন অসহনীয় পর্যায়ে পৌঁছাবে।শাহীদুল আযম, মিরপুর, ঢাকা।কপোতাক্ষ বাঁচানসতত হে নদ, তুমি পড় মোর মনে—কবিতার এ লাইনটি বইয়ের পাতায় দেখা মিললেও আর কয়েক দিন পর কপোতাক্ষের বাস্তব দেখা মেলা মুশকিল হয়ে পড়বে। সেই দিনের সেই নদে এখন হাটুরেদের পালতোলা নৌকা কিংবা জেলেদের মাছধরার নৌকা চোখে পড়ে না। পলি জমে নদটির সিংহভাগই ভরাট হয়ে গেছে। নিয়মিত জোয়ার-ভাটা নেই বলে স্রোতও নেই। তাই জোয়ারের সময় প্লাবিত হয় নদের দুই পাশের এলাকা। এখন সাগরদাঁড়ি থেকে কপিলমুনি পর্যন্ত কেবল হাঁটুসমান পানি দেখা যায়। তাই বর্ষা মৌসুমে সৃষ্ট জোয়ারে এখানকার জনপদের সমস্যার শেষ নেই। স্থানীয় বাসিন্দাদের মাঝেমধ্যেই বাড়ি ছেড়ে রাস্তার ওপর আশ্রয় নিতে হয়। কয়েক মাস আগে নদীখনন কর্মসূচির আওতায় এর খননকাজ শুরু হলেও বিভিন্ন প্রতিকূলতার কারণে তার কাজ শেষ হয়নি। নদটি রক্ষার জন্য এখনই জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তা না হলে কিছুদিন পর মাইকেলের কপোতাক্ষ নদের অস্তিত্ব পাওয়া দুরূহ হয়ে পড়বে। কপোতাক্ষ তীরের বাসিন্দা হিসেবে এ নদটিকে বাঁচানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতি দ্রুত পরিকল্পনা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।রাজীব হোসেনকপিলমুনি, খুলনা।