চিঠিপত্র
নিয়োগের দীর্ঘসূত্রতা২৮তম বিসিএসের নিয়োগ বিজ্ঞাপন জারি করা হয় ২০০৮ সালের ২২ জানুয়ারি। এরপর সেই বছরের ২৮ নভেম্বর প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর ফল প্রকাশিত হয় ২০০৯ সালের ১ ফেব্রুয়ারি। এর প্রায় চার মাস পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ফলাফল প্রকাশিত হয় সেই বছরের ২ সেপ্টেম্বর। মৌখিক পরীক্ষা শেষ হয় গত ডিসেম্বরে। দীর্ঘ অপেক্ষার পর গত ৩ জুন ২৮তম বিবিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। কিন্তু নিয়োগ দিতে আরও সময় লাগে। একটি বিসিএস পরীক্ষার নিয়োগ পেতে প্রায় তিন বছর লাগলে এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে?নিয়োগ-প্রক্রিয়া এত ধীরগতির রেখে ডিজিটাল বাংলাদেশ গড়া আদৌ কি সম্ভব? এই দীর্ঘসূত্রতার কারণে বিসিএসে উত্তীর্ণ ব্যক্তিরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। নিয়োগের ক্ষেত্রে অন্য কোনো দেশে এ ধরনের দীর্ঘসূত্রতা আছে কি না, জানা নেই। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সচেতন হওয়া দরকার।নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী।মুক্তিযোদ্ধা কোটাএ দেশের স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধাদের অবদান অতুলনীয়। তাঁরা এ দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন। অনেকেই মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে আছেন। তাঁরা সব সময় আমাদের শ্রদ্ধার পাত্র। বিগত কয়েকটি সরকার মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরির জন্য বিরাট অবদান রেখেছে। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলামের বক্তব্য শুনে অবাক হতে হলো। তিনি বলেছেন, যদি ৩০ শতাংশ মুক্তিযোদ্ধাদের সন্তান পাওয়া না যায়, তবে তাঁদের নাতি-নাতনিদের ওই কোটায় চাকরি দেওয়া হবে। এভাবে যদি মুক্তিযোদ্ধাদের প্রজন্মের পর প্রজন্ম ওই কোটায় চাকরি দেওয়া হয়, তাহলে কোটার বাইরে যাঁরা আছেন, তাঁদের চাকরির জায়গা কমে যাবে, তাঁদের মধ্যে হতাশা সৃষ্টি হবে। প্রত্যাশা করি, মুক্তিযোদ্ধা কোটায় চাকরি মুক্তিযোদ্ধার সন্তানদের পর্যন্তই সীমিত থাকবে।শেখ নূর মামুন, নেত্রকোনা।