চিঠিপত্র
বর্বরতাসকালে পত্রিকার পাতায় চোখ রাখলে বুকের ভেতরে বেদনা জমে ওঠে। স্বচিত্র, বড় বড় হরফে ছাপানো অগণিত হত্যা, লুণ্ঠন, টেন্ডারবাজি, এসিড নিক্ষেপ, সন্ত্রাসী ঘটনা ছাপানো হয় পত্রিকার বড় একটা অংশে। বাংলাদেশের বুকজুড়ে এ রকম নৃশংস, অনৈতিক, রোমহর্ষক ঘটনা ঘটানো সন্ত্রাসীদের রুটিনমাফিক কাজে পরিণত হয়েছে। এ ক্ষেত্রে সরকারদলীয় আশীর্বাদপুষ্ট তথাকথিত নেতারা অগ্রপথিক। পাঁচ বছর পরপর সরকার পরিবর্তন হলেও খুন, ভর্তি-বাণিজ্য, নিয়োগ-বাণিজ্য, টেন্ডারবাজি কমে না।আগে ভাড়াটে সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র দিয়ে মানুষ মারত, এখন দেখলাম সাংসদের আত্মরক্ষার্থে পাওয়া বৈধ অস্ত্র দিয়ে মানুষ মারা গেল। আগের রগ কেটে হত্যার বদলে এখন চারতলা থেকে ফেলে হত্যা করা হয়। আগে মেরে নদীতে ফেলত, এখন ম্যানহোলের ভেতর ফেলে। কালের বিবর্তনের সঙ্গে পরিবর্তন হয়েছে শুধু নাম আর হত্যার নিত্যনতুন কৌশল।প্রতিপক্ষকে ঠেকাতে দেশীয় অস্ত্রের মহড়া, শিক্ষাঙ্গনে ছাত্রলীগের বিশৃঙ্খলা, পাবনায় আওয়ামী লীগারদের রোষানলে স্থানীয় প্রশাসন অসহায়, প্রকাশ্যে দলীয় লোক নিয়োগের ঘোষণা ইত্যাদিসহ অসংখ্য অন্যায়, অবিচার, অমানবিক, সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছেন সরকারদলীয় নেতা-কর্মীরা। ৮ অক্টোবর নাটোরের উপজেলা চেয়ারম্যানকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে যুব ও ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে। প্রকাশ্যে এ রকম হত্যাকাণ্ড তো মধ্যযুগীয় নৃশংসতাকেও হার মানায়। দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে নির্বাচিত করার মধ্য দিয়ে বর্তমান সরকারের ওপর জনগণের যে বিশাল প্রত্যাশা তৈরি হয়েছিল, তা আজ দুরাশায় পরিণত হতে চলেছে দলীয় কর্মীদের অপকর্মের কারণে। দেশের মানুষের স্বার্থে, দলের স্বার্থে এখনই এ দিকে নজর দেওয়া উচিত।আরিফ দেওয়ান[email protected]জেএসসি পরীক্ষাদেশে প্রথমবারের মতো অষ্টম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীদের সৃজনশীল পদ্ধতিতে আগামী ৪ নভেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর প্রণীত শিক্ষানীতি বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু এ বছরের ফেব্রুয়ারি মাসে ঘোষণা দিয়ে নভেম্বরের শুরুতেই পরীক্ষা নেওয়া কোমলমতি শিক্ষার্থীদের জন্য কতটা যুক্তিসংগত, সেটা বোধহয় ভেবে দেখা দরকার। অভিভাবকেরা যথেষ্ট উদ্বিগ্ন। কারণ সৃজনশীল পদ্ধতির মতো নতুন পদ্ধতি শিক্ষার্থীরা এত অল্প সময়ে পুরোপুরি আত্মস্থ করতে হিমশিম খাচ্ছে। এখনো অনেক স্কুলে পুরো সিলেবাস শেষ হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আমাদের আবেদন, পরীক্ষার তারিখ পুনর্বিবেচনা করে প্রস্তুতির জন্য আরও কয়েক দিন সময় দেওয়া হোক।যে পরীক্ষাসূচি দেওয়া হয়েছে, তা মানবিক দিক থেকে একজন অষ্টম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীর জন্য বিবেচনা করা হয়নি বলে মনে হয়। বাংলা ও ইংরেজি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হওয়ার কথা বলে শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক দিক থেকে চাপের মধ্যে ফেলা হয়েছে। আবার কিছু পরীক্ষা বিকেল পাঁচটা পর্যন্ত নেওয়া হচ্ছে। নভেম্বর মাসে এর কিছুক্ষণ পরেই সূর্য অস্ত যায়। বিকেলের পরীক্ষা শেষে ঢাকা শহরের ট্রাফিক জ্যাম পার হয়ে শিক্ষার্থীদের বাসায় ফিরতেই অনেক রাত হয়ে যাবে। আর মফস্বলের শিক্ষার্থীদের জন্য পরীক্ষা শেষে দূরদূরান্তের বাড়িতে ফেরা আরও কষ্টকর। সুতরাং পরের দিনের পরীক্ষার প্রস্তুতি গ্রহণের সময় বা সুযোগ থাকবে না। এখনো প্রতিটি স্কুলে জেএসসি টেস্ট পরীক্ষা নেওয়া হচ্ছে, যা মধ্য নভেম্বর পর্যন্ত চলবে। টেস্ট পরীক্ষার মাত্র দুই সপ্তাহ পরেই তাড়াহুড়ো করে গুরুত্বপূর্ণ একটি পাবলিক পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।নাসরীন চৌধুরী, ঢাকা।