চিঠিপত্র
শাবাশ বাংলাদেশএক নতুন ইতিহাসের জন্ম দিল টাইগার বাহিনী। গত বৃহস্পতিবার ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। হয়তো দীর্ঘদিন ধরে ক্রিকেটারদের কাছে এই দিনটির প্রত্যাশা করে আসছিল জাতি। বারবার ব্যর্থতা ও জয়ের সম্মুখ থেকে ফিরে আসা যেন বাংলাদেশ দলের একটি চিরায়ত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। সেই কবে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই সিরিজে বাংলাদেশ হেরেছিল একটি ম্যাচে। কিন্তু বড় কোনো দলের সঙ্গে বাংলাদেশের এমন বড় সিরিজ জয় ছিল অনেকটা স্বপ্নের মতো। কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপ দিল বাংলাদেশের সাকিব ও তাঁর টাইগার বাহিনী। পাঁচ ম্যাচ সিরিজে টানা দুটি খেলায় জয় পাওয়ার পরও বাংলাদেশের লাখো দর্শক তাকিয়ে ছিল সাকিব আল হাসানের দিকে। স্বপ্ন তখন সিরিজ জয়ের। কিন্তু বরাবরের মতো এবার আর নিরাশ করেনি টাইগার বাহিনী। তারা ছিনিয়ে এনেছে জয়। গড়ে তুলেছে ইতিহাস। তাই অভিনন্দন সাকিব আল হাসান। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে। তাই আমরা আজ সমস্বরে উচ্চারণ করি, ‘বেশ বেশ বেশ, শাবাশ বাংলাদেশ....’। এ স্লোগান সামনে রেখে ‘আমরা এগিয়ে যাব সামনের দিকে এবং আমরা দেখিয়ে দিতে চাই, আমরাও পারি, আমরা শুধু হারতে জানি না, ছিনিয়ে আনতে পারি জয়।’শাবাশ বাংলাদেশ, শাবাশ সাকিব আল হাসান ও তাঁর দলকে। আলমগীর হোসেন রামগঞ্জ, লক্ষ্মীপুর।