চিঠিপত্র
ক্লিংকার ও ধুলাধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ অংশের পাশে চারটি সিমেন্ট কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহূত ক্লিংকার মানুষ ও নদীর জন্য বিপজ্জনক হয়ে দেখা দিয়েছে। সনাতন পদ্ধতিতে ক্রেনের মাধ্যমে কারখানার কাঁচামাল ক্লিংকার উত্তোলন করার সময় সিমেন্ট কারখানা ও এর আশপাশের এলাকায় ধূলিঝড় ওঠে। এতে পুরো এলাকা কুয়াশার মতো আচ্ছন্ন হয়ে পড়ে। এই ধুলা মানুষের চর্ম ও ফুসফুসের ক্ষতিসাধন করছে। এসব কারখানা গুণগত মান বজায় রেখে সিমেন্ট উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও পরিবেশের এবং মানুষের স্বাস্থ্যগত দিকে মনোযোগী নয়। এ সময় নদীতে চলাচলরত লঞ্চযাত্রীদের ক্ষতির শিকার হতে হচ্ছে। অল্প কিছু অর্থ বিনিয়োগ করলেই কারখানাগুলো এ সমস্যা দূর করতে পারে। অলিউর রহমানরিকাবীবাজার, মুন্সিগঞ্জ।ক্রিকেট ও পুলিশআমরা ক্রিকেটপ্রেমী দর্শক। ক্রিকেটের টানে সুন্দর-সুস্থ বিনোদনের জন্য মাঠে ছুটে যাই। সেখানে একটি সুন্দর-সুস্থ পরিবেশ থাকবে, এটাই স্বাভাবিকভাবে সবার কাম্য। সুস্থ, শৃঙ্খল পরিবেশ বজায় রাখার দায়িত্ব অনেকাংশেই মাঠে নিয়োজিত পুলিশের ওপর বর্তায়। সারা বিশ্বে যেখানে মাঠে পুলিশকে দেখা যায় দর্শকের দিকে মুখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কর্তব্য পালন করছে, সেখানে বাংলাদেশে দেখা যায় পুলিশও দর্শক হয়ে বেশ তৃপ্তি নিয়ে খেলা দেখছে। এমনকি এই খেলা দেখার জন্য দর্শকদের বিনিময় মূল্যের বরাদ্দকৃত আসন দখল করতেও তারা কুণ্ঠিত হয় না। এমন ঘটনা ঘটছে অহরহ। সামনেই বিশ্বকাপ। এ বিষয়ে যদি এখনই কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তবে পুলিশ দর্শক হয়ে খেলা দেখতেই থাকবে; যা টিভি ক্যামেরার আশীর্বাদে সারা বিশ্ব দেখবে। আর এতে দেশের ভাবমূর্তি বাড়বে না। জাহিদ হোসেন চৌধুরীশিবচর, মাদারীপুর।টেলিভিশনে শিশুপ্রথম আলোয় ১১ অক্টোবর প্রকাশিত টিভি চ্যানেলে শিশুদের প্রতিযোগিতা বিষয়ে গণমাধ্যমব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীরের লেখাটি অত্যন্ত সময়োপযোগী এবং অত্যন্ত প্রয়োজনীয় শিশুবান্ধব রচনা। টিভিতে শিশু প্রতিযোগিতার অনুষ্ঠান দেখি আর ভাবি, এ দেশে এসব নিয়ে ভাবার কি কেউ নেই? আরও দেখি, বড় বড় শিল্পী (বিচারক) শিশুদের মুখে এসব কথা ও গানকে যখন প্রশংসা করেন; এসব গান যে শিশুসুলভ নয়, তার জন্য মৃদু তিরস্কার বা আপত্তিটুকুও করেন না, তখন মনে মনে আহত হই।মুহাম্মদ জাহাঙ্গীরের মতো আমিও মনে করি, ‘অলরাউন্ডার’ বিষয়টিও শিশুদের জন্য আত্মঘাতী একটা ব্যাপার। একই সঙ্গে এতগুলো ক্ষেত্রে পারদর্শিতা লাভ করতে ওদের কতটুকু কষ্ট করতে হচ্ছে, তা ওই শিশু, তার বাবা-মা ও তার শিক্ষক নিশ্চয়ই টের পান। আমরা দর্শকেরা শুধু আনন্দটুকুই গ্রহণ করি। মনে মনে ভাবি, ওদের আত্মা হয়তো বলে—আমাদের উদ্ধার করো, রক্ষা করো; বিধাতা এদের হাত থেকে আমাদের মুক্তি দাও। না, ওরা দিব্যি হাসি মুখে কী নিখুঁত গান, অভিনয়, আবৃত্তি, চিত্রাঙ্কন, কৌতুক—একটার পর একটা করে যাচ্ছে, অবাক হয়ে দেখি। একই সঙ্গে আনন্দ ও কষ্ট দুটোই অনুভব করি।নীলুফার আমিন বনানী, ঢাকা।