চিঠিপত্র
হাইড্রোলিক হর্ন গত ৩০ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রকাশিত ‘হাইড্রোলিক হর্ন আমদানি নিষিদ্ধ হচ্ছে’ শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে এবং লেখাটি পড়ে বেশ আনন্দও পেয়েছি এ কারণে যে আমাদের দেশে একই সিদ্ধান্ত কতবার নেওয়া হয় এবং তা বাস্তবায়নের জন্য কতবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংস্থাকে চিঠি লেখার প্রস্তুতি নেওয়া হয়, তা দেখে।সংবাদে উল্লিখিত জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের জন্মলগ্ন থেকে বর্তমান সরকারের আগে সব সরকারের সময়ই এর সঙ্গে সদস্য হিসেবে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। প্রায় ৯-১০ বছর আগে একটি সভায় হাইড্রোলিক হর্নের বিষয়টি বিস্তারিতভাবে আলোচিত হয় এবং এটি আমদানি না করারও সিদ্ধান্ত গৃহীত হয়। অবশ্য তৎকালীন উচ্চপর্যায়ের একজন সরকারি কর্মকর্তা আপত্তি তুলেছিলেন এই বলে যে আমদানি নিষিদ্ধ করা ঠিক হবে না, কারণ তাতে নাকি আমদানিকারকদের ‘মৌলিক অধিকার’ বিঘ্নিত হবে। তিনি বলেছিলেন, আমদানি করা হোক, তবে আইনে নিষিদ্ধ থাকলে ব্যবহারকারীদের পুলিশ ধরবে এবং শাস্তি দেবে। কী অদ্ভুত যুক্তি!যা-ই হোক, এই হাইড্রোলিক হর্নের ব্যাপারে পত্রিকায় যেভাবে সংবাদটি ছাপা হয়েছে, অতীতেও ঠিক একইভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা প্রচার পেয়েছে। কিন্তু বাস্তবে কী হয়েছে, তার উত্তর আজকের এই সংবাদের মধ্যেই রয়েছে। দেরিতে হলেও পুনরায় সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে হাইড্রোলিক হর্ন আমদানি নিষিদ্ধ করার যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তাকে স্বাগত জানাই। নিশ্চয়ই আশা করব, এবার সিদ্ধান্তটি বাস্তবায়িত হবে এবং জনগণ বিশেষ করে দেশের অসংখ্য শিশু, শিক্ষার্থী, অসুস্থ ও বৃদ্ধ ব্যক্তিরা অতি উচ্চপর্যায়ের এই শব্দদূষণের হাত থেকে রক্ষা পাবে।ড. এম আনোয়ার হোসেনভাইস চ্যান্সেলর, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।[email protected]স্বজনদের কান্না-হাসিএপারে বাংলাদেশে প্রিয়জন হারানোর মাতম। আর সাত সাগর তেরো নদীর ওপারে চিলিতে স্বজন ফিরে পাওয়ার আনন্দ-আয়োজন। পৃথিবীর দুই প্রান্তের দুই দেশে প্রায় একই সময় দুটি ভিন্ন চিত্রে কেউ বুক ফাটিয়ে কাঁদছে, কেউ আনন্দের বন্যায় ভাসছে। চিলির খনিগর্ভে ৩৩ জন শ্রমিক আটকে পড়ার খবর পুরোনো, কিন্তু বেদনার। এর পরের দিনগুলো আতঙ্কের, শঙ্কার ভেতরে কাটলেও শ্রমিকদের উদ্ধারে চিলি সরকার, প্রশাসন, বিশেষজ্ঞ ও খনি কর্তৃপক্ষের দায়িত্বশীলতা, ঐক্যবদ্ধ ও সমন্বিত প্রচেষ্টা এবং প্রযুক্তির সময়োপযোগী প্রয়োগ ছিল আশাজাগানিয়া। অবশেষে দুঃসাহসিক, শ্বাসরুদ্ধকর অভিযানে সব শ্রমিক উদ্ধারের মধ্য দিয়ে সফল ঐতিহাসিক সমাপ্তি ঘটল। এতে স্বজনদের মধ্যে নেমে এল বাঁধভাঙা আনন্দ-জোয়ার, সেই আনন্দে পুরো চিলি ভাসল, কুড়িয়ে নিল বিশ্ববাসীর বাহবা। এই বিজয় চিলির মানুষের, সরকারের, সর্বোপরি মানবতার বিজয়।চিলিতে যখন মানবতার বিজয়কেতন উড়ছে, আমাদের দেশে তখন অসহায় মানুষের আর্তনাদে বিদীর্ণ আকাশ-বাতাস। মৃতপ্রায় তুরাগ নদের ক্ষীণকায় খালে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার করতে আমাদের কী বেহাল দশা।এর পরও আমাদের উদ্ধারকারী দলের অক্লান্ত পরিশ্রমকে ধন্যবাদ দিতেই হয়, তা না হলে তাদের কল্যাণে যে কটি লাশের সন্ধান পেলাম, তাও হয়তো তথাকথিত খরস্রোতা তুরাগের বানে কোথায় ভেসে যেত, তার হদিস মিলত না। এই যে এতগুলো তারা ঝরে গেল, এই ক্ষত, শূন্যতা পরিবারগুলো কী দিয়ে, কীভাবে সারিয়ে তুলবে? এর দায় কার? চালকের? না, শুধু চালকের নয়। আমাদের মৃত্যুকূপরূপ সড়কব্যবস্থা, শ্লথ-দুর্বল উদ্ধারকাজ, লোক উপকরণের অপ্রতুলতা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গা-ছাড়া ভাব, প্রশাসন, সরকার তথা রাষ্ট্রের নির্বিকার বোধহীন আচরণ এর জন্য সমভাবে দায়ী। আরিফ দেওয়ানশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।পল্লি অঞ্চলে চিকিৎসাইদানীং প্রায়ই চিকিৎসকদের পল্লি অঞ্চলে যেতে অনীহার কথা পত্রপত্রিকায় প্রকাশ হচ্ছে। সব চিকিৎসকের লক্ষ্য রাজধানী ঢাকাকেন্দ্রিক হওয়া, নয়তো বিভাগীয় শহর। পল্লি অঞ্চলে বদলি করা হলেও সঙ্গে সঙ্গে চিকিৎসকেরা আগের জায়গায় ফিরতে সরকারের উচ্চপর্যায়ে তদবির শুরু করেন।সরকার প্রতিটি জেলা সদরে একটি করে জেনারেল হাসপাতাল, প্রতিটি উপজেলায় একটি করে স্বাস্থ্য কমপ্লেক্স, প্রতিটি ইউনিয়নে একটি করে স্বাস্থ্য উপকেন্দ্র স্থাপন করা ছাড়াও বিপুলসংখ্যক কমিউনিটি ক্লিনিক চালু করেছে। বিভাগীয় শহর ও রাজধানীতে আরও কিছু বিশেষায়িত হাসপাতাল আছে। কিন্তু মেডিকেল কলেজ থেকে পাস করে চিকিৎসকেরা পল্লি অঞ্চলে যেতে চান না। দেশের স্বাস্থ্য খাতের করুণ দশার পেছনে চিকিৎসকদের এই মানসিকতা অনেকাংশে দায়ী। চিকিৎসা একটি মহান পেশা। দেশের মানুষের সেবা করে মহান হওয়ার নজির আমাদের অনেক আছে। মানবতার সেবা করা আর অর্থ উপার্জন এক কথা নয়। এটা চিকিৎসকদের বুঝতে হবে।জাহেদুর রহমান বাগমারা, রাজশাহী।স্বেচ্ছাচারিতাআমাদের দেশের মেধাবী শিক্ষার্থীদের একটি বড় অংশ সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হন চিকিৎসক হওয়ার আশায়। কিন্তু চার-পাঁচটি মেডিকেল কলেজ ছাড়া বাকিগুলোতে মোটামুটি শিক্ষকসংকট আছে। দুঃখের বিষয়, ঢাকা থেকে দূরবর্তী মেডিকেল কলেজগুলোতে শিক্ষকেরা থাকতে চান না। কেউ সপ্তাহে দুই দিন, কেউ বা আবার শুধু মাসের বেতনটা তুলতে আসেন। বাকিটা সময় তাঁরা ঢাকা বা এর আশপাশে প্রাইভেট প্র্যাকটিস নিয়ে ব্যস্ত থাকেন। এতে যেমন মেডিকেল শিক্ষার্থীরা ভালো মানের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি দেশও ভালো মানের চিকিৎসক থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।নাম প্রকাশে অনিচ্ছুক।