চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনাবিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনা নিয়ে যেসব পরিসংখ্যান হাজির করা হয় তাতে বেশির ভাগ দুর্ঘটনার পেছনে দেখা যায় অদক্ষ চালকই দায়ী। কিছুদিন আগের রাজধানীর অদূরে আমিনবাজারের মর্মান্তিক দুর্ঘটনার স্মৃতি এখনো অমলিন। তবে এসব দুর্ঘটনার পেছনে চালকদের দায় বেশি হলেও কিছুটা দায় নিশ্চয়ই ট্রাফিক পুলিশ প্রশাসনের ওপরও পড়ে। নিয়ম না মেনে অদক্ষ চালকেরা সামনের গাড়িকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনা ঘটে। আর এসব অদক্ষ চালকের দক্ষতার সনদ দেন দুর্নীতিগ্রস্ত কিছু প্রশাসনিক ব্যক্তি। ঢাকার রাস্তায় বিপুল পরিমাণ ভুয়া লাইসেন্সধারী চালক আছেন—এ কথা সবারই জানা। তার পরও কেন তাঁরা পার পেয়ে যাবেন। প্রশাসন জেনেও কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। অদক্ষ চালকের হাতে সাধারণ যাত্রীদের জীবন বিপন্ন হতে দেওয়ার দায় নিশ্চয়ই প্রশাসনেরই। অনেক সময় বলা হয়, ভুয়া লাইসেন্সধারী চালকের সংখ্যা এত বেশি যে তাদের গাড়ি চালাতে না দিলে রাজধানীর পরিবহনব্যবস্থা ধসে যাবে। কিন্তু আমার মনে হয়, শুরুতে কিছুটা সমস্যা হলেও অচিরেই সমস্যাটি আর থাকবে না। এ জন্য একটি সুষ্ঠু পরিকল্পনা করে এখনই কাজে নেমে পড়া দরকার। নাজমুন নাহার কেরানীগঞ্জ, ঢাকা।শিশুবান্ধব টিভিবাংলাদেশে শিশুরা সর্বত্র অবহেলিত, উপেক্ষিত এবং ক্ষেত্রবিশেষে নিগৃহীত। তাদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে অনুকূল পরিবেশ নেই। বিশেষ করে নগরজীবনে শিশুদের মানসিক উৎকর্ষ সাধনের ব্যবস্থা তো নেই-ই, উপরন্তু সামাজিক ও পারিবারিকভাবে শিশুদের নিগৃহীত ও নিপীড়নের শিকার হতে হয়।জাতিসংঘের সনদ অনুযায়ী শিশুশ্রম নিষিদ্ধ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ দেশের লাখো শিশুকে হাতুড়ি পেটানো, খোয়া ভাঙা, রিকশা চালানো, মুটেগিরি প্রভৃতি কঠোর পরিশ্রমের কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়। বাসাবাড়িতে ‘কাজের লোক’ বলে পরিচিত শিশুদের অমানবিক নির্যাতনের শিকার হতে হয়। শিশুদের করুণ চিত্র জাতীয় দৈনিকগুলোয় প্রাধান্য পেলেও তাদের মৌলিক অধিকার, অনন্য প্রতিভা ও সৃজনশীলতার বিষয় যথাযথ গুরুত্বসহকারে তুলে ধরার বিশেষ সুযোগ থাকে না। আর অনেকের কাছেই পত্রিকা পৌঁছাতে পারে না। কিন্তু এ ঘটনার ওপর নির্মিত প্রামাণ্যচিত্রটি যখন টিভি চ্যানেলে প্রচারিত হয় এবং অনুষ্ঠানটি আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়, তখন অনেক বেশি দেশবাসীর কাছে পৌঁছা সম্ভব হয়। এ ধরনের প্রচার-প্রচারণার ইতিবাচক দিক হলো, সেই দুঃসাহসী শিশুর কীর্তির কথা জেনে অনেকের মনে সৎকর্ম করার অনুপ্রেরণা ও সাহস সঞ্চারিত হয়েছিল।দেশে বর্তমানে সরকার-নিয়ন্ত্রিত টিভি চ্যানেল ছাড়াও ১১টি বেসরকারি চ্যানেল চালু রয়েছে। এসব চ্যানেলে শিশুতোষ অনুষ্ঠানাদি যে প্রচারিত হয় না, তা নয়। তবে তা নগণ্যই বলতে হবে। দু-একটি টিভি চ্যানেল অধিকারবঞ্চিত শিশুদের কথা তুলে ধরছে সপ্তাহে একবার, তাও আধা ঘণ্টা করে। তা ছাড়া প্রচারিত অনুষ্ঠানের মধ্যে শিশুদের নাচ-গান শেখানোসহ বিনোদনমূলক বিষয়েরই আধিক্য থাকে। শিশুদের প্রতি সমাজ, রাষ্ট্র ও পরিবারের ভূমিকা কতটুকু—এসব বিষয়ে আলোকপাত করে তেমন কোনো অনুষ্ঠান প্রচারিত হয় না। দেশের উল্লেখযোগ্য পত্রপত্রিকা পড়ে এবং টিভি অনুষ্ঠানগুলো দেখে মনে হয়, যা কিছু শিক্ষাদীক্ষা ও বিনোদন—সবই প্রয়োজন বড়দের জন্য, শিশুদের জন্য নয়।শিশুরা নির্মলচিত্তের অধিকারী। এদের মধ্যে লুকিয়ে আছে অসাধারণ প্রতিভা ও অমিত সম্ভাবনা। শিশুরা বড়দের আচরণে যেমন কাঁদতে পারে, তেমনি বিবেকতাড়িত হয়ে বড়দের বাঁচাতেও পারে। এমন শিশুপ্রতিভা তেমন বিরল নয়, যে শিশু সাহিত্যচর্চায় পটু, অঙ্কন ও শিল্পচর্চায় আত্মনিবেদিত এবং শিশুতোষ অনুষ্ঠানাদির পাণ্ডুলিপি রচনা ও নির্মাণে সিদ্ধহস্ত। এ ছাড়া রয়েছে শিশুদের মধ্যে নব নব সৃষ্টির উন্মাদনা। শিশুদের এসব সৃষ্টিশীল প্রতিভার বিকাশ সাধনে প্রয়োজন শিশুবান্ধব টিভি চ্যানেল, যেখানে শিশুদের প্রতিভা বিকাশ ও সার্বিক কল্যাণ সাধনই অগ্রাধিকার পাবে।আহমেদ দীপ্তঢাকা।