চিঠিপত্র
পাটের ব্যাগ ব্যবহারসরকার পণ্যের মোড়ক হিসেবে পাটের তৈরি ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করে একটি আইন করতে যাচ্ছে বলে খবর পাওয়া গেল। এই আইন কার্যকর হলে তরল, বায়ুনিরোধক পণ্য এবং বিশেষ ক্ষেত্র ছাড়া বেশির ভাগ শিল্পপণ্যের মোড়ক হিসেবে ৭৫ শতাংশ পাট আছে এমন উপাদান দিয়ে মোড়ক ব্যবহারের বিধান রাখা হবে।পরিবেশবান্ধব হিসেবে পাটের বহুবিধ ব্যবহার অবশ্যই আমাদের জন্য সুফল বয়ে আনবে। পাটের তৈরি পণ্য ‘দুর্লভ’ বলে এবং পলিথিনের ব্যাপক প্রচলনের কারণে মানুষ পাটের ব্যাগের ব্যবহার ভুলতে বসেছিল। সরকার পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার পর আমাদের দেশে পাটের তৈরি বিভিন্ন পণ্য আবার হারানো জনপ্রিয়তা ফিরে পায়। তবে এ কথাও ঠিক যে সব ক্ষেত্রে পাটের ব্যবহার সুবিধাজনক নয়। কারণ পৃথিবীব্যাপী স্বাস্থ্যসচেতনতা আজ প্রধান বিবেচ্য বিষয়। ডিজিটাল বিশ্বে আজ পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু দাবিই নয়, এক অত্যাবশ্যকীয় শর্ত। আমাদের দেশের প্রধান অর্থকরী ফসল পাট হলেও এর উৎপাদন, প্রক্রিয়াকরণ, পরিবহন, বাজারজাতকরণ কোনো পর্যায়েই স্বাস্থ্যনীতি মেনে চলা হয় না। প্রক্রিয়াকরণ পর্যায়ে কাঁচা পাটগাছ পানিতে পচিয়ে আঁশ ছাড়ানো হয়। তারপর পাটের আঁশ রোদে শুকানো হয় খোলা পরিবেশে। সেখানে ধুলা, ময়লা মিশে দূষিত হচ্ছে এই পাট। সবশেষে আঁটি বেঁধে ফেলে রাখা হয় উঠানে। এ ছাড়া যখন পাটজাতপণ্য খাদ্যদ্রব্যের মোড়ক হিসেবে ব্যবহার করা হবে, তখন পাটের আঁশ খুব সহজেই মিশে যাবে খাদ্যপণ্যে, যা থেকে সৃষ্টি হতে পারে নানা রকম রোগব্যাধির। বৃষ্টি বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে পাটের তৈরি ব্যাগ সহজেই ভিজে যাবে, যা থেকে সৃষ্টি হয় ব্যাকটেরিয়া ও ফাঙাস। পণ্যের আয়ুষ্কাল এ ক্ষেত্রে অনেক কমে যাবে। খরচও বেড়ে যাবে। তাই পাটের বহুবিধ ব্যবহার হতে হবে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় রেখে। খাদ্যপণ্যের প্রাথমিক মোড়কে পাটের ব্যবহার সঠিক হবে না, বরং মোড়কের দ্বিতীয় ও তৎপরবর্তী ক্ষেত্রে এর ব্যবহার করা যেতে পারে। সার্বিক দিক বিবেচনায় পাঁচ কেজি বা তদূর্ধ্ব ওজনের পণ্যে পাটের মোড়ক ব্যবহার যুক্তিযুক্ত হবে।পলিথিনের পরিবর্তে অবশ্যই পাটের ব্যাগ ব্যবহার করা উচিত। তবে তা হতে হবে স্বাস্থ্যসম্মত ও সতর্কতার সঙ্গে।হায়দার ওয়ালীউরপূর্ব কাফরুল, ঢাকা।প্রধানমন্ত্রীর প্রতি একটি মানবিক আবেদননগর-বন্দরের অবকাঠামো উন্নয়নের প্রয়োজনে বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করতে হয়। ব্যক্তিগতভাবে বহু মানুষ তাতে চরম ক্ষতিগ্রস্ত হয়। যতই বেদনাদায়ক হোক, রাষ্ট্রের ও জনগণের বৃহত্তর কল্যাণের স্বার্থে তা মেনে না নিয়ে উপায় নেই। সারা জীবনের সঞ্চয় শেষ করে, ধারদেনা করে, তিল তিল শ্রমে একটি পরিবার তার মাথা গোঁজার ঠাঁই নির্মাণ করে। তারপর যখন একদিন তাদের চোখের সামনে বুলডোজার সেই স্বপ্নের ঘরটি গুঁড়িয়ে দেয়, তখন যে বুকফাটা কান্না ওই পরিবারের মানুষদের—তা আমি দু-একবার নিজের চোখে দেখেছি। রাষ্ট্র একটা ক্ষতিপূরণ তাদের দেয়, কিন্তু ক্ষতির তুলনায় তা নগণ্য। কখনো কোনো পরিবার চিরকালের জন্য পথে বসে যায়। ২০০৭-এ গৃহীত বেগুনবাড়ি-হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে প্রায় পাঁচ হাজার ঘরবাড়ি উচ্ছেদ করতে হবে। হতভাগ্য বসতবাড়িগুলোর একটি প্রয়াত আবদুশ শহীদের। অবিভক্ত ভারতে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯৫০ সালে রাজশাহীর খাপড়া ওয়ার্ডে পাকিস্তান সরকার যাঁদের ওপর গুলি চালায় ও নির্মম অত্যাচার করে, আবদুশ শহীদ তাঁদের একজন। তার পর তিনি আর শারীরিকভাবে কখনো সুস্থ হননি, কিন্তু তাঁর আদর্শে ছিলেন অবিচল। আদর্শের কারণে তিনি তাঁর পরিবার-পরিজনের জন্য একটি সামান্য বাড়ি ছাড়া কিছুই রেখে যেতে পারেননি। ওই বাড়ির এক অংশ ভাড়া দিয়ে তাঁর স্ত্রী ও অসুস্থ পুত্র-কন্যাদের সংসার চলে। আগামী জানুয়ারি পর্যন্ত উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও সেই বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন সংস্থার লোকজন সেখানে উপস্থিত হয়েছেন। আদালত অবমাননার এর চেয়ে বড় দৃষ্টান্ত আর হতে পারে না। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বড় বড় দলের অবদান বিরাট, কিন্তু ওই সব বড় দলের নেতাদের ব্যক্তিগত ত্যাগ সামান্য। তাঁদের প্রাপ্তি বেশি। পাকিস্তানের আধা-ঔপনিবেশিক শাসনামলে ভাষা আন্দোলনসহ পূর্ববাংলার মানুষের স্বাধিকার আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত সব সংগ্রামে বাম দলের নেতা-কর্মীদের ভূমিকা অপরিমেয়। স্বাধীন দেশ তাঁদের প্রাপ্য দেয়নি। এবার আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকারে বহু বাম দল রয়েছে। সেই সময় কমরেড আবদুশ শহীদের পরিবারটি বাড়িঘর হারিয়ে যদি পথে বসে, তা হবে এক বড় রাজনৈতিক পরিহাস। চার কাঠার বাড়িটির সামনের দেড় কাঠার মতো যদি রাস্তার জন্য নেওয়াও হয়, তা হলে পরিবারটির মাথা গোঁজার ঠাঁইটুকু রক্ষা পায়। সেটা করা সম্ভব। আর যদি সরকার মনে করে পুরো বাড়িটিই ভেঙে ফেলতে হবে, তাহলে একজন স্বাধীনতাসংগ্রামীর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে নগরের অন্য কোথাও সমপরিমাণ জমি যেন দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা জানি। আবদুশ শহীদের পরিবারটির পুনর্বাসনে তাঁর সদয় হস্তক্ষেপ কামনা করি।সৈয়দ আবুল মকসুদ।