চিঠিপত্র
কলেজ নাকি পরীক্ষাকেন্দ্র?নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ—শিক্ষা ও সংস্কৃতির বিকাশে এক অনন্যসাধারণ বিদ্যাপীঠ। কিন্তু সুনাগরিক সৃষ্টির প্রত্যয়ে গড়ে ওঠা এ কলেজের অতীত ঐতিহ্য আজ হুমকির সম্মুখীন। ১৯৮৪ সালে বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি পাওয়া এ বিদ্যাপীঠটি ক্রমান্বয়ে হারিয়ে ফেলছে তার অর্জিত গৌরব। শ্রেণী কার্যক্রম আজ ব্যাপকভাবে বাধাগ্রস্ত। ফলে প্রকৃত নাগরিক সৃষ্টি সম্ভব হচ্ছে না। আর এর মূলে রয়েছে কলেজটিতে সারা বছর ধরে চলমান ডিগ্রি, অনার্স এবং মাস্টার্স পরীক্ষা। পার্শ্ববর্তী কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের ডিগ্রি, অনার্স এবং মাস্টার্স পরীক্ষা একের পর এক সারা বছর ধরে চলার কারণে এ কলেজের শ্রেণী কার্যক্রমের অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়ে গেছে যে এ কলেজটির নিজস্ব শ্রেণী কার্যক্রম চালাতে হয়। এসব পরীক্ষার অন্তর্বর্তীকালে যার সংখ্যা স্বাভাবিক, শ্রেণী কার্যদিবসের তুলনায় নিতান্তই কম। এ কলেজটিতে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের পরিবর্তে নারায়ণগঞ্জ সরকারি পরীক্ষা কেন্দ্র বললেও অত্যুক্তি করা হবে না। শ্রেণী কার্যক্রমের এ অবস্থার শিকার হয়ে ছাত্রীরা বাধ্য হয়ে বিভিন্ন ‘ভাইয়া’ দ্বারা পরিচালিত কেচিং সেন্টারের প্রতি ঝুঁকে পড়ছে, যার কারণে তাদের জ্ঞানের পরিধি সম্প্রসারিত হওয়ার পরিবর্তে সীমাবদ্ধ হয়ে পড়ছে। সাজেশননির্ভর এসব কোচিং সেন্টারে পড়ে তারা অনেকে হয়তো পাস করতে পারছে। কিন্তু এতে তারা উচ্চশিক্ষার পথে আটকে যাচ্ছে এবং দেশে অর্ধশিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সুশিক্ষালাভের ক্ষেত্রে যেহেতু শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করে ছাত্রীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা অপূরণীয় এবং একবিংশ শতাব্দীর নারীশিক্ষা বিস্তারে চরম হুমকিস্বরূপ।একদা যে কলেজটি জ্ঞান-গরিমা আর শিল্প-সংস্কৃতিতে ছিল উজ্জীবিত, আজ সেই কলেজটি ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া থেকে রক্ষা করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এ বেহাল অবস্থা থেকে উত্তরণের জন্য কলেজটিকে সারা বছর ধরে চলমান পার্শ্ববর্তী কলেজের পরীক্ষা কেন্দ্র নয় বরং এটি স্বতন্ত্র কলেজ হিসেবে পুনঃপ্রতিষ্ঠার দাবি আজ সব ছাত্রী, শিক্ষক-অভিভাবকের। আর এ জন্য নারায়ণগঞ্জে একটি স্বতন্ত্র পরীক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি মাত্র। সাবিকুন নাহার, দ্বাদশ শ্রেণী (বিজ্ঞান বিভাগ), নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, নারায়ণগঞ্জ।