চিঠিপত্র
উৎসে কর কর্তনবাংলাদেশ পোস্ট অফিস সেভিংস ব্যাংকে বিভিন্ন মেয়াদি সঞ্চয়ী আমানতের সরকারি বিধান চালু আছে। এগুলোর মধ্যে তিন বছর মেয়াদি স্থায়ী আমানত অন্যতম। এ প্রকল্পের আমানত তিন বছর পরপর স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী তিন বছরের জন্য নবায়ন হয়ে আসছিল। এটি একটি চক্রবৃদ্ধির হার সুদের প্রকল্প। অর্থাৎ, যে আমানত যে তারিখে জমা হতো, তার তিন বছর পর ওই আমানত সুদে-আসলে পরের তিন বছরের জন্য আসল হয়ে স্বয়ংক্রিয়ভাবে আবার জমা হতো। এভাবেই ২০১০ সালের ৩০ জুন পর্যন্ত ওই প্রকল্প কার্যকর ছিল। এ প্রকল্পের আওতায় স্বল্প আয়ের মানুষ সংসারের খরচ মেটানোর পর যদি কিছু সঞ্চয় করতে পারত, তাহলে তারা কিছু বিনিয়োগ করতে পারত। কারণ, এই সামান্য সঞ্চয় তারা অন্য ব্যবসায় বিনিয়োগ করতে পারত না। কিছুটা হলেও এ প্রকল্প ওই সব ক্ষুদ্র বিনিয়োগকারীর সহায়ক হয়েছিল।২০১০-১১ অর্থবছরে সরকারি আদেশে এ সঞ্চয়ী প্রকল্পে তিন বছর পর পর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন বন্ধ হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, এ প্রকল্প থেকে পাওয়া সুদের ওপর যে উৎসে কর ধরা হয়েছে, তা অনেক আগে জমাকৃত আমানতের তারিখ থেকে কার্যকর করা হয়েছে। এটি একটি অন্যায্য সিদ্ধান্ত। জুন মাসের মধ্যে যারা এই আমানত প্রকল্পের অর্থ উত্তোলন করেছে, তাদের কোনো উৎসে কর দিতে হলো না, অথচ জুলাই বা তার পরে ওই প্রকল্পের অর্থ যারা উত্তোলন করবে, তাদের কোনো অপরাধে বহু আগে জমা করা আমানতের তারিখ থেকে উৎসে কর দিতে হবে? কেন এই বৈষম্য?অর্থমন্ত্রীর কাছে আবেদন, ওই প্রকল্পে জুন ২০১০ বা তার আগে পাওয়া সুদের ওপর উৎসে কর কর্তন না করে ২০১০-এর জুলাই মাস থেকে পাওয়া সুদের ওপর উৎসে কর কর্তনের বিধানটি কার্যকর করার ব্যবস্থা নিন।মো. আবদুল্লাহ আনসারিঅধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়।পোশাকশিল্পে আগুন১৬ অক্টোবর প্রথম আলোয় লেখা এম এম আকাশের ‘পোশাকশিল্প খাতে ধিকিধিকি আগুন জ্বলছে’ লেখার সঙ্গে আরও কিছু যোগ করতে চাই। আমি একটি কারখানায় ১১ বছর প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত থেকে মালিকপক্ষের বিন্দু থেকে সিন্ধু হওয়ার সাক্ষী হয়ে আছি। এক কোটি টাকার কম পুঁজি বিনিয়োগ করে একটি কারখানা থেকে কয়েক বছরের মধ্যে একাধিক প্রতিষ্ঠানের মালিক হতে দেখেছি। কিন্তু তাঁরা অবলীলায় এমন মিথ্যা বলেন: প্রতিষ্ঠানে প্রতি মাসেই লোকসান হচ্ছে। কিন্তু কখনো শুনিনি কোনো গার্মেন্টস মালিক পৈতৃক সম্পদ বিক্রি করে তথাকথিত লোকসান পূরণ করেছেন। তাঁদের কেউ কেউ সন্তানের বিয়েতে কোটি টাকা ব্যয় করেন, কিন্তু শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতে গড়িমসি করেন।এই পোশাকশিল্পের মালিকেরা বাংলাদেশকে বিদেশের কাছে সস্তা শ্রমের দেশ বানিয়ে রেখেছেন। সস্তা শ্রমের সুযোগ নিয়ে শুধু নিজেদের সম্পদ বৃদ্ধি করেছেন। এই শিল্প-মালিকেরা বরাবরই তাঁদের শোষণ নীতিতে ক্ষমতাসীন সব সরকারের আনুকূল্য পান।তাই পোশাকশিল্পের আয়ে দেশের অর্থনীতি যতই চাঙা থাকুক না কেন, শোষক হয়ে অন্তত বেশি দিন টিকে থাকা যায় না।মুনীরকচুক্ষেত, ঢাকা।সমাপনী পরীক্ষার রুটিনপ্রথমবারের মতো দেশে এসএসসি পরীক্ষার আদলে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা। আগামী ৪ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী বাংলা ও ইংরেজি বিষয়ের দুটি পত্রের পরীক্ষা একই দিনে। পরীক্ষার্থীরা এতে অভ্যস্ত নয়। কারণ, দুই বেলা পরীক্ষা এদের নেওয়া হয়নি। তাই তারা মানসিক চাপের মধ্যে রয়েছে। পরীক্ষার্থীদের মানসিক প্রশান্তি এবং ভালো ফলাফলের জন্য একটি করে পরীক্ষা নেওয়া হোক এবং পরীক্ষার তারিখ পিছিয়ে ঈদের পরে করা হোক। আশা রাখি, শিক্ষামন্ত্রী ও শিক্ষা বোর্ডের কাছে আমাদের এ আবেদন বিবেচনা করা হবে।তৌফিক খান গ্রিন রোড, ফার্মগেট, ঢাকা।