চিঠিপত্র
জয় তারুণ্যেরবন্যা, খরার মতো প্রাকৃতিক দুর্যোগ কিংবা অ্যানথ্রাক্সের মতো অনাকাঙ্ক্ষিত আতঙ্ক, সেই সঙ্গে নিত্যদিনের সড়ক দুর্ঘটনা আর রাজনৈতিক অস্থিরতা—এসবকে সঙ্গী করেই বয়ে চলেছে বাংলাদেশের মানুষের জীবন। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ যখন চলছিল, তখনো এ দেশের মানুষকে সইতে হয়েছিল তুরাগ নদে অবলীলায় বহু প্রাণ হারিয়ে যাওয়ার বেদনা। সেই মাতম শেষ না হতেই সিরাজগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ল ছয়টি তাজা প্রাণ। অতঃপর কিছু দুর্বৃৃত্ত কর্তৃক ট্রেনে আগুন। নষ্ট হলো কোটি টাকার জাতীয় সম্পদ। আর এত সবের মাঝেও আমাদের আনন্দে ভাসিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।কোনো দুর্বল দল নয়, ক্রিকেট বিশ্বে অন্যতম শক্তিশালী দলকে আমাদের দল হোয়াইটওয়াশ করেছে—এ কথা ভাবতে গেলেই গর্বে বুকটা ভরে যায়।প্রথম আলোয় লেখা হয়েছিল, এ জয় তারুণ্যের। আসলেই তা-ই। আগামী দিনগুলোতেও বাংলাদেশকে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে তার তরুণ সন্তানেরাই। তরুণেরাই পারেন হোয়াইটওয়াশ করতে, তরুণেরাই পারেন এভারেস্ট জয় করতে, তরুণেরাই পারেন গণিত অলিম্পিয়াডে পদক জয় করতে। সময় এখন তারুণ্যের।মাহমুদুল হাসান, শিক্ষার্থী, বুয়েট।নারীর নিরাপত্তার বর্মগত ৩ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রকাশিত আবুল মোমেনের ‘ব্যক্তিত্বই নারীর নিরাপত্তার সেরা বর্ম’ এবং তার প্রতিক্রিয়ায় ২১ সেপ্টেম্বর ডালিয়া দাশের ‘নারীর নিরাপত্তার সেরা বর্ম কী?’ শিরোনামের লেখা দুটি পড়লাম। আবুল মোমেন নারীর নিরাপত্তার সেরা বর্ম হিসেবে ব্যক্তিত্বকে উল্লেখ করে এর পক্ষে এমন কিছু উদাহরণ টেনেছেন, যা শুধু ব্যতিক্রমই নয়, বিরলও বটে। এটি সমাজের স্বাভাবিক চিত্র নয়। ডালিয়া দাশ নারীর নিরাপত্তাহীনতার জন্য পুরুষতান্ত্রিক মানসিকতাকেই দায়ী করেছেন এবং এর প্রতিকারের মাধ্যমেই নারীর নিরাপত্তা নিশ্চিত হবে বলে উল্লেখ করেছেন। ডালিয়া দাশের এ মতকে শ্রদ্ধা জানিয়ে আমি নারীর নিরাপত্তাহীনতার জন্য আরও দু-একটি অতি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করতে চাই।আমরা আজ এমন এক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে রয়েছি, যার মূল উদ্দেশ্য মুনাফা এবং সবকিছুই এর কাছে পণ্য—নারীদেহ, এমনকি মানুষের স্বাভাবিক বোধ, ভালোবাসা সবকিছুই। আমাদের সংস্কৃতি মুনাফাসর্বস্ব অর্থনৈতিক ব্যবস্থার নির্মম শিকার। সিনেমা ও নাটকেও (কিছু ব্যতিক্রম ছাড়া) নারীকে যেভাবে উপস্থাপন করা হয়, তা নারীর জন্য অমর্যাদাকর। ভোগ্যপণ্যের বিজ্ঞাপনে রয়েছে নারীদেহের অপ্রয়োজনীয় ও বিকৃত (ব্যতিক্রম ছাড়া) ব্যবহার। নারীর শারীরিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে আয়োজন করা হয় ফ্যাশন শোর কিংবা সুন্দরী প্রতিযোগিতায় (প্রসাধন-ব্যবসা) নারী যেন দেহসর্বস্ব এক সত্তা! প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার ব্যক্তিগত সম্পত্তিজাত মানসিকতার দ্বারা প্রভাবিত পুরুষ নারীকেও তার ব্যক্তিগত সম্পত্তি মনে করে। নারীর স্বাধীনতা নির্ভর করে পুরুষের ইচ্ছার ওপর। পুরুষ নারীকে তার অধস্তন ভাবে আর পুরুষতন্ত্র দ্বারা আচ্ছাদিত নারীর মনও তা মেনে নেয়। ফলে পুরুষতন্ত্রকে অন্যায় মনে করা বা তাকে প্রতিহত করার চিন্তা সে করতে পারে না (ব্যতিক্রম ছাড়া)।পুরুষতন্ত্রের অকৃত্রিম বন্ধু হিসেবে সমাজে রয়েছে মোল্লাতন্ত্র, যা নারীকে শুধু শৃঙ্খলিতই করে না, তার ওপর চালায় অমানবিক নির্যাতন। ধর্ষণকারী পুরুষ, নির্যাতনকারী পুরুষ কম ক্ষেত্রেই শাস্তি পায়; কিন্তু ফতোয়ার বেড়াজালে পড়ে ধর্ষিত নারী আবারও ধর্ষিত হয়, নির্যাতিত নারী আবারও নির্যাতিত হয়। তার মর্যাদা ধুলায় লুটায়। নারী হয়ে ওঠে আরও নিরাপত্তাহীন।এসবের সঙ্গে প্রচণ্ড ব্যক্তিকেন্দ্রিক মানসিকতাও নারীর নিরাপত্তাহীনতার জন্য দায়ী। নিজের বোন বা কাছের কেউ উত্ত্যক্তকরণের বা অন্য কোনো নির্যাতনের শিকার হলে যে পুরুষের ক্রোধ জাগে, সেই আবার অনায়াসে অন্য কোনো মেয়েকে দ্বিধাহীনভাবে বিরক্ত করছে। প্রচণ্ড ব্যক্তিকেন্দ্রিক মানসিকতার জন্যই সে নিজের বোনের নিরাপত্তার জন্য মরিয়া হয়ে উঠছে; আর একটি সামষ্টিক মানসিকতার অভাবেই সে অন্যের বোনকে নির্দ্বিধায় নিরাপত্তাহীন করে তুলছে।মুনাফালোভী অর্থনৈতিক ব্যবস্থা, পুরুষতন্ত্র, মোল্লাতন্ত্র—সবই থাকবে আর ব্যক্তিত্বই নারীকে সেরা নিরাপত্তা দেবে—এমন ভাবনা কতটুকু যুক্তিসংগত? যে সমাজে এসব ব্যাধি টিকে থাকবে, সে সমাজে নারী আদৌ তার নিরাপত্তা পাবে কি?সবুজ দাসবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।