চিঠিপত্র
টিভি নাটকে বাংলা ভাষাআমাদের দেশে টেলিভিশনের দর্শকেরা একসময় বাংলাদেশ টেলিভিশনে সাপ্তাহিক নাটক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। কারণ সে সময় একটি নাটক কাহিনি ও সংলাপ উভয় ক্ষেত্রে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করত। এখন দেশে টিভি চ্যানেলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রতিটি চ্যানেলে নাটক প্রচার করা একটি দৈনন্দিন ব্যাপার। বর্তমানে বিভিন্ন চ্যানেলে দেশের বিভিন্ন অঞ্চলের কথ্য ভাষায় নির্মিত নাটকের ছড়াছড়ি। এখন প্রশ্ন হচ্ছে, এসব আঞ্চলিক ভাষায় নির্মিত নাটকের দর্শক কারা? এসব নাটক নিশ্চয়ই দেশের বিভিন্ন অঞ্চলের দর্শকদের জন্য বিশেষভাবে নির্মিত নয়। কারণ এ দেশে এক অঞ্চলের ভাষা যেমন—ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের ভাষা যশোর, বগুড়া ও রংপুর অঞ্চলের মানুষ বোঝে না। সারা দেশের মানুষের জন্য রয়েছে আমাদের রাষ্ট্রভাষা বাংলা, যা প্রমিত বাংলারূপে পরিচিত। অথচ দেশের বিভিন্ন চ্যানেলে প্রমিত বাংলার বদলে যেসব আঞ্চলিক ভাষা ব্যবহূত হচ্ছে, এসব নাটক দেখে দেশের কোমলমতি ছেলেমেয়েরা বাংলা ভাষার নামে কোন ভাষার দিকে আকৃষ্ট হবে? তথ্য মন্ত্রণালয়ের কাছে আমাদের আবেদন, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা রক্ষা করার স্বার্থে দেশের প্রচারমাধ্যমগুলোর জন্য অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। তা না হলে আঞ্চলিক ভাষার গ্রাম্য নাট্যকারদের দাপটে টিভি চ্যানেলের নাটকগুলোতে একসময় হারিয়ে যাবে আমাদের রাষ্ট্রভাষা প্রমিত বাংলার মাধুর্য। আবদুল কাইয়ূম ও সুফিয়া পারভীনউত্তর শাহজাহানপুর, ঢাকা। কালো ছায়া মুছে যাকএ বছর থেকে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় একাদশ-দ্বাদশ শ্রেণীর উচ্চমাধ্যমিক বাংলা সংকলন বইটিতে একটি নতুন সংযোজন করেছে। তা হচ্ছে ‘কালো ছায়া মুছে যাক’, খালেদ হোসাইনের এ লেখাটি থেকে আমরা প্রতিবন্ধীদের সম্পর্কে জানতে পারব। সেই সঙ্গে তাদের সঙ্গে কী ধরনের আচরণ করতে হবে, তা-ও সুস্পষ্টভাবে এতে বর্ণনা করা হয়েছে, যা বর্তমান প্রেক্ষাপটে খুব প্রয়োজনীয়। তবে এ ধরনের একটি সচেতনতামূলক লেখা অষ্টম কিংবা নবম-দশম শ্রেণীতেও পাঠ্য করা জরুরি। কারণ আমাদের দেশে অনেক ছেলেমেয়ে আছে, যারা স্কুল লেভেলের পড়াশোনা শেষ করে আর পড়ালেখা করে না। ফলে সমাজের এই মানুষগুলো সম্পর্কে তাদের আর জানা সম্ভব হয়ে ওঠে না। আমি আমার জীবনে এখন পর্যন্ত তিনটি দেশ ভ্রমণ করেছি, আমি জানি এবং খুব বিশ্বাস করি যে আমাদের দেশের মানুষ মানুষকে যেভাবে ভালোবাসে, তা আর কোথাও নেই। এই মানবতার জন্যই আমাদের দেশটা এত সুন্দর। সমাজের ওই মানুষগুলোকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই তারাও পারবে উঠে দাঁড়াতে। তাই কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, যেন একই ধরনের সচেতনতামূলক লেখা অষ্টম বা নবম-দশম শ্রেণীর বইয়েও যুক্ত করা হয়। হয়তো সেদিন আর বেশি দূরে নয়, আমরা দেখব একটি বদলে যাওয়া ‘বাংলাদেশ’।মো. মাসুম হোসেনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ।পরিবেশ বিপর্যয়১৫ কোটি মানুষের দেশে আমরা কেবলই দেখছি পরিবেশের ওপর ভয়াবহ অত্যাচার। এ দেশে রাস্তাঘাট, নদী-নালা, খাল-বিল, হাওর-বাঁওড়, ঝিল-হ্রদ সর্বত্র অরক্ষিত। পরিবেশ রক্ষার বালাই নেই। কোনো দায়িত্ব নেই। দায় নেই। শস্য আবাদে রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত ব্যবহার, শহরে বায়ুদূষণ, শব্দদূষণ, ময়লা-আবর্জনার ছড়াছড়ি মানবশরীরে মানবসৃষ্ট বিপর্যয় নেমে আসার অপেক্ষায় আগামী প্রজন্ম।সরকার আসে, সরকার যায়। পরিবেশ নিয়ে কেউ এখন আর পদক্ষেপ নেয় না, ভাবেও না। এ যেন নিজেদের ব্যাপার নয়। মঙ্গল গ্রহের প্রাণীদের ব্যাপার। একসময় আমরা দেখেছি, হোটেল-রেস্তোরাঁয়, মিল-কারখানায় ম্যাজিস্ট্রেটরা অভিযান চালিয়ে বেশ নাম কুড়িয়েছেন। সরকার পলিথিন শপিং ব্যাগ ও পরিবেশদূষণ রোধে ম্যাজিস্ট্রেটদের নামালে বেশ নাম সুনাম করতে পারবেন বলে মনে হচ্ছে। তা ছাড়া লাখ লাখ পথশিশু ও ছিন্নমূল পরিবারের কর্মসংস্থানও হতে পারে। সরকারের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা সুযোগ পেলে এসব নিয়ে ভাবতে পারেন।মাহমুদ নিয়াজীকালামিয়া বাজার, বাকলিয়া, চট্টগ্রাম।