চিঠিপত্র
দৃষ্টিপ্রতিবন্ধীর শিক্ষাআমি একজন দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্র। ২০০৫ সালে এসএসসি পাস করেছি এবং নিয়মিত ছাত্র হিসেবে ২০০৭ সালে ডিমলা শহীদ জিয়াউর রহমান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিই। কিন্তু সে বছর ৩১ ডিসেম্বর হঠাৎ ঘুম থেকে জেগে দেখি, আমার দৃষ্টিশক্তি নেই। পিতৃহারা অতিদরিদ্র অসহায় পরিবারের সন্তান হিসেবে চিকিৎসাব্যয় নির্বাহের জন্য আমার মাসহ প্রথম আলোর শরণাপন্ন হই। প্রথম আলোর নারীমঞ্চ পাতায় মাসহ আমার ছবি প্রকাশ করলে দেশ-বিদেশের অনেক সদাশয় ব্যক্তি সাহায্যে এগিয়ে আসেন। বস্তুত সেই অবলম্বনটুকু সঙ্গে নিয়ে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আশায় ভারতের শঙ্কর নেত্রালয় নামক চক্ষু হাসপাতালে ভর্তি হই। সেখানে আমার চোখের অস্ত্রোপচার হলেও দুর্ভাগ্যবশত আমি দৃষ্টিশক্তি ফিরে পাইনি। সে কারণে আমার শিক্ষাজীবন থেকে অন্ধত্ব নামক প্রতিবন্ধকতার কারণে দুটি বছর হারিয়ে যায়।এর পরও হতোদ্যম না হয়ে একজন অন্ধ ছাত্র হিসেবে লালমনিরহাট সরকারি মহাবিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক শ্রেণীতে ভর্তি হয়ে এ বছর আমি উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করি। আমার স্বপ্ন, আমি উচ্চতর লেখাপড়া করে জীবনে প্রতিষ্ঠিত হয়ে পরিবার ও দেশের জন্য ভূমিকা রাখব। কিন্তু চরম দুর্ভাগ্যের বিষয়, এবার জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তিতে ২০০৫ সালে অথবা এর আগে যারা এসএসসি পাস করেছে, তাঁদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। ফলে একজন দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্র হিসেবে আমার উচ্চতর লেখাপড়ার সব দুয়ার বন্ধ হয়ে গেছে।আমার প্রশ্ন, সরকার দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নানা ধরনের সুযোগসুবিধা ও অধিকার প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ হলেও অন্ধ বলে কি আমার শিক্ষার সুযোগ বন্ধ হয়ে যাবে? বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আমার আবেদন, দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রদের ক্ষেত্রে ২০০৫ সালের এসএসসি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিন। তা করা হলে, আমি নিরাশার অন্ধকার থেকে মুক্তি পাব, মুক্তি পাবে আমার মতো অন্যান্য দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী। সর্বোচ্চ মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করার জন্য বিষয়টি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ বরাবর উত্থাপন করছি।মো. জাকারিয়া হোসাইন দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রচাপানী, ডিমলা, নীলফামারী।শিক্ষক নিবন্ধন সনদবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য শিক্ষক নিবন্ধন আইন প্রশংসনীয়। সে লক্ষ্যে ২০০৪ সালে প্রথম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিবছর হাজার হাজার পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়ে নিবন্ধনের সনদ অর্জন করছেন। কিন্তু অতীব দুঃখের বিষয় হলো, জনবলকাঠামো, নারী কোটায় নতুন শাখার অনুমোদন না দেওয়াসহ নানা কারণে দেশের হাজার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদ শূন্য থাকা সত্ত্বেও শিক্ষক নিয়োগে স্থবিরতা বিরাজ করছে। ফলে নিবন্ধন সনদ পাওয়ার পরও বেশির ভাগ ব্যক্তিই শিক্ষক হিসেবে নিয়োগ পাননি। অন্যদিকে সনদের মেয়াদ পাঁচ বছর করায় ২০১১ সাল থেকে প্রতিবছর অনেকগুলো সনদের মেয়াদ শেষ হতে থাকবে। ফলে পুনরায় নিবন্ধিত হওয়ার জন্য বাড়তি টাকা ও সময় ব্যয় করতে হবে এবং যুবসমাজ হতাশায় নিমজ্জিত হবে। যারা এই সনদ অর্জন করবেন তাদের যোগ্যতায় পাঁচ বছরে বড় কোনো পরিবর্তন ঘটবে বলে মনে হয় না। তাই সনদের মেয়াদ পাঁচ বছরে সীমাবদ্ধ রাখার বিধান অযৌক্তিক বলে প্রতীয়মান হয়। সনদের মেয়াদের এমন সীমাবদ্ধতা অন্য কোথাও পরিলক্ষিত হয় না। পাঁচ বছর পর সনদ পাওয়া ব্যক্তিটি সনদের মেয়াদের কারণে অযোগ্য হবেন, তা ভাবা যায় না। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে নিবন্ধিত শিক্ষকদের নিয়োগ নিশ্চিতপূর্বক সনদের মেয়াদের সীমাবদ্ধতা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।মো. মাসুদুর রহমানসবুজবাগ, ঢাকা।