চিঠিপত্র
নৈতিক অবক্ষয়আমরা আধুনিক সভ্যতার সভ্য প্রাণী। আমাদের জ্ঞানবিজ্ঞানের ভান্ডার সমৃদ্ধ। বিজ্ঞানের আলোকে উদ্ভাসিত। পূর্বে যা ছিল কল্পনার বাইরে, এখন তা বাস্তব। কিন্তু এই অভূতপূর্ব অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের নৈতিক অবক্ষয় বেড়ে চলেছে। সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা, ছিনতাই-রাহাজানি, অপহরণ, জালিয়াতি, ধর্ষণ, প্রতারণা, মিথ্যা আশ্বাস নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। মানুষের সততা, সম্মান যেন তুচ্ছ। অপরাধীরা সানন্দে অপরাধ করে যাচ্ছে। সব অপরাধ দমনের আশু ব্যবস্থা নিতে হবে। প্রত্যেক অভিভাবক তাঁর সন্তানকে সুষ্ঠুভাবে লালন-পালন করুন, নৈতিক শিক্ষা দিন। অপরাধী যেই হোক তাকে আইনের হাতে সোপর্দ করুন। যেসব সুনাগরিকেরা স্বেচ্ছায় জনহিতকর কাজ করে থাকেন, তাঁদের সাধুবাদ জানাই। অপরাধ নির্মূলে আসুন আমরা সবাই আইনকে সহায়তা করি।রাহাত খন্দকার, জামালপুর।বখাটেদের উৎপাতবখাটেদের বেপরোয়াপনা দিন দিন বেড়েই চলেছে। মেয়েদের উত্যক্ত করার প্রতিবাদ করায় নাটোরের লোকমানপুরে এক কলেজশিক্ষক ও ফরিদপুরের মধুখালীতে এক মাকে জীবন দিতে হয়েছে। এই হত্যাকাণ্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, নারী উত্ত্যক্তকারী বখাটে সন্ত্রাসীদের উপদ্রব কী ভয়ংকর মাত্রায় বেড়ে চলেছে! উত্ত্যক্তকারী কী নৃশংস হত্যাকারী হয়ে উঠেছে!গ্রাম-বাংলাজুড়ে, শহর-রাজধানীর পাড়া-মহল্লায় বখাটে সন্ত্রাসীদের উৎপাত সইতে না পেরে অনেক মেয়ে আত্মহত্যা করেছে, এখনো করছে। কিন্তু কতজন বখাটের শাস্তি হয়েছে? দৃষ্টান্তমূলক শাস্তি হলে উত্ত্যক্তকারীদের দৌরাত্ম্য হয়তো এত বাড়ত না। মনে প্রশ্ন জাগে, বখাটেরা এত সাহস কোথায় পায়? খুন-হত্যা-অপহরণ, উত্ত্যক্ত করার মতো অঘটনগুলো চিরতরে নির্মূল করার জন্য প্রয়োজন প্রতিটি গ্রাম ও শহরের এলাকায় এলাকায় প্রতিরোধ গড়ে তোলা। পাশাপাশি পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে মেয়েদের উত্ত্যক্তকরণ বিষয়ে সচেতনতা ও সংবেদনশীলতা বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। বখাটেদের উৎপাত বন্ধে আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। মিজানুর রহমান ও চাঁপা রানী ভৌমিকের হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন আর কেউ মেয়েদের উত্ত্যক্ত করার সাহস না পায়।সাধন সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।