চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্যাণমূলক রাষ্ট্র‘দিনো দিনো সোত্তুরডা বছর পার কইরাল্লাম, সব মুশকিল আসান কইরছে আল্লাপাক কিন্তু সংসারের ঘানিডা ঠিকই টাইনতে আছি। মরোন ছাড়া এই ঘানি টানা শ্যাষ অইতো নো। পাইলে খাই, না পাইলে না খাইয়্যা থাই। দিন শ্যাষ, মওলার ডাকের মিল চাইয়া রইছি।’ কথাগুলো ভোলার মনপুরার ৭০ বছরের বৃদ্ধ আবদুল বারেক মাঝির।সাগরের উথালপাথাল ঢেউ আর জলদস্যুদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে গাজী হয়েছেন আবদুল বারেক মাঝি। কিন্তু দারিদ্র্যের কশাঘাত থেকে বাঁচতে পারলেন কই? গত ৬ অক্টোবর প্রথম আলোর খোলা কলম বিভাগে প্রকাশিত আবদুল বারেক মাঝির জীবনকাহিনি আমাদের বিবেককে বড় প্রশ্নবিদ্ধ করে। আসলে আমরা এসব তৃণমূল মানুষের জন্য কী করছি? আমাদের জীবন কীভাবে মাসে ৩০০ টাকায় চলে, তা কি আমরা একবারও ভেবে দেখেছি? আবদুল বারেক মাঝির মতো লাখো বারেক মাঝি আছেন আমাদের দেশে, যাঁরা হয়তো দিনে এক বেলাই খেতে পান না। খেয়ে না-খেয়ে মৃত্যুর প্রহর গুনছেন—মৃত্যু এসে কবে তাঁকে এই দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি দেবে। এটা যে কতটা নির্মম, মর্মান্তিক আর বেদনাদায়ক ভাবনা, তা কি সুরম্য অট্টালিকায় বসে আমাদের মহান শাসকেরা বুঝতে পারছেন? তাঁরা কি জানেন না, এসব তৃণমূল অসহায় মানুষের প্রতি একটি কল্যাণমূলক রাষ্ট্রের ভূমিকা কী হওয়া উচিত? আমি মানছি বাংলাদেশের অর্থনীতির বাস্তবতার কথা। কিন্তু রাষ্ট্রের যে পরিমাণ অর্থ অপচয় হয় সরকারদলীয় নেতা-কর্মীদের লুটপাটে, অপ্রয়োজনীয় প্রকল্পে, তা একটি বিশাল অঙ্কের টাকা। আর এসব টাকা বাঁচিয়েই দেশের তৃণমূল পর্যায়ে পর্যায়ক্রমে পরিকল্পিতভাবে বৃদ্ধাশ্রম গড়ে তোলা সম্ভব, যাতে ঠাঁই পাবেন এসব তৃণমূল দরিদ্র মানুষ। মন্ত্রী-সাংসদ ও তাঁদের পরিবারগুলো ব্যবহার করছে বিলাসবহুল গাড়ি, বাড়ি আর অপচয় করছে সরকারের বিশাল অঙ্কের অর্থ। শিগগিরই এই বিশাল ব্যয় সংকোচন করা প্রয়োজন এসব অনাহারী মানুষের কথা ভেবেই। খড়কুটো, টিনের টুকরো, ছেঁড়া পলিথিন দিয়ে কোনো রকমে ছাওয়া জীর্ণ কুটিরে, খড়ের গাদার মধ্যে এসব মানুষ কীভাবে স্যাঁতসেঁতে মাটিতে দিন যাপন করছেন, তা কি একবারও ভেবে দেখেছেন রাষ্ট্রের শাসনকর্তারা? আশা করি, সরকার তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আরও সজাগ হবে এবং এসব প্রান্তিক মানুষের ঠাঁই মিলবে কোনো সরকারি আশ্রমে এবং খেতে পারবেন দুবেলা-দুমুঠো ভাত। শেষে ঝড় আর জোয়ারের মধ্যেও আবদুল বারেক মাঝির জন্য শুভকামনা রইল।সোহেল রানাশিক্ষার্থী, কুড়িগ্রাম সরকারি কলেজ।